বরিশালে ওজোপাডিকোর মিটার বাণিজ্য
দুর্নীতি ঢাকতে মিথ্যা মামলায় জেলে যুবক
আকতার ফারুক শাহিন, বরিশাল
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) দুর্নীতি ফাঁস করে চরম বিপাকে পড়েছেন নগরীর পলাশপুরের আল আমিন মোল্লা। নিজেদের অপরাধ ঢাকতে এরই মধ্যে মিথ্যা মামলা দিয়ে তাকে ৭ দিন জেল খাটিয়েছে কোম্পানি। উপরন্তু চাপানো হয়েছে পৌনে ৪ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগ। অথচ আল আমিনের নামে নেই কোনো বৈদ্যুতিক সংযোগ। তারপরও কথিত এই বকেয়া আদায়ে অন্যায় চাপ দেওয়ার অভিযোগ উঠেছে কোম্পানির বিরুদ্ধে। অন্যজনের নামে থাকা মিটারের মালিক উল্লেখ করে টাকা দিতে বাধ্য করতে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে তার স্ত্রী ও বোনের কাছ থেকে।
জানা যায়, নগরীর পলাশপুর এম হোসেন সড়কের বাসিন্দা আল আমিনের ছিল বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা। এসব রিকশা রাখার জন্য ভাড়া নেন একই সড়কে থাকা সুলতান মোল্লার ঘর। সেখানে রাখার পাশাপাশি রিকশাগুলোয় বৈদ্যুতিক চার্জ দিতে শরণাপন্ন হন মালিক সুলতানের। বাণিজ্যিক মিটার আর বৈদ্যুতিক লাইন পেতে তার মাধ্যমে যোগাযোগ হয় বরিশাল ওজোপাডিকো-২’র ইলেকট্রিশিয়ান আব্দুর রশিদের সঙ্গে। মিটার পাইয়ে দেওয়ার কথা বলে আল আমিনের কাছ থেকে ৬৫ হাজার টাকা নেন রশিদ। আলাদাভাবে তাকে আরও ৩০ হাজার টাকা দেন জমি ও গ্যারেজের মালিক সুলতান মোল্লা। ২০২৩ সালের নভেম্বরে ওই টাকা দেওয়ার পর গ্যারেজে একটি মিটার বসিয়ে বৈদ্যুতিক লাইন লাগিয়ে দেন কোম্পানির লাইনম্যান রেজাউল ইসলাম। সংযোগ পাওয়ার পর সুলতান মোল্লার অনুকূলে বিদ্যুৎ ব্যবহার করতে থাকেন আল আমিন। লেখাপড়া না জানায় প্রতি মাসে এই রেজাউলের কাছেই বিলের টাকা দিতেন তিনি। পরে তাকে ব্যাংক জমার রসিদ দিত রেজাউল। প্রথম এক-দুই মাস স্বাভাবিক থাকলেও তারপর আসতে শুরু করে অস্বাভাবিক বিল। কোনো কোনো মাসে দেড় লাখ থেকে পৌনে দুই লাখ টাকা পর্যন্ত বিল এলে সন্দেহ হয় আল আমিনের। তাছাড়া প্রতি মাসে বিল না দিয়ে ২-৩ মাস পরপর অনেক টাকা বিল একসঙ্গে তাকে ধরিয়ে দিত রেজাউল। এ নিয়ে রেজাউলের সঙ্গে ঝামেলা হলে চলতি বছরের জুলাই মাসে সুলতান মোল্লার গ্যারেজে থাকা বৈদ্যুতিক সংযোগ কেটে দেয় রেজাউল। এতে করে বন্ধ হয়ে যায় আল আমিনের রিকশার বৈদ্যুতিক চার্জ দেওয়া। লাইন ফিরে পেতে সুলতান মোল্লার হয়ে বহু দেনদরবার আর কোম্পানির অফিসে ঘোরাঘুরি করেন তিনি। কিন্তু আর দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ।
এসব ঝামেলা এবং বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সুলতান মোল্লার হয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি অভিযোগ দেন আল আমিন। খুলনায় থাকা কোম্পানির হেড অফিসে গিয়ে সেখানকার অডিটর রেজাউল হকের কাছেও অভিযোগ দেন তিনি। এর পরপরই বেরিয়ে আসে ভেতরের দুর্নীতির বিষয়টি। আল আমিন জানতে পারেন, সুলতান মোল্লার গ্যারেজে যে মিটারটি দেওয়া হয়েছে সেটির গ্রাহক মূলত আলমতাজ বেগম নামের অন্য আরেকজন। ওই মিটারের বিপরীতে বিপুল অঙ্কের অর্থ পাওনা কোম্পানি। পাওনা আদায়ে ২০২২ সালে আলমতাজের নামে একটি মামলাও হয়েছে। মোটা অঙ্কের বকেয়া আর মামলার ঝামেলা থাকা মিটারটিই দেওয়া হয় সুলতান মোল্লাকে। ভাড়াটিয়া হিসাবে যেটি ব্যবহার করতেন আল আমিন।
যুগান্তরকে আল আমিন বলেন, আলমতাজের সঙ্গে আব্দুর রশিদ আর রেজাউল ইসলামের একটি গোপন চুক্তি ছিল। সে অনুযায়ী ব্যবহার বেশি দেখিয়ে আলমতাজের বকেয়া লাখ লাখ টাকা নেওয়া হয়েছে আমার কাছ থেকে। বিনিময়ে পার্সেন্টিজ পেয়েছে কোম্পানির কর্মচারী রশিদ ও রেজাউল। লেখাপড়া না জানায় আমাকে এভাবে ঠকানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ ও লিখিত অভিযোগ করার পর সমঝোতার কথা বলে আমাকে নগরীর আমানতগঞ্জে ওজোপাডিকো অফিসে নিয়ে পুনরায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কথা বলে সাদা কাগজে সই নেওয়া হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ আর দেওয়া হয়নি। পরে শুনেছি স্বাক্ষর নেওয়া ওই কাগজে আমাকে মিটারের ব্যবহারকারী লিখে নিয়েছে তারা।
২৯ সেপ্টেম্বর বাসা থেকে গ্রেফতার করা হয় আল আমিনকে। বিদ্যুৎ চুরির অভিযোগে মামলা দিয়ে পাঠানো হয় জেলে। পরে আলমতাজ বেগমের নামে থাকা ওই মিটারের বিপরীতে কোম্পানির পাওনা ৩ লাখ ৭৩ হাজার ৩৪৭ টাকা পরিশোধ করবে মর্মে আল আমিনের স্ত্রী ইয়ানা বেগম ও তার বোন মরিয়ম বেগম আদালতে লিখিত দিলে ৭ দিন পর জামিনে ছাড়া পান আল আমিন। অথচ মামলায় সে ও আলমতাজের বিরুদ্ধে আনা হয়েছে ৩২২ টাকার বিদ্যুৎ চুরির অভিযোগ। ওজোপাডিকোর এই প্রতারণায় বর্তমানে সব হারিয়ে প্রায় পথে বসার জোগাড় আল আমিনের। তিনি আরও বলেন, আলমতাজ বেগমের নামে থাকা মিটার দেওয়া হলো সুলতান মোল্লার গ্যারেজে। আমি তো সেই গ্যারেজের ভাড়াটিয়া। আমার কাছ থেকে আলমতাজের পুরো বকেয়া নিয়ে নিল কোম্পানি। মাত্র ২ বছরে বিদ্যুৎ বিল বাবদ ১৬-১৭ লাখ টাকা দিয়েছি। আবার বলা হলো আমি বিদ্যুৎ চুরি করেছি। কেউ জানতে চাইল না আলমতাজের মিটার কিভাবে সুলতান মোল্লার গ্যারেজে গেল, কেউ জিজ্ঞেস করল না মিটার যেখানে সেখান থেকে আমার বাসা থেকে অনেক দূরে হওয়ার পরও আমি কীভাবে বিদ্যুৎ চুরি করলাম। বিদ্যুৎ অফিসে দৌড়ঝাঁপ করতে গিয়ে, তাদের দুর্নীতি ধরতে গিয়ে আজ আমার এই অবস্থা।
জানা গেছে, নগরীর আমানতগঞ্জ, পলাশপুর, শায়েস্তাবাদ, তালতলী এলাকায় এভাবে ভুয়া কিংবা বকেয়ার দায়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়া মিটার অন্যদের দিয়ে কোটি টাকার বাণিজ্য করে ওজোপাডিকোর এক শ্রেণির কর্মচারী। তাদের অনেকে এভাবে অবৈধ মিটার বাণিজ্য করে গাড়ি বাড়ির মালিক হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সুলতান মোল্লার গ্যারেজে মিটার লাগাতে টাকা নেওয়া আব্দুর রশিদ বলেন, আমি ২ বছর আগে বদলি হয়ে ফরিদপুর এসেছি। এ ব্যাপারে কিছু বলতে পারব না। লাইনম্যান রেজাউল ইসলাম বলেন, মিটারের টাকা পাওনা তাই মামলা হয়েছে। এর বেশি কিছু জানি না। ওজোপাডিকো-২’র নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, এটা ঠিক যে মিটারটি তার নামে নয়। কিন্তু সে ওই মিটারটি ব্যবহার করেছে। ব্যবহারকারী হিসাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্যারেজটির মালিক যেখানে সুলতান মোল্লা সেখানে মামলায় তাকে কেন আসামি করা হলো না, তাছাড়া আলমতাজের মিটার কি করে সেখানে গেল জিজ্ঞেস করলে অবশ্য কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
