Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রাজধানী নারায়ণগঞ্জ ও আখাউড়ায় নাশকতা

বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে তল্লাশি * ভৈরবে থানার সামনে ককটেল, খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোলবোমা নিক্ষেপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

Advertisement

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বুধবারও অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ হামলা ও নাশকতার খবর পাওয়া গেছে। রাজধানীতে আরও তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কুমিল্লার নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে পেট্রোল ঢেলে লরিতে, পাবনায় গ্রামীণ ব্যাংকে এবং ব্রাহ্মণবাড়িয়ার আখউড়ায় ট্রেনের পেট্রোলবোমা ফাটিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের ভৈরবে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় ঢাকাসহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের খবর-

রাজধানী : রাজধানীর মিরপুরে পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে তিনটি বাসের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির পেছনের ১৪ থেকে ১৬টি আসন, জানালার কাচ ও বডির কিছু অংশ পুড়ে যায়।

বুধবার সকালে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা বিকল্প ও অভিজাত পরিবহণের দুটি বাসে আগুন দেওয়া হয়। এতে বিকল্প পরিবহণের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে যায়। অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ এবং কয়েকটি আসন পুড়ে যায়। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন যুগান্তরকে বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। অন্যদিকে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছনের মাঠ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।

নিরাপত্তা জোরদার : নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

খুলনা : খুলনার শিববাড়ীতে বুধবার ভোরে জুলাই স্তম্ভে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফাহাদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে দুই যুবক শিববাড়ীর জুলাই স্তম্ভের সামনে আসে। এ সময় তাদের একজন বোতলে থাকা পেট্রোল স্মৃতিস্তম্ভে ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামের নগর বাজার এলাকায় অবরোধের সমর্থনে গভীর রাতে সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করার অভিযোগে সজিব হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মী আটক হয়েছেন। পরে জনতা তাকে পুলিশে দিয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সজিব হোসেন নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নাঙ্গলকোট (কুমিল্লা) : নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ইউপি ভবনের নিচতলায় আগুন দিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : টঙ্গীবাড়ীতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বুধবার ভোরে মো. রবিন শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার ছোট মাকহাটি গ্রামে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে মঙ্গলবার রাতে থেমে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে টায়ারের কিছু অংশ পুড়ে যায়।

পাবনা : পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় মঙ্গলবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবের ক্ষতি হয়েছে। ৩-৪টি মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক মূল গেটে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় মঙ্গলবার রাতে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া মেহেরপুর সদরে ককটেলসদৃশ বস্তু উদ্ধার হয়েছে। পাশে ‘জয় বাংলা’ লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লেগান দেয়। ২১ সেকেন্ডের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছে। বুধবার দুপুরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। আসামি কাওছারকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

যুগান্তরের গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

রাজধানী নারায়ণগঞ্জ ও আখাউড়ায় নাশকতা বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম