Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

চলে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে। এ সুযোগে চলন্ত ট্রেনে ওঠানামায় অভ্যস্ত শিশুরা

Icon

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা বাজার রেলওয়ে স্টেশন -যুগান্তর

Advertisement

ট্রেন চলছে। আর সেই অবস্থাতেই কেউ উঠছেন, কেউ নামছেন। এমনকি রেললাইনের আশপাশের শিশুরাও খেলতে খেলতে উঠে পড়ছে চলন্ত ট্রেনে। ফেরার পথেও একইভাবে বাসায় ফিরছে তারা। চলন্ত ট্রেনে ওঠানামা যেন কোনো ব্যাপারই না! সত্যি ট্রেনটিকে শিশুরা রীতিমতো চলন্ত খেলনা বানিয়ে ফেলেছে।

এটি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলপথের নিত্যদিনের দৃশ্য। স্থানীয়দের কাছে বিষয়টি অনেকটা ‘দুধভাত’ হয়ে উঠেছে। তবে স্বাভাবিক মনে হওয়া এই দৃশ্যের আড়ালে রয়েছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।

সংশ্লিষ্টরা বলছেন, রেললাইনের সমস্যার কারণে এ পথে চলাচলকারী রমনা কমিউটার ট্রেনের গতি ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার। অনেক সময় গতি আরও কমে যায়। এই ধীরগতির সুযোগে যাত্রীরা চলন্ত অবস্থায় ট্রেনে ওঠানামা করেন। আবার রেললাইনের আশপাশে বসবাসকারী শিশুরাও ট্রেন চলার সময় উঠে পড়ে। তারা খেলাধুলা করতে করতে রমনা বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়। ফেরার পথেও একইভাবে ট্রেনে চড়ে বাড়ি ফেরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে চলন্ত ট্রেনে মানুষের ওঠানামার এমন দৃশ্য দেখা গেছে। কেউ কেউ আবার এসব দৃশ্য ভিডিও করে ফেসবুক, রিলস ও টিকটকে প্রকাশ করছেন।

স্থানীয়রা জানান, রমনা কমিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে কুড়িগ্রাম হয়ে চিলমারীর রমনা বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। এই রেলপথের বিভিন্ন স্থানে পুরোনো ও জরাজীর্ণ স্লিপারসহ অবকাঠামোগত সমস্যা রয়েছে। বিশেষ করে উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেললাইনের দুরবস্থার কারণে ট্রেনের গতি কমিয়ে চালাতে হচ্ছে।

স্থানীয় আমজাদ হোসেন বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা কখনোই নিরাপদ নয়। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরেক বাসিন্দা জব্বার আলী বলেন, বড়দের দেখাদেখি শিশুরাও এমন ঝুঁকিপূর্ণ আচরণ শিখছে। প্রতিদিন ট্রেন চলার সময় শিশুদের এভাবে ওঠানামা করতে দেখা যায়। এখনই সতর্ক না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রমনা বাজার রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. নজমুল হাসান বলেন, উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেলপথে কারিগরি ও অবকাঠামোগত সমস্যা রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ অংশে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে। চলন্ত ট্রেনে ওঠানামার বিষয়টি কর্তৃপক্ষের জানা আছে। রেলপথ মেরামত ও আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। উলিপুর পর্যন্ত কাজের অগ্রগতি দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত চিলমারী অংশেও কাজ সম্পন্ন হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রমনা কমিউটার ট্রেনের পরিচালক অজিত রায় জানান, উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেললাইনের অবস্থা ভালো না হওয়ায় সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ অংশে গতি কম রাখা হচ্ছে।

স্থানীয়রা ট্রেনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার পাশাপাশি চলন্ত ট্রেনে ওঠানামা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম