Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয়

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

জাহিদ হাসান

জাহিদ হাসান

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

Advertisement

উন্নত প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী খরচের পাশাপাশি ট্র্যাডিশনাল চীনা চিকিৎসার সমন্বয় বাংলাদেশ-চীন স্বাস্থ্যসেবা সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। একসময় অনেক বাংলাদেশি রোগীর প্রধান গন্তব্য ছিল ভারত; আবার অনেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যেতেন। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্রে পরিবর্তন এসেছে। জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিরা চীনের হাসপাতালগুলোর প্রতি ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে ক্যানসার, রক্তের ব্যাধি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (অস্থিমজ্জা সংযোজন) এবং জটিল অস্ত্রোপচারের জন্য চীন একটি নতুন বিকল্প হিসাবে উঠছে।

চীনের বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, উন্নত চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ বিশেষজ্ঞ, গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবা এবং আধুনিক ও ঐতিহ্যবাহী চিকিৎসার সমন্বয়ই এই আগ্রহের মূল কারণ। বিভিন্ন হাসপাতালে বিদেশি রোগীদের জন্য বিশেষায়িত মেডিকেল সেন্টার, দোভাষী, ভিসা সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী যোগাযোগের সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সাম্প্রতিক পারস্পরিক সহযোগিতাও এতে ভূমিকা রাখছে। এই উদ্যোগের অংশ হিসাবে চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালের নানশা ক্যাম্পাস সম্প্রতি পরিদর্শন করেছে বাাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের একটি দল।

সফররতদের সামনে হাসপাতালটির পুনর্বাসন ও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) বিভাগ দুটি বিশেষভাবে তুলে ধরা হয়। তাছাড়া অস্ত্রোপচার-পরবর্তী সুস্থতা ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল দেখানো হয়। ট্র্যাডিশনাল চায়নিজ মেডিসিন বিভাগে আকুপাঞ্চারসহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বাংলাদেশি রোগীরা পাচ্ছেন সর্বোচ্চ সহযোগিতা : রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আবদুল্লাহ হাসান আসিফের স্ত্রী রেহনুমা তারান্নুম স্নিগ্ধা ২০২৫ সালের অক্টোবরে মাল্টিপল মায়লোমায় আক্রান্ত হন। আসিফ প্রথমে ভারতে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভিসা জটিলতার কারণে সম্ভব হয়নি। পরে তিনি চীনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করেন এবং পরে স্ত্রীকে গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালে নিয়ে যান। তিনি যুগান্তরকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।

বাংলাদেশের আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতা ব্যবস্থাপক মামুন আল নাঈম শাওন যুগান্তরকে বলেন, বাংলাদেশি রোগীদের জন্য চীনের বিভিন্ন হাসপাতাল আন্তর্জাতিক চিকিৎসাসেবা সম্প্রসারণ করছে। কিছু হাসপাতাল ভ্রমণের আগেই অনলাইনে রোগীর মেডিকেল রেকর্ড পর্যালোচনা করে প্রাথমিক পরামর্শ দিচ্ছে। দ্রুত অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী এবং প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত নথিপত্র প্রস্তুতির ক্ষেত্রেও সহায়তা দেওয়া হয়।

গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ডিরেক্টর হি লাংবিং সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তিনি যুগান্তরকে জানান, এ পর্যন্ত বাংলাদেশসহ ১০৩টি দেশের রোগীরা তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রতিমাসে গড়ে অন্তত ৩০ বাংলাদেশি চিকিৎসার জন্য তাদের হাসপাতালে যান। তিনি দাবি করেন, রোগীদের কেউ কেউ ক্যানসারমুক্ত হয়েছেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ মনে করেন, চীনের হাসপাতালগুলোর পূর্ণ সুবিধা পেতে স্বচ্ছ তথ্য, যুক্তিসংগত চিকিৎসা খরচ এবং সবার আগে রোগীর স্বার্থকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।

আধুনিক চিকিৎসা সক্ষমতা : ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতাল ১২৭ বছর ধরে স্বাস্থ্যসেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির দ্বিতীয় অ্যাফিলিয়েটেড হাসপাতাল হিসাবে পরিচিত। প্রতিষ্ঠানটির হেমাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, জেরিয়াট্রিক্স এবং ইউরোলজিতে জাতীয় পর্যায়ের বিশেষায়িত সক্ষমতা রয়েছে। পাশাপাশি ২১টি প্রাদেশিক পর্যায়ের বিশেষায়িত বিভাগ রয়েছে।

হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর রেবেকা (চেংজুয়ান ঝাং) যুগান্তরকে বলেন, ‘এই হাসপাতালের আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্রটি বিদেশি রোগীদের জন্য বিশেষায়িত সেবা দিয়ে থাকে। নানশা ক্যাম্পাসে পিইটি-সিটি এবং ৩-টেসলা এমআরআইর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত স্বাস্থ্য নির্ণয় অবকাঠামো রয়েছে। হেমাটোলজি বিভাগে অ্যাপ্লস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, লিম্ফোমা এবং মাল্টিপল মায়লোমার মতো জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি হেমাটোপয়েটিক স্টেম সেল ট্র্যান্সপ্ল্যান্টেশন করা হয়।

নানশা হাসপাতালের হেমাটোলজি বিভাগের পরিচালক ইউপিং ঝাং যুগান্তরকে জানান, অ্যাপ্লস্টিক অ্যানিমিয়ার চিকিৎসার জন্য প্রতিবছর প্রায় ১৫০টি স্টেম সেল ট্র্যান্সপ্ল্যান্ট করা হয়, রোগীর বেঁচে থাকার হার প্রায় ৯০ শতাংশ।

হংকংয়ে স্বাস্থ্য প্রযুক্তিতে নতুন সম্ভাবনা : হংকংয়ের স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ‘লাইভ-ফর-ওয়েল’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এখানে রয়েছে এআই স্বাস্থ্য স্ক্রিনিং ডিভাইস এবং নিজস্ব স্বাস্থ্যকেন্দ্রিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কার্যক্রম। হেলথ রিস্ক অ্যানালাইসিস, স্মার্ট স্ক্রিনিং এবং ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারে চিকিৎসা দেওয়া হয়। প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওয়াং জানান, নতুন কোনো বাজারে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের আগে স্থানীয় আয়ের স্তর, চাহিদা এবং বাস্তব স্বাস্থ্যসেবার পরিস্থিতি বোঝা অপরিহার্য। তার আশা, বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরি করবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম