Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

যুগান্তরের গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী

নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে নজরুলচর্চাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাকে মানুষের মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে। বুধবার যুগান্তর আয়োজিত ‘জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে বৈঠকে বুদ্ধিজীবী, নজরুলসংগীত শিল্পী, শিক্ষক, গবেষক এবং নজরুল অনুরাগীরা বক্তৃতা করেন। বক্তারা বাংলাদেশে নজরুলচর্চার সীমাবদ্ধতা, সংকট ও তা থেকে উত্তরণে করণীয় বিষয়ে বক্তৃতা করেন। এছাড়া কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে সংবিধানে স্থান দেওয়া, বাংলাদেশের দূতাবাসগুলোতে নজরুলচর্চা কেন্দ্র স্থাপন, ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় নজরুলকে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া, নজরুল গবেষণা চেয়ার পুনঃস্থাপনসহ বেশকিছু প্রস্তাব বক্তাদের কাছ থেকে উঠে আসে। যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক পরিচালনা করেন যুগান্তরের সহকারী সম্পাদক কবি জননু রাইন।

স্বাগত বক্তব্যে যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, সরকার ঘোষিত নজরুল বর্ষের কর্মসূচির অংশ হিসাবেই এ গোলটেবিল আলোচনা। তিনি বলেন, বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য ও পানির প্রয়োজন। একটি জাতির জন্যও এ চারটি উপাদান প্রয়োজন। বাংলা সাহিত্যে এই চারটি উপাদান একসঙ্গে মাত্র একজন মানুষের মধ্যে পাওয়া যায়। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এ কারণেই আমরা বলি, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম অবিচ্ছেদ্য সত্তা। বাংলাদেশ থেকে নজরুলকে বিচ্ছিন্ন করা হলে জাতীয়তাবাদের মাধুর্য নষ্ট হবে।

নজরুল বর্ষ পালনের বিষয়ে বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সরকার নজরুল বর্ষ পালন করছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এসব আয়োজন করা হচ্ছে। নজরুলের জন্মস্থান ত্রিশালেও কর্মসূচি পালিত হয়েছে। তবে শুধু আয়োজন করলেই হবে না, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের চর্চা বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, নজরুলের নামে একাধিক প্রতিষ্ঠান ও স্থাপনা থাকলেও সেখানকার শিক্ষার্থীদের মধ্যে তার সাহিত্য ও সংস্কৃতির চর্চা আশানুরূপ পর্যায়ে নেই। দেশের সাংস্কৃতিক অঙ্গনের সংকট তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলা, পৃষ্ঠপোষকতার অভাব, দুর্নীতি, পরিকল্পনাহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। অনেক প্রতিষ্ঠানের অবকাঠামো ও বিধিবিধান সময়োপযোগী নয়। এসব প্রতিষ্ঠানকে কার্যকর ও আধুনিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সাংস্কৃতিক নীতি ও প্রতিষ্ঠানগুলোর নিয়মকানুনও পর্যালোচনা করা দরকার।

ডিসেম্বরে সাংস্কৃতিক উৎসব : দেশের সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে ডিসেম্বরের মাঝামাঝি জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি বলেন, উৎসবে সংগীত, নৃত্য, লোকসংস্কৃতি, চলচ্চিত্র, নাটক, আবৃত্তি ও চারুকলাসহ সংস্কৃতির বিভিন্ন ধারা তুলে ধরা হবে। পাশাপাশি যাত্রা, সার্কাস, ঘুড়ি ওড়ানো ও বিয়ের গানের মতো ঐতিহ্যবাহী আয়োজনও থাকবে। রাজধানীর পাশাপাশি জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও উৎসবের কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।

সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতির নিজস্ব পরিচয় ও স্বাতন্ত্র্য রয়েছে। সেই পরিচয় অক্ষুণ্ন রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটাতে হবে। শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জন্য কাজের সুযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনা তৈরির লক্ষ্যে সরকার সাংস্কৃতিক অর্থনীতির বিকাশ নিয়েও কাজ করছে।

আমাদের প্রথম কর্তব্য নজরুলের লেখাগুলো রক্ষা করা : প্রাবন্ধিক ও চিন্তক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, কবি কাজী নজরুল ইসলামকে শুধু তার জীবনচরিত দিয়ে বোঝা সম্ভব নয়, বুঝতে হবে তার শিল্পকর্মের মধ্য দিয়ে। নজরুলের রচনা ও সংগীত সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নজরুলের সাহিত্যকর্ম নিয়ে যথাযথ গবেষণা ও মূল্যায়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রথম কর্তব্য নজরুলের লেখাগুলো রক্ষা করা। এখনো নজরুলের অনেক কাজ নিয়ে অনুসন্ধান ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে।

লেখক, নজরুল গবেষক ও প্রফেসর ড. আনোয়ারুল হক বলেন, আমাদের স্কুল, কলেজ, আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম প্রাসঙ্গিক। ’৫২, ’৬৬ ও ’৭১ সালে নজরুলের গান ও কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে। ’৯০ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান ও সরকার হটানোর আন্দোলনে আমরা নজরুলকে পেয়েছি। সেই বাল্যকাল থেকে শুরু করে আজ ৭০ বছর বয়সেও নজরুলকে প্রাসঙ্গিকভাবে পাই।

নজরুল গবেষক ড. মাহবুব হাসান বলেন, মহান এই কবিকে ব্যক্তিগত বা গোষ্ঠীস্বার্থে ব্যবহার করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নজরুল কেবল একজন কবি নন-বরং আমাদের সমাজ, সংস্কৃতি, চৈতন্য ও মননগঠনের এক বিশাল ভিত্তি।

নজরুলসংগীত শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গিতে বৈষম্য রয়েছে : নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ক্ষোভের সঙ্গে বলেন, নজরুলসংগীত শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয় না। তাদের সামাজিক অবস্থান ও মর্যাদা নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, নজরুলসংগীত শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গিতে বৈষম্য রয়েছে। এই অবস্থার উত্তরণ দরকার।

অন্যদিকে জাতীয় জীবনে নজরুলচর্চাকে আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য যার যার অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার আহ্বানও জানান নজরুলসংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী।

লেখক ও নজরুল গবেষক রাশিদুন নবী বলেন, জাতীয় কবির সাহিত্য ও সংগীত আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদাবোধ, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় সত্তাকে সমৃদ্ধ করে। নিয়মিত নজরুলচর্চা জাতীয় সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে। নজরুল-সাহিত্য ও সংগীত চর্চায় দীর্ঘদিন ধরে অবহেলা ও উপেক্ষা রয়েছে মন্তব্য করে নজরুলসংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ বলেন, নজরুলকে যথাযথ গুরুত্ব দিয়ে আলোচনার সুযোগ অনেক সময় দেওয়া হয় না। বরং নজরুলকে নিয়ে আলোচনায় অপ্রাসঙ্গিকভাবে অন্য প্রসঙ্গ টেনে আনার প্রবণতা রয়েছে।

যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন বলেন, জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতা অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন হলো-আমরা কি আদতে কোনো সংস্কৃতি চর্চার মধ্যে আছি? আমাদের ছোট বেলায় স্কুলে প্রতিদিন জাতীয় সংগীতের পাশাপাশি নজরুলের রণসংগীত ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ বাধ্যতামূলকভাবে গাওয়া হতো। অথচ বর্তমান প্রজন্মের স্কুলগুলোতে এর কোনো চর্চা বা প্রচলন আছে বলে আমার জানা নেই।

বাচিক শিল্পী নাসিম আহমেদ বলেছেন, কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে বাংলাদেশের নজরুল প্রচণ্ডভাবে অবহেলিত। নজরুলের সাহিত্য সবাই পড়ে না। নজরুলের কবিতা আবৃত্তি করা হয় না। এ অনুষ্ঠানে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপক শায়লা আহমেদও উপস্থিত ছিলেন।

লেখক, গবেষক ও শিক্ষক ড. রিজাউল ইসলাম বলেন, নজরুল একটি দেশের সব নাগরিকের সম্মিলিত অস্তিত্ব ও অগ্রযাত্রার প্রকাশ। এর সঙ্গে জাতীয়তা ও জাতীয়তাবাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আজ নজরুলচর্চা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে; তার প্রকৃত দর্শন এখনো সমাজের সর্বস্তরে উপস্থাপিত হয়নি।

লেখক ও যুগ্ম সচিব হুসাইন আলমগীর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গ্যাজেট আকারে প্রকাশে তার ভূমিকার কথা উল্লেখ করেন এবং নজরুলচর্চায় নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

লেখক, গবেষক ও শিক্ষক মাওলা প্রিন্স বলেন, নজরুল বর্ষের আয়োজন নিয়ে কিছু হতাশা থাকলেও-এ উপলক্ষকে কেন্দ্র করে অনেকেই প্রবন্ধ লিখছেন, আলোচনা করছেন এবং নজরুলকে নিয়ে সময় দিচ্ছেন। এটাই বা কম কী? আগামী দিনে নজরুলচর্চা বাড়বে এমনটাই তিনি প্রত্যাশা করেন।

কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও গীতিকবি লতিফুল ইসলাম শিবলী জানান, নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৪৫ বছর পর তার সময়কালে নজরুল সাহিত্যের প্রমিত ইংরেজি অনুবাদ সংকলন তৈরি করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বিদেশি অতিথিদের যে উপহার দেওয়া হয়-তা আমার প্রতিষ্ঠানের সংকলন। এ সময় তিনি নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশে তার ভূমিকার কথাও তুলে ধরেন।

লেখক, চিন্তক ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল করিম রনি বলেন, নজরুলকে কখনো হিন্দুত্ববাদী বয়ান আবার কখনো মুসলিম সেন্টিমেন্টের সংকীর্ণ চৌহদ্দিতে বন্দি করা হয়েছে। তার যে আপসহীন কমিটমেন্ট ছিল, তার প্রকৃত এসেন্স বা নির্যাস ধরতে না পেরে আমরা নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছি।

নজরুলচর্চা বিকাশে কিছু প্রস্তাব : মূল প্রবন্ধপাঠে লেখক, গবেষক ও শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন-জাতীয় নজরুলচর্চা টাস্কফোর্স গঠন, জাতীয় শিক্ষাক্রমে নজরুল সাহিত্য রাখা, প্রশাসনিক ও বিচারিক প্রশিক্ষণ : লোক-প্রশাসন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বুনিয়াদি প্রশিক্ষণে নজরুলের ‘রাজবন্দীর জবানবন্দী’ ও ‘চোর-ডাকাত’ অন্তর্ভুক্ত করা, গণমাধ্যম ও সাক্ষরতা : গণমাধ্যমের নৈতিক আচরণবিধিতে নজরুলের সত্যনিষ্ঠ ও দলনিরপেক্ষ সাংবাদিকতার আদর্শ যুক্ত করা, ডিজিটাল আর্কাইভ, অনুদান ও উচ্চতর গবেষণায় নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সমন্বয়ে কাজ করা, সাংস্কৃতিক কূটনীতি ও বিশ্বায়ন : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক কূটনীতিতে নজরুলকে কেন্দ্রে আনা, বিশ্ববিদ্যালয়ে গবেষণা চেয়ার স্থাপন করা, নজরুলসংগীতকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন। অন্য বক্তারা নজরুল সমাধিতে একটি তোরণ নির্মাণ ও গাইড নিয়োগ দেওয়ার পাশাপাশি সংবিধানে কবিকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

যুগান্তরের গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

রাজধানী নারায়ণগঞ্জ ও আখাউড়ায় নাশকতা বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম