Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক

সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

আরমান হেকিম

আরমান হেকিম

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

Advertisement

কোটি টাকার জেনারেটর কিনতে ব্যয় বেড়েছে ৪৫৯ শতাংশ, সার্টিফিকেশন সফটওয়্যারে প্রায় ১৯৫ শতাংশ। আবার তিনটি ডেটা সেন্টারের মাইক্রোসফট সফটওয়্যার কিনতে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে খরচ হয়েছে ৬৮ শতাংশ কম। এমন অস্বাভাবিক ব্যয়ের হিসাব সামনে আসার পর কাঠগড়ায় উঠেছে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়ানোর প্রকল্প। ২ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট’ প্রকল্পে অনিয়ম-দুর্নীতি উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এসব গুরুতর অভিযোগ সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে চলছে জোর তদন্ত কার্যক্রম।

সূত্র বলছে, প্রাথমিকভাবে প্রকল্পের বিভিন্ন ক্রয় প্যাকেজে প্রাক্কলিত ব্যয়ের সঙ্গে প্রকৃত ব্যয়ের বড় ব্যবধান চিহ্নিত করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সম্প্রতি আইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরীর সভাপতিত্বে তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রাথমিক তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যালোচনায় পরবর্তী সভা করার সিদ্ধান্ত হয়েছে।

এক প্যাকেজেই ব্যয় বেড়েছে ৪৫৯ শতাংশ : প্রকল্পের ব্যয়সংক্রান্ত নথি বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের জেনারেটরসংক্রান্ত একটি প্যাকেজে (বিবি(জি)আইটি-৩) প্রাথমিক প্রাক্কলন ছিল ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু প্রকৃত ব্যয় হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ প্রাক্কলনের তুলনায় ব্যয় বেড়েছে ১০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বা ৪৫৯ দশমিক ০৮ শতাংশ। সার্টিফিকেশন অথরিটির সফটওয়্যার কেনার আরেকটি প্যাকেজে (বিবি(জি)আইটি-১৩) প্রাক্কলিত ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার বিপরীতে ব্যয় হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ টাকা। এ ক্ষেত্রে ব্যয় বেড়েছে ১২ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা বা ১৯৪ দশমিক ৫১ শতাংশ। লংটার্ম ক্রেডিট বিশেষজ্ঞ খাতে ব্যয় বেড়েছে ১০৯ শতাংশ। তবে ব্যয়ের চিত্র শুধু বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; তিনটি ডেটা সেন্টারের মাইক্রোসফট সফটওয়্যার কেনার প্যাকেজে (বিবি(জি)আইটি-১৫) প্রাক্কলিত ব্যয় ছিল ১৯ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা। প্রকৃত ব্যয় হয়েছে ৬ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ ব্যয় কমেছে ১৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা বা ৬৮ দশমিক ৩৯ শতাংশ। একইভাবে তিনটি ডেটা সেন্টারের ব্যবস্থাপনা সফটওয়্যার কেনার প্যাকেজে প্রাক্কলিত ১৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকার বিপরীতে ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। অন্যদিকে ডেটাবেজ সফটওয়্যার কেনার প্যাকেজে প্রাক্কলিত ২৭ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার বিপরীতে ব্যয় হয়েছে ৩৪ কোটি ৭৩ লাখ টাকা। এতে ব্যয় বেড়েছে ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা বা ২৬ দশমিক ৯০ শতাংশ।

এভাবে কোনো প্যাকেজে কয়েকগুণ, আবার কোনো প্যাকেজে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে অনেক কম খরচ হওয়ায় প্রকল্পের ব্যয় নির্ধারণ ও ক্রয়প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটি এগুলো যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংকের : তদন্তের বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্ত কমিটির সভার নথিতে তাকে প্রকল্প পরিচালক হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে যুগান্তরকে তিনি বলেন, ‘আমি প্রকল্পের পরিচালক নই, সভায় সদস্য হিসাবে উপস্থিত ছিলাম। আপনি অতিরিক্ত পরিচালক শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করেন।’ পরে শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তদন্ত কমিটির সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা বলেন, কোনো কোনো প্যাকেজে নকশা ও কারিগরি বৈশিষ্ট্য পরিবর্তন, ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা পুনর্মূল্যায়ন এবং উন্নতমানের জেনারেটর কেনার কারণে ব্যয় বেড়েছে। এছাড়া কয়েকটি প্যাকেজের বিনিময় হারের পরিবর্তন এবং পরামর্শকদের পারিশ্রমিক বৃদ্ধির কারণেও ব্যয় বেড়েছে।

২৩ কোটি টাকার অডিট আপত্তি : প্রকল্পটিতে পাঁচটি অমীমাংসিত অডিট আপত্তি রয়েছে। এর মধ্যে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে একটি করে, ২০১৭-১৮ অর্থবছরে দুটি এবং ২০২০-২১ অর্থবছরে একটি আপত্তি ওঠে। এসব আপত্তির সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ২৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার টাকা। কমিটি আপত্তিগুলোর বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট ব্যয়ের খাত, দায়দায়িত্ব ও নিষ্পত্তির জন্য নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছে।

৫৬ প্রতিষ্ঠানকে ঋণ, আদায়ের হিসাবও যাচাই : প্রকল্পের আওতায় উৎপাদনশীল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ) চালু করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সভায় জানান, এ সুবিধার আওতায় ৫৬টি প্রতিষ্ঠানকে মোট ২৭ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ডলার ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টি প্রতিষ্ঠান ২৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ডলার পরিশোধ করেছে বলে সভায় জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের এ দাবির সত্যতা যাচাই করতে ঋণ পাওয়া প্রতিষ্ঠানগুলোর নাম, বরাদ্দ, ঋণের পরিমাণ, সুদের হার, কিস্তির সময়সূচি, আদায়, বকেয়া ও পুনঃঅর্থায়নের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কমিটি

বাস্তবায়ন না হওয়া কার্যক্রম নিয়েও প্রশ্ন : ২০১৫ সালে প্রকল্পটি অনুমোদিত হয়। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৭৫১ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে ২ হাজার ৭৮১ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার এবং সময় ২০২১ সালের মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল দেশের আর্থিক খাতের অবকাঠামো ও বাজারব্যবস্থার উন্নয়ন, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি সক্ষমতা শক্তিশালী করা এবং উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদি ঋণের সুযোগ বাড়ানো।

প্রকল্পে ২৭টি পরামর্শক ও উপদেষ্টা পদ রাখার পরিকল্পনা ছিল। তাদের বিস্তারিত তথ্য ও ব্যয়ের তথ্য চেয়েছে কমিটি। পাশাপাশি আইএমইডির সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদনের সুপারিশগুলোর বাস্তবায়ন পরিস্থিতিও যাচাই করা হবে।

তদন্তের প্রয়োজনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে তিনজন কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

যুগান্তরের গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

রাজধানী নারায়ণগঞ্জ ও আখাউড়ায় নাশকতা বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম