বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাহরাইনে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, রোববার তারা বাহরাইনের আল-রিফা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার কেন্দ্রটিকে লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে এ হামলা চালায়। বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের এ হামলাকে প্রতিহত ও ধ্বংস করেছে। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার বাহরাইনজুড়ে সতর্কসংকেত (সাইরেন) বেজে উঠলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলিগ্রামে হামলা-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে, যেখানে আইআরজিসি বলেছে, ‘হরমুজ বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন শত্রুপক্ষ কোনো ধরনের আগ্রাসন চালালে তার জবাব আরও কঠোর ও জোরালোভাবে দেওয়া হবে।’
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে আইআরজিসি দাবি করে যে, শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আর্লি ওয়ার্নিং’ (আগাম সতর্কবার্তা প্রদানকারী) রাডার ব্যবস্থায় তারা হামলা চালিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করেছে। আল জাজিরা এক অনুসন্ধানের ভিত্তিতে ইরানের হামলায় রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানান, সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। কর্মকর্তারা এ হামলাকে ‘সীমিত’ ও ‘আত্মরক্ষামূলক’ হিসাবে বর্ণনা করেন। তাদের মতে, একটি মার্কিন উড়োজাহাজের ওপর আইআরজিসির গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বার্তাসংস্থা ইরনা সোমবার কেশম দ্বীপে বিস্ফোরণের খবর দিয়েছে। আইআরজিসি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জানিয়েছে যে, তাদের বাহিনী দ্বীপটির দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি ‘এমকিউএম-১৭০’ ড্রোন এবং প্রণালির পূর্বে একটি ‘এমকিউ-৯’ ড্রোন ভূপাতিত করেছে।
‘যুদ্ধও নয়, শান্তিও নয়-এমন অবস্থায় থাকব না : গালিবাফ
আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধ-দুই পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরানি বাহিনী তার জবাব দেবে। সংঘাতের ভৌগোলিক পরিসরও নির্ধারণ করবে ইরানের বাহিনী। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, নাকি যুদ্ধে যেতে চায়-এ নিয়ে ইরানের কিছু যায় আসে না। তবে ওয়াশিংটন তেহরানের সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ খোলা আছে। এসব শর্তকে তিনি ‘যৌক্তিক’ বলে বর্ণনা করেন।
ইরান ইস্যুতে ভ্যান্সকে কেন বাদ দিলেন ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ধারণা, ইরান নিয়ে তুলনামূলক নমনীয় অবস্থানের জন্য পরিচিত ভ্যান্সকে সরিয়ে ট্রাম্প নতুন করে সংঘাতের পথ তৈরি করছেন। বিশ্লেষকদের আশঙ্কা, এতে দুদেশের মধ্যে যুদ্ধের ঝুঁকি বাড়তে পারে।
আল জাজিরা লিখেছে, সম্প্রতি ইরান নিয়ে আলোচনার দায়িত্ব থেকে ভ্যান্সকে সরিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দিতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি ভ্যান্সকে ডেমোক্রেটিক পার্টির কথিত দুর্নীতি নিয়ে কাজ করার নির্দেশ দেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তি এখন আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়।
তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ানের মতে, ভ্যান্সকে অন্য দায়িত্বে সরিয়ে দেওয়ার মাধ্যমে ট্রাম্প দুটি বার্তা দিয়েছেন। প্রথমত, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে রাজনৈতিক সংঘাত বাড়াতে চান। দ্বিতীয়ত, ইরানের সঙ্গে সমঝোতা এখন ওয়াশিংটনের অগ্রাধিকার নয়। এ সিদ্ধান্ত ইসরাইলের স্বার্থও রক্ষা করতে পারে। কারণ, ইরানে নতুন হামলার জন্য ট্রাম্পের ওপর চাপ দিচ্ছে ইসরাইল। অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। হাদিয়ান বলেন, ‘ইরানকে মূলত জানানো হয়েছে, এখন চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। ইরানের বিষয়ে তুলনামূলক নমনীয় অবস্থানের জন্য পরিচিত ব্যক্তিকেও অন্য কাজে সরিয়ে দেওয়া হয়েছে।’
ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভান্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
