রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেশ
নানা সংকটে ধুঁকছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর
জরিপ, খনন, সংস্কার ও সংরক্ষণে অপ্রতুল বাজেট; নেই বিশেষ প্রকৌশলী * ৫৫৪টি স্থাপনার মধ্যে ১৬০টিতে মামলা, বহু স্থাপনা নিয়ন্ত্রণে নেই * জনবল সংকট, ৫০৪ পদের ১৪২টিই শূন্য
মুহম্মদ আকবর
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের অনেক দেশের পর্যটন খাতের আয়ের অন্যতম উৎস প্রত্নসম্পদ। সঠিক পরিকল্পনা, পরিচর্যা ও পর্যটকদের যাতায়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশগুলো বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে। ফ্রান্সের পর্যটক আকর্ষণের বড় অংশই ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যনির্ভর প্রত্নসম্পদ। আবার নেপাল বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েও পর্যটন শিল্পের কারণে ঘুরে দাঁড়িয়েছে। অথচ ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ বাংলাদেশ আয়ের অন্যতম উৎস প্রত্নসম্পদ কাজে লাগাতে পারছে না। বরং রাজস্ব আদায়ে অবদান রাখার পরিবর্তে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর নানা সংকটে ধুঁকছে। গবেষকরা জানান, বাংলাদেশের পর্যটন খাতের বড় একটি আয়ের উৎস হতে পারত প্রত্নসম্পদ। কিন্তু সঠিক পরিকল্পনা, পরিচর্যা ও যাতায়াতের অভাবে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে দেশ বঞ্চিত হচ্ছে।
ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জরিপ, খনন, সংস্কার ও সংরক্ষণে নিয়োজিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ অধিদপ্তরের আওতাধীন গেজেটভুক্ত ৫৫৬টি প্রত্ন-স্থাপনার মধ্যে অনেক স্থাপনা বেদখল হয়ে গেছে। আর ১৬০টি প্রত্নসম্পদ নিয়ে মামলা চলছে। মাত্র ৩২টি স্থাপনায় প্রবেশ টিকিট থেকে কিছু আয় হচ্ছে। বাকি সব জরাজীর্ণ। সন্ধ্যার পর অনেক অরক্ষিত স্থাপনায় মাদকাসক্ত ও অপরাধীদের দখলে চলে যায়। ঢাকার অদূরে পানাম নগরীতে পর্যটক সংখ্যা অনেকটাই কমে গেছে। সেখানে আগে যে পরিমাণ পর্যটক যেত নিরাপত্তার অভাবে তা অনেকটাই কমে গেছে। প্রত্নসম্পদ সুরক্ষা ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা যথাযথভাবে হচ্ছে না। সংস্কার ও সংরক্ষণ খাতে বাৎসরিক বরাদ্দ মাত্র ১১ কোটি টাকা। বিপুলসংখ্যক প্রত্নসম্পদ সুরক্ষার তুলনায় এ বরাদ্দ অপ্রতুল।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রকাশনা) ও গবেষক ড. আতাউর রহমান যুগান্তরকে বলেন, অধিদপ্তরকে ঢেলে সাজানো গেলে পর্যটন খাত থেকে বড় রাজস্ব আয় করা সম্ভব। ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে পর্যটন বিকশিত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও ভূমিকা রাখা সম্ভব। তিনি বলেন, ফ্রান্সের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পর্যটন। দেশটির পর্যটন আকর্ষণের বড় অংশ ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যনির্ভর। বাংলাদেশেও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে পর্যটনের সঙ্গে যুক্ত করা উচিত।
দীর্ঘদিনের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে ড. আতাউর রহমান বলেন, দেশে অন্তত ১০ হাজার প্রত্নস্থাপনা রয়েছে। এসব নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও পর্যটনের আওতায় আনা গেলে বিপুল রাজস্ব আয়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি হবে। নেপালের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটি বারবার বিপর্যয়ের মুখে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। ঐতিহ্য ও পর্যটনকে কাজে লাগিয়ে বাংলাদেশকেও এগিয়ে যাওয়ার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজের জন্য অন্তত পাঁচ হাজার জনবল প্রয়োজন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী-দেশে প্রত্নসম্পদ দেখভাল করার মতো পর্যাপ্ত জনবল নেই। রাজস্ব খাতে অনুমোদিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ৫০৪টি পদের ১৪২টিই শূন্য। ৫০৪টি পদের মধ্যে প্রথম শ্রেণির (গ্রেড ২ থেকে ৯) ৪৭টি পদের মধ্যে ১৬টি শূন্য। দ্বিতীয় শ্রেণির (গ্রেড ১০ থেকে ১২) ৫৪টি পদের মধ্যে শূন্য ২২টি। তৃতীয় শ্রেণির (গ্রেড ১৩ থেকে ১৬) ১৬৭টি পদের মধ্যে ৫২টি এবং চতুর্থ শ্রেণির (গ্রেড ১৭ থেকে ২০) ২৩৬টি পদের মধ্যে ৫২টি শূন্য রয়েছে। সব মিলিয়ে কর্মরত রয়েছেন ৩৬২ জন। রাজস্ব খাতের নয় অধিদপ্তরে এমন জনবল ৫০৭। বিভিন্ন খাতে তারা কর্মরত।
সংশ্লিষ্টরা জানান, অধিদপ্তরে বিশেষায়িত প্রকৌশলীরও অভাব রয়েছে। জরিপ, খনন, সংস্কার ও সংরক্ষণে যে বাজেট দেওয়া হয় তা দিয়ে কার্যক্রম চালানো কঠিন। অধিদপ্তরের একজন কর্মকর্তা যুগান্তরকে ক্ষোভের সঙ্গে জানান, অধিদপ্তরের কোনো স্থাপনা জরুরিভিত্তিতে দেখভালের দরকার হলে যে পরিবহণের দরকার হয় সেটিও নেই। দুঃখের বিষয় হলো-এখানে কোনো সরকারের সুদৃষ্টি পড়েনি।
এমন বাস্তবতারও মধ্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে প্রায় আশাবাদী হতে দেখা যায়। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দেশীয় ঐতিহ্য হাজার বছরের পুরোনো। এ ঐতিহ্যকে সংরক্ষণ করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় বর্তমান সরকার। হাজার বছরের প্রত্নসম্পদ পর্যটকদের কাছে তুলে ধরতে চলতি বছরের ২৪ আগস্ট সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজের উদ্যোগ নেয়। কিন্তু প্রত্ন-স্থাপনার বেহাল পরিস্থিতির উন্নতি দৃশ্যমান হচ্ছে না।
