Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সংবাদ সম্মেলনে নেতারা

পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান

Advertisement

পোশাক শিল্পের সব শ্রমিককে কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে রপ্তানিমুখী এই শিল্প টিকিয়ে রাখার স্বার্থে কোনো ধরনের উসকানি ও অপতৎপরতার সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বানও জানান তারা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে তৈরি পোশাক শিল্পে চলমান পরিস্থিতির প্রেক্ষিতে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ-জিঙ্কপ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক পরিষদসহ অন্যান্য সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রিন বাংলা গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, শ্রমিক নেতা আমিরুল হক আমীন, মীর আবুল কালাম আজাদ, রুহুল আমিন, বাচ্চু মিয়া, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, শ্রমিক নেতা মাহবুব উদ্দিন, নাজমা আক্তার, আহসান হাবিব বুলবুল, আসাদুজ্জামান আসাদ, শহিদুল্লাহ বাদল, নাহিদুর রহমান নয়ন প্রমুখ।

লিখিত বক্তব্যে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমরা শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনুরোধ জানাতে চাই, মজুরি বোর্ড যাতে মাঠপর্যায়ে বাস্তব চিত্র ও অবস্থা উপলব্ধি করে। যাতে করে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। সে লক্ষ্যে শ্রমিক ভাইবোন, মালিক ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শ্রমিকদের প্রাণের দাবির প্রতি যাতে জনমনে কোনো নেতিবাচক ধারণার জন্ম না নেয়, সে ব্যাপারে শ্রমিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাই।

তিনি আরও বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের ব্যাপক ক্ষতি হবে। যা আপনাদের জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলবে। তাই শ্রমিক ভাইবোনদের প্রতি অনুরোধ জানাই-শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। কারণ এই শিল্পের ওপর আমাদের চল্লিশ লাখ শ্রমিকের ভাগ্য নির্ভর করে।

পোশাক শিল্পের মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে একটি যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখবেন। পাশাপাশি শ্রমিকদের কারখানা ও কারখানার বাইরে অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি, রাজনৈতিকভাবে উসকানি দেওয়া হচ্ছে। সে ব্যাপারে শ্রমিক ভাই-বোনরা ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন। মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্যজোটের সভাপতি মাহতাব উদ্দিন শরীফ বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা শ্রমিকদের প্রতি বলতে চাই, আপনারা নিজেদের কর্মস্থলের ক্ষতি করবেন না। আপনারা কাজে ফিরে যান। আপনাদের কেউ যাতে ব্যবহার করতে না পারে। আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনের ফসল আজকে আপনারা ঘরে উঠিয়েছেন। কিন্তু এই ফসলটা যাতে অন্য কেউ নষ্ট করে দিতে না পারে, সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে। বর্তমানে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এতে কারখানা বন্ধ থাকলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই শ্রমিকরাই।

লাভলী ইয়াসমিন বলেন, চলমান পরিস্থিতিতে আমরা আশা করছি, এই মাসের শেষের দিকে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা হবে এবং সেটা ডিসেম্বর থেকে কার্যকর হবে। আপনারা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি বেতন-অর্থাৎ মজুরি বৃদ্ধি যেটা হবে-সেটা পাবেন।

শ্রমিক নেতা আবুল হোসেন বলেন, কোনো অজুহাতে কারখানা বন্ধ ঘোষণা করা যাবে না। মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সংকট থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করুন। কারখানা বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন তিনি।

কালিয়াকৈরে ছুটির দিনেও সচল কারখানা : কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলের পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও সচল ছিল শিল্প কারখানা। মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিপমেন্টের চাপ থাকায় ছুটির দিনেও বেশ কিছু পোশাক কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন শ্রমিকরা।

জানা যায়, শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারখানায় যে কোনো ধরনের ভাঙচুর ও লুটপাট ঠেকাতে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। সাপ্তাহিক ছুটির কারণে কালিয়াকৈরের অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও মৌচাক, সফিপুর, চন্দ্রা, হরতকিতলা ও পল্লীবিদ্যুৎ এলাকার কারখানাগুলো চালু রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ছুটির দিনেও আমরা মাঠে আছি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাজার ও হরতকিতলা-প্রতিটি পয়েন্টে পুলিশের টহল চলছে। আন্দোলনের নামে কেউ কারখানা ভাঙচুর বা লুটপাট করতে এলে তাকে আইনের আওতায় আনা হবে। ন্যায্য দাবি থাকলে আলোচনা করতে হবে। ভাঙচুর করে দাবি আদায় করা যাবে না।

কালিয়াকৈরের ইউএনও এএইচএম ফখরুল হোসাইন বলেন, শিল্পাঞ্চল এখন সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন, পুলিশ, বিজিবি, মালিক ও শ্রমিক-সবাই একসঙ্গে কাজ করছি। ছুটির দিনেও শ্রমিকরা নিজের ইচ্ছায় কাজে এসেছেন, যা অত্যন্ত ইতিবাচক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেশ নানা সংকটে ধুঁকছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

নানা সংকটে ধুঁকছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

স্মৃতিতে মওলানা ভাসানী তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সাপ্তাহিক ‘হক কথা’

তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সাপ্তাহিক ‘হক কথা’

বরিশালে ওজোপাডিকোর মিটার বাণিজ্য দুর্নীতি ঢাকতে মিথ্যা মামলায় জেলে যুবক

দুর্নীতি ঢাকতে মিথ্যা মামলায় জেলে যুবক

প্রজ্ঞাপন জারির দুই বছরেও চালু হয়নি লোকসানের পাহাড়ে চাপা শ্যামপুর চিনিকল

লোকসানের পাহাড়ে চাপা শ্যামপুর চিনিকল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম