কপ-৩১ সম্মেলন
তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে যাচ্ছেন আজ। সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে কাজ চলছে। সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আশা করছি এই কর্মসূচিগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।
প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন একটি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, যেখানে দুদেশের সামগ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
তিনি আরও বলেন, উভয়পক্ষ বৃহত্তর সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে আয়োজিত সৌজন্য সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তির বিষয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও লোকসানের বিপরীতে ক্ষতিপূরণের বিষয়ে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামগুলোতে নিজেদের ক্ষয়ক্ষতির প্রাক্কলন তুলে ধরে, যাতে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া সহজ হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিভিন্ন ধরনের প্রাক্কলন রয়েছে। বাংলাদেশ বৈশ্বিক আলোচনায় সেগুলো তুলে ধরে। আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয় তুলে ধরার ফলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরি হয়, যা দেশের অনুকূলে কাজ করে।
পররাষ্ট্র সচিব বলেন, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন।
তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে দেশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি। এ প্রেক্ষাপটে, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন। অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজনসংক্রান্ত অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
এছাড়া, সম্মেলনের ‘গ্রিন জোন’-এ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসাবে এর সম্ভাবনাকে তুলে ধরা হবে। পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচারসংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরেরও পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোন’-এ দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে।
আয়োজনগুলোর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের লিঙ্গভিত্তিক ঝুঁকির বিষয়টি তুলে ধরা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসাবে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর সৃষ্ট বিশেষ ঝুঁকির বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরতে চায় বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে। এছাড়া জলবায়ুবিষয়ক আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ায় সহসভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া।
