মন্ত্রণালয়ের অনুমোদনের পর চুক্তি
থার্ড টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত হলো জাপান
বিতর্কের মধ্যেই বেবিচকের বোর্ড সভায় অনুমোদন
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। টার্মিনালটির অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ। একই সঙ্গে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে, মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়ে বেবিচক চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বেবিচকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ অনুমোদন দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি সম্পাদনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন মন্ত্রণালয়ের অনুমোদন এবং পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে চুক্তি সম্পাদনের বিষয়টি চূড়ান্ত হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ওঅ্যান্ডএম চুক্তির প্রস্তাব তৈরি করা হয়েছে। বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদনের পর ক্রয় প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর সঙ্গে সংযুক্ত প্রত্যয়নপত্র দুটিতে ক্রয় প্রক্রিয়ার আইনগত ও বিধিগত অনুসরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্রয়ের ক্ষেত্রে পিপিআর-৯-এর উপবিধি ১ ও ২ এবং পিপিআর-২৫-এর উপবিধি ৫ ও ৯ অনুসরণ করে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করা হয়েছে।
আরেকটি প্রত্যয়নপত্রে বলা হয়, বিবেচ্য ক্রয় বা সংগ্রহ চুক্তির প্রস্তাব প্রক্রিয়াকরণে প্রচলিত আইন, বিধি ও প্রবিধান পুরোপুরি অনুসরণ করা হয়েছে।
প্রস্তাবটি সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের পরিপন্থি নয় এবং প্রচলিত নিয়ম-নীতির কোনো ব্যত্যয় ঘটেনি। সুপারিশকৃত দরদাতার প্রস্তাবের সঙ্গে টেন্ডার বা রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) নথির পূর্ণ সামঞ্জস্য রয়েছে বলেও প্রত্যয়ন করা হয়েছে। পাশাপাশি উপস্থাপিত কাগজপত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্য সারসংক্ষেপে বাদ পড়েনি বলে উল্লেখ করা হয়েছে।
তবে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত কয়েকটি শর্ত নিয়ে এর আগে বিভিন্ন পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়।
সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির থাকার বিষয়টিও আলোচনায় আসে। ফলে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামো ব্যবহারের সুযোগ সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে বিতর্ক দেখা দেয়। কাঠামোগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) উত্তরণের অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ক্ষেত্রে ভিন্নভাবে মাশুল ও অর্থ পরিশোধের শর্ত নিয়েও আলোচনা হয়।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে থার্ড টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুতি নিচ্ছে। এ জন্য সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

