Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সরকার গঠনে তৎপরতা

নেতানিয়াহুর মিত্রদের সঙ্গে যোগাযোগ আইজেনকোটের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেতানিয়াহুর মিত্রদের সঙ্গে যোগাযোগ আইজেনকোটের

Advertisement

ইসরাইলের সাবেক সামরিক প্রধান গ্যাদি আইজেনকোট সরকার গঠনের কঠিন কাজ শুরু করেছেন। এ প্রক্রিয়ার অংশ হিসাবে তিনি প্রতিপক্ষ বেঞ্জামিন নেতানিয়াহুর মিত্রদের সঙ্গে যোগাযোগ করছেন। নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিনের এ প্রধানমন্ত্রী ইসরাইলকে এক ঐতিহাসিক সংকটের মুখে দাঁড় করিয়েছেন।

৬৬ বছর বয়সি আইজেনকোট ইয়াশার পার্টির নেতা। নেতানিয়াহুর শাসনামলে ইসরাইলে যে গভীর মেরুকরণ তৈরি হয়েছে, তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর জন্য ২৮ দিন সময় বেঁধে দিয়েছেন, যদিও তার জোটে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই।

প্রেসিডেন্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইজেনকোট বলেন, ‘আমরা এখন জরুরি অবস্থার মধ্যে আছি এবং ইসরাইল এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই। আমাদের একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। এর জন্য সৃজনশীল ও প্রথাগত ধারার বাইরের রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন।’

সোমবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকোটকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তার সামনে তিনটি পথ খোলা আছে-নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করা; আরব-নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নেওয়া (যা তার জোটের অনেক সদস্যই মেনে নিতে রাজি নন); অথবা অতি-রক্ষণশীল ইহুদি (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোর সঙ্গে সমঝোতা করা। এ অতি রক্ষণশীলরা তাদের সম্প্রদায়ের সদস্যদের সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আসছে। আইজেনকোট ও প্রেসিডেন্ট হারজগ উভয়েই স্বীকার করেছেন-নেতানিয়াহুর শাসনামলে ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ রয়েছে।

ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় জয় পায়। গাজায় ধ্বংসযজ্ঞ ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে নেতানিয়াহুর শুরু করা ইরানকেন্দ্রিক অজনপ্রিয় যুদ্ধের প্রেক্ষাপটে এখন ইসরাইলের ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবি জোরালো হচ্ছে। আইজেনকোট বলেন, ‘আমরা এক ভয়াবহ কূটনৈতিক সংকটের মধ্যে আছি। এমনকি আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও কৌশলগত মিত্ররাও এখন বলছে যে, ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন।’

সূত্র জানায়, আইজেনকোট নেতানিয়াহুর লিকুদ পার্টি ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দলকে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে শর্ত একটাই-তাকে (আইজেনকোট) প্রধানমন্ত্রী হতে হবে। তিনি বলেন, ‘আমার দরজা খোলা এবং আমি আন্তরিকভাবে ও স্বেচ্ছায় তাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, যারা এ মুহূর্তটির গুরুত্ব অনুধাবন করতে পারে।’ আইজেনকোট যদি জোট সরকার গঠনে সফল হন, তবে তিনি ইসরাইলের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন।

অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন বিস্তৃত বিরোধী জোট ইসরাইলি পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৪৮টিতে জয় পায়। অন্যদিকে, নেতানিয়াহুর শিবির পায় ৫৩টি আসন। ফলে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। প্রেসিডেন্ট হারজগের সঙ্গে বিভিন্ন দলের আলোচনার সময় আইজেনকোট আরব দলগুলোর সমর্থন লাভ করেন। নির্বাচনে অভাবনীয় সাফল্য পাওয়ার পর এ দলগুলো এখন সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে।

আইজেনকোট তার জোটে আরব দলগুলোর যোগদানের জন্য বেশ কিছু শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে-ইসরাইলকে একটি ‘ইহুদি রাষ্ট্র’ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে ঘোষণা করা। তার অন্যতম মিত্র রক্ষণশীল দল ‘ইসরাইল বেইতেইনু’ আগেই জানিয়ে দিয়েছে যে, তারা আরব-নেতৃত্বাধীন কোনো দলের সঙ্গে জোটে অংশ নেবে না।

সাবেক সেনাপ্রধান আইজেনকোট ও তার সহযোগীরা নির্বাচনি প্রচারণায় ‘সবার জন্য সমান সামরিক সেবা’র বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন। বিশেষ করে, তারা অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (আল্ট্রা-অর্থোডক্স) দীর্ঘদিনের সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার প্রথাটির অবসান ঘটাতে চান। নেতানিয়াহু বারবার দাবি করেন, আরব দলগুলো তাদের সমর্থকদের বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে নিয়ে এসে নির্বাচনটি ‘চুরি’ করেছে। তবে তিনি তার এ দাবির সপক্ষে কোনো উল্লেখযোগ্য প্রমাণ দিতে পারেননি।

নেতানিয়াহু আইজেনকোটের ওপর চাপের কৌশল অব্যাহত রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, আরব দলগুলোর সঙ্গে যে কোনো ধরনের জোট গঠন হবে বিশ্বাসঘাতকতা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম