স্মৃতিতে মওলানা ভাসানী
তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সাপ্তাহিক ‘হক কথা’
বিখ্যাত ‘শান্তি প্রেস’ সংরক্ষণের উদ্যোগ
জাফর আহমেদ, টাঙ্গাইল
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল শহরের সন্তোষের মাটিতেই ঘুমিয়ে আছেন উপমহাদেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার রাজনৈতিক জীবনের অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে দুটি নাম, ‘শান্তি প্রেস’ ও ‘হক কথা’। প্রেসটির নামের সঙ্গে গেঁথে গিয়েছিল প্রতিবাদী সাপ্তাহিক ‘হক কথা’। সময়ের পরিক্রমায় সেই শান্তি প্রেসের স্মৃতিচিহ্নও আজ বিলুপ্তির পথে। তবে খুশির খবর হলো, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এটি জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
ভাসানীর পারিবারিক সূত্রে জানা যায়, হক কথার প্রথম সংখ্যার প্রধান শিরোনাম ছিল ‘গণবিপ্লব ছাড়া সমাজতন্ত্র কায়েমের নজির নেই, তবে...।’ খবরটি প্রকাশিত হয়েছিল ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি। এর আগে ওই বছরের ২২ জানুয়ারি ভাসানী ভারত থেকে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সন্তোষে তিনি প্রথম রাত কাটান মাটির বিছানায়। কয়েক সপ্তাহের মধ্যেই দূরদর্শী ভাসানী দেশের আসন্ন অরাজক পরিস্থিতি আঁচ করতে পেরেছিলেন। এই পরিস্থিতিতে তিনি তার বিদ্রোহ ও শোধনের অংশ হিসাবে রাজনীতির পাশাপাশি ‘হক কথা’ পত্রিকা প্রকাশ শুরু করেন। এর আগে তিনি ১৯৪৬ সালের দিকে প্রথমবার আসাম থেকে ‘হক কথা প্রচার’ বুলেটিন প্রকাশ করেছিলেন। এরপর পাকিস্তান আমলের শুরুতে টাঙ্গাইল থেকে এবং ১৯৬৭-৬৮ সালে জয়পুরহাটের পাঁচবিবির মহীপুরের ‘হক্কুল এবাদ’ মিশন থেকেও তিনি এই বুলেটিন প্রকাশ করেছিলেন। মহীপুর ভাসানীর শ্বশুরবাড়ির এলাকা।
প্রকাশনার অল্প কিছু দিনের মধ্যেই ‘হক কথা’ একটি আঞ্চলিক পত্রিকা থেকে জনপ্রিয়তা ও প্রচার সংখ্যার মানদণ্ডে দেশের শীর্ষ গণমাধ্যম হয়ে উঠেছিল। শুধু বিষয়বস্তুর দিক থেকেই নয়, হক কথার বিন্যাস-ব্যাসনেও ছিল অভিনবত্ব। বিশেষ করে স্যাটায়ার প্রকাশে কার্টুনের ব্যবহার সেই সময়ের পত্রিকা জগতে ছিল নতুন সংযোজন। আট পৃষ্ঠার সাপ্তাহিক হক কথা ট্যাবলয়েড সাইজের নিউজপ্রিন্ট কাগজে ছাপা হতো। পত্রিকাটির ডিক্লারেশন ছিল শান্তি প্রেসের নামে। মওলানা ভাসানীর জীবদ্দশায় হক কথার (১৯৭২-১৯৭৬) ৩০তম সংখ্যা প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুর পর ১৯৭৬ সালের ২৪ ডিসেম্বর থেকে ১৯৭৮ সালের ১ ডিসেম্বর পর্যন্ত ৩টি সংখ্যাসহ মোট ৩৩টি সংখ্যা প্রকাশিত হয়। ভাসানীর অনুপস্থিতিতে পত্রিকাটি জৌলুস হারিয়ে ফেলে। ১৯৭২ সালের ২২ সেপ্টেম্বর নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত হক কথার প্রচার সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার।
জানা যায়, টাঙ্গাইলের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ কয়েকটি অঞ্চল থেকে একযোগে হক কথা প্রকাশিত হতো। প্রকাশনার শুরুতে সম্পাদক সৈয়দ ইরফানুল বারী, কবি বুলবুল খান মাহবুব, মোহাম্মদ হোসেন এবং পরবর্তীতে শাহ আহমদ রেজা, অধ্যাপক শামসুল আরেফিন, নাজিমউদ্দিন মোস্তান, আবদুর রহিম আজাদ, আ. মতিন, বলরাম সাহা, প্রেস ম্যানজার আব্দুর রহমান প্রমুখ ব্যক্তিদের নিয়ে একটি দক্ষ টিম গড়ে ওঠে। এ সময় কমপক্ষে পনেরো হাজার সংবাদকর্মী হক কথার সঙ্গে যুক্ত ছিলেন।
ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান বলেন, ‘শান্তি প্রেস মওলানা ভাসানীর চিন্তা, আদর্শ ও কর্মময় জীবনের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মারক। এটি শুধু একটি মুদ্রণযন্ত্র নয়, বরং তার স্বনির্ভরতা, সৃজনশীল উদ্যোগ ও সমাজ পরিবর্তনের স্বপ্নের স্মৃতিবাহী নিদর্শন। বর্তমানে মাভাবিপ্রবি কর্তৃপক্ষ প্রেসটি জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বর্তমান উপাচার্যের উদ্যোগে ‘মওলানা ভাসানী স্মৃতি সংগ্রহশালা’ পুনর্নির্মাণের কাজ চলছে। ভবিষ্যৎ প্রজন্ম গবেষণা ও জ্ঞানচর্চার মাধ্যমে মওলানার জীবন ও দর্শনকে গভীরভাবে জানার সুযোগ পাবে বলে আশা করি।’
