বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পালটাপালটি বক্তব্য ও উত্তেজনার মধ্যেই বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেমে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসাবে তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডারকে লক্ষ্যবস্তু করেছে। এমন একসময় এ খবর এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা চালাচ্ছেন না। সম্প্রতি ইরানের উপকূলীয় বিভিন্ন স্থাপনায় থেমে থেমে হামলা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানও হরমুজ প্রণালিতে অনুমোদিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছিল। এ প্রেক্ষাপটে বাহরাইনে রাডারে এ হামলা হলো। তবে যুক্তরাষ্ট্র হামলার খবর অস্বীকার করে বলেছে, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার হোরমোজগান প্রদেশের সিরিক বন্দরনগরীতে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণ’ হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই বাহরাইনে হামলার খবর এলো। তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘আগ্রাসি শত্রুর’ প্রতি ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে। তাদের ভাষ্যমতে, হরমুজ প্রণালিতে শত্রুপক্ষ ধারাবাহিকভাবে আকাশপথে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং তেল চোরাচালান করছে। এসব বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি এই ধরনের লঙ্ঘন ও আগ্রাসি কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স যে কোনো মাত্রায় পালটা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’ আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি জানায়, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স রাডার স্থাপনাটিকে ‘লক্ষ্যবস্তু করে ধ্বংস’ করেছে।
সেপ্টেম্বরের পর বাহরাইনে প্রথম হামলা
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের পর এই প্রথম ইরান উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর হামলার দায় স্বীকার করল। ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, এমন সময়েই এই দায় স্বীকারের ঘটনাটি ঘটল যখন ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা সামরিক বাহিনীকে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে।
মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না-ট্রাম্প : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আপাতত বড় কোনো হামলা না চালাতে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাকে অনুরোধ করেছে। এ কারণে তিনি নতুন করে হামলা চালাচ্ছেন না। ট্রাম্প বলেন, চাইলে মাত্র তিন দিনে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।
আল জাজিরা জানিয়েছে, হোয়াইট হাউজে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তেহরানকে আপাতত শুধু অর্থনৈতিক ও সামরিক চাপে রেখেছেন। ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, পরিস্থিতি যেমন আছে, আপাতত তেমনই রাখতে।’ তিনি বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাদের সঙ্গে একমত কি না, তা নিশ্চিত নই।’
সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল : আল জাজিরা জানিয়েছে, হুথির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দেশটিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। ভারতীয় বিমান সংস্থা আকাসা এয়ার বৃহস্পতিবার জানায়, চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে রিয়াদ ও জেদ্দাগামী এবং সেখান থেকে আসা সব ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। আরেক ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো রিয়াদ ও দাম্মামের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। জেদ্দা ও মদিনার ফ্লাইট ২১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াদ, জেদ্দা এবং দাম্মামের ফ্লাইট ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে।
ইউরোপীয় বিমান সংস্থাগুলো তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট স্থগিত করেছে। কেএলএম রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় শুরুর তারিখ পিছিয়ে ২০২৭ সালের ১১ জানুয়ারি করেছে। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৯ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। ওমানের সালাম এয়ার দুই শহরের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে।
