রামগতিতে অদ্ভুত কাণ্ড
নলকূপে চাপ ছাড়াই উঠছে পানি জ্বলছে আগুন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন। মঙ্গলবার তোলা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগতিতে কোনো ধরনের যান্ত্রিক চাপ বা হাতল না টেনেই একটি নলকূপ (টিউবওয়েল) থেকে অনবরত পানি ও গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, ওই নলকূপের মুখে আগুন ধরানো হলে দাউদাউ করে জ্বলে উঠছে। ঘটনাটি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রূপালী কলোনিতে ঘটেছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ মাস আগে ওই এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ তার বাড়ির আঙিনায় খাওয়ার পানির জন্য নতুন একটি নলকূপ স্থাপন করেন। প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিক থাকলেও গত এক সপ্তাহ ধরে নলকূপটিতে অদ্ভুত কাণ্ড শুরু হয়। কোনো রকম হাতল না চেপেই ভূগর্ভ থেকে আপনাআপনি অনবরত পানি উঠতে শুরু করে। এরপর আরও বিস্ময়ের বিষয় হলো-নলকূপের মুখে দিয়াশলাই বা আগুন ছোঁয়ালেই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পানির সঙ্গে গ্যাসের এমন মিশ্রণ বের হওয়ার খবর মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
বাড়ির মালিক আবদুল্লাহ বলেন, নলকূপটি বসানোর কিছুদিন পর থেকেই এটি নিয়ে সমস্যা দেখা দেয় এবং চাহিদা অনুযায়ী পানি মিলছিল না। আমরা নলকূপটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগেই হঠাৎ দেখি নিচ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি উঠছে এবং তার সঙ্গে আগুনও জ্বলছে। বর্তমানে এটি থেকে ঝরনার মতো পানি ও গ্যাস নির্গত হচ্ছে। স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনে প্রথমে বিশ্বাস হয়নি। পরে স্বচক্ষে দেখে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিই। নলকূপ থেকে আপনাআপনি পানি ও আগুন বের হওয়ায় এলাকার মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও তৈরি হয়েছে।
এ বিষয়ে রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম জানান, সাধারণত বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর ওপরে উঠে আসে এবং প্রাকৃতিক চাপ তৈরি হয়। ফলে অনেক সময় হাতল ছাড়াই পানি ওপরে চলে আসতে পারে। তবে পানির সঙ্গে দাহ্য গ্যাস বের হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, নলকূপের গভীরতা ভূগর্ভস্থ কোনো গ্যাসের পকেট বা স্তরের সংস্পর্শে চলে যাওয়ার কারণেই এমনটি ঘটে থাকে। তবে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত জ্বালানি বিশেষজ্ঞ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
