Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত

সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর ও সাভার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

Advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। বুধবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। শ্রমিক অসন্তোষের মুখে দিনশেষে সাভার ও আশুলিয়ার ৫১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে মালিকদের মধ্যে।

সকাল থেকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, বেরন, ছয়তলা ও নরসিংহপুরে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকালে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর পাঁচটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের বেরন ও ছয়তলা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারে (এপিসি) হামলা চালান। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একই সময়ে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়েও শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ কে এইচ গ্রুপ ও ববস গার্মেন্টসহ কয়েকটি কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকরা পদ্মার মোড়সহ বিভিন্ন স্থানে অন্য কারখানাও বন্ধের চেষ্টা করেন।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল। আন্দোলনকারীদের দাবি, মজুরি বোর্ডকে দ্রুত এসব দাবি মেনে নিয়ে নতুন মজুরি ঘোষণা করতে হবে।

শ্রমিক অসন্তোষের কারণে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্ট, হলিউড, সাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দ্য রোজ অ্যাপারেলস, নিট এশিয়া ও ইয়াগী বাংলাদেশসহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের সব কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির পেছনে বহিরাগত তৃতীয়পক্ষের ইন্ধন রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বুধবার বিকাল ৫টায় জানান, সাভার ও আশুলিয়ায় ৫১টি কারখানা বন্ধ রয়েছে। জামগড়া ও হেমায়েতপুর ছাড়া অন্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রধান সড়কগুলোতে যানচলাচলও স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পমালিকরা বলছেন, মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। ডিসেম্বর থেকে শ্রমিকরা নতুন মজুরি পাবেন। তবে চলমান অসন্তোষের কারণে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে। আশুলিয়ার নরসিংহপুরের শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকরা প্রতিদিন কারখানায় ঢুকে কাজ বন্ধ রেখে বেরিয়ে যাওয়ায় দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হচ্ছে। এতে কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থাও নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

যুগান্তরের গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

রাজধানী নারায়ণগঞ্জ ও আখাউড়ায় নাশকতা বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম