Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

সাইফ আহমাদ

সাইফ আহমাদ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

Advertisement

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বেবিচকের বোর্ড সভায় এসব শর্ত বিশদ পর্যালোচনার পর প্রাথমিক অনুমোদন হতে পারে। পরবর্তী অনুমোদনের জন্য সভার সিদ্ধান্ত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া জাপানি কনসোর্টিয়ামের দেওয়া বেশ কিছু শর্ত নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সমালোচনা গড়ায় সংসদীয় কমিটির বৈঠকেও। বিশেষ করে টার্মিনালের পরিচালনা, রাজস্ব ভাগাভাগি এবং চুক্তির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি ওঠে। এ অবস্থায় বেবিচকের বোর্ড সভায় স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

বেবিচকের একজন সদস্য যুগান্তরকে বলেন, আমাদের মূল লক্ষ্য ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক পরিচালনা কার্যক্রম চালু করা। সেই লক্ষ্যেই কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের শর্তগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

অন্যদিকে, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার আলোচনা থাকলেও ১৬ ডিসেম্বর থেকে এ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

সূত্রমতে, ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) সীমিত পরিসরে চালু হচ্ছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এটি পরিচালনায় অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) চুক্তি চূড়ান্ত করার শেষ পর্যায়ে পৌঁছেছে বেবিচক। বেবিচকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আজকের বোর্ড সভায় চূড়ান্ত হবে চুক্তির শর্তাবলি। এর আগে জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্ত নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা হয়। বিশেষ করে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করা ও থার্ড টার্মিনাল অপারেশন শুরু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল বন্ধ করার মতো কঠিন শর্ত। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও চুক্তির বিভিন্ন অসংগতি নিয়ে সমালোচনা করা হয়। বৈঠকে সংসদীয় কমিটির একজন সদস্য বেবিচক চেয়ারম্যানের কাছে জানতে চান জাপানি কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে গিয়ে প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে হলে সেগুলোর কী হবে? সরকার সেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এসব অবকাঠামো ও সক্ষমতা কি তাহলে অব্যবহৃত পড়ে থাকবে-এমন প্রশ্নও তোলেন তিনি।

চুক্তির শর্ত অনুযায়ী, থার্ড টার্মিনাল অপারেশন শুরু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা যাবে না। অথচ বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরে একই সঙ্গে একাধিক অপারেটর ও পাশাপাশি টার্মিনাল পরিচালনার নজির রয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অপারেটররা আলাদা টার্মিনাল সফলভাবে পরিচালনা করছে। সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত টার্মিনাল-১ ও ২ অব্যবহৃত ফেলে রাখার এমন শর্ত বিশ্বে নজিরবিহীন। চুক্তির কাঠামোগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) উত্তরণের অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩.৫ শতাংশের বিশেষ ছাড় ও হিসাবনিকাশের শর্ত মেনে নেয় সরকার। এছাড়াও জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ বিমানের এয়ারলাইন্স কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদাতা-এই দুই পরিচয়ের ওপর ভিন্নভাবে মাশুল ও অর্থ পরিশোধের শর্ত জুড়ে দেয়।

গ্রাউন্ড হ্যান্ডলিং দেবে বিমান

১৬ ডিসেম্বর থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানের জন্য বেবিচকের নিকট লাইসেন্স নবায়ন ও অন্তর্ভুক্তি চেয়ে আবেদন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ত্বরিত গতিতে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সে থার্ড টার্মিনাল যুক্ত করার কথা জানানো হয়। ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এই আবেদন জানান। এর আগে গত মাসে বেবিচকের কাছে চারটি বিদেশি প্রতিষ্ঠানের তালিকা জমা দেয় টার্মিনাল পরিচালনা কাজের দায়িত্বে পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা এবং যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন।

যুগান্তরের হাতে আসা বিমানের জিএইচএসপি লাইসেন্সসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বেবিচকের ১৯ অক্টোবরের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছিল, সিভিল এভিয়েশন অ্যাক্ট-২০১৭ এবং এএনও (গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস)-২০১৮ অনুযায়ী বিমানের বিদ্যমান লাইসেন্সে কেবল টার্মিনাল-১ এবং ২ উল্লেখ রয়েছে। ১৬ ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালে কার্যক্রম শুরুর জন্য বেবিচকের লাইসেন্স প্রক্রিয়াকরণে ন্যূনতম এক মাস সময় প্রয়োজন হওয়ায় দ্রুত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিমান জানিয়েছে, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ফি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সেবা প্রদানের প্রস্তুতি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তুতির বিবরণ তুলে ধরে চিঠিতে বলা হয়, বিমানের আন্তর্জাতিক আইওএসএ ও আইসাগো সনদ এবং কার্গো অপারেশনের জন্য আরএ-৩ সনদ রয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আইএটিএর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে। থার্ড টার্মিনাল একটি বৃহৎ স্থাপনা হওয়ায় এর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে অতিরিক্ত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট (জিএসই) কেনার কাজ চলমান রয়েছে। এছাড়া বিমানের গ্রাউন্ড সার্ভিস ম্যানুয়াল, জিএসই অপারেশন ম্যানুয়াল, ডেঞ্জারাস গুডস ম্যানুয়ালসহ সব ধরনের নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে এবং বিমান ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে কর্মীদের নিয়মিত বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চিঠিতে বিমান আরও উল্লেখ করে, থার্ড টার্মিনালে একের অধিক গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান থাকবে। তাই বিমানকে মোট কার্যক্রমের যতটুকু শতাংশ বরাদ্দ দেওয়া হবে, সক্ষমতা সেই অনুযায়ী মূল্যায়ন করা যৌক্তিক হবে। পাশাপাশি জাপানি কনসোর্টিয়ামের (এসডব্লিউজি) অভিমত অনুযায়ী, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা একবারে না হয়ে এক বছর সময়ব্যাপী পর্যায়ক্রমে চালু করা উচিত। এছাড়া অনুমোদন প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সময় ও ১৬ ডিসেম্বরের সময়সূচি মাথায় রেখে ত্বরিত গতিতে বিমানের জিএইচএসপি লাইসেন্সে থার্ড টার্মিনাল যুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম