Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জাতীয় সংসদ অধিবেশন

হাতকড়া ছাড়া জিয়াউল আহসান আদালতে, সংসদে ক্ষোভ

পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস আইনমন্ত্রীর

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাতকড়া ছাড়া জিয়াউল আহসান আদালতে, সংসদে ক্ষোভ

Advertisement

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ-সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান। জবাবে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরে সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, গুম ও খুনে অভিযুক্ত জিয়াউল আহসান কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলমান। গত বৃহস্পতিবার জেরার জন্য আদালতে নেওয়ার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দ ভ্রমণে বের হয়েছেন। আর তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা যেন তার প্রটোকলের দায়িত্ব পালন করছেন।

লুনা বলেন, এ ধরনের একজন অপরাধীকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা মর্মাহত। আমার মতো আরও অনেক পরিবার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত। তিনি বলেন, সরকার কি তার প্রতি কোনো মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন অমানবিক অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের আচরণ কেন করা হচ্ছে, সে বিষয়ে আমি আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাই।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিক্তির বিচারে পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে সংসদ-সদস্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আইনমন্ত্রী চাইলে এর উত্তর দিতে পারেন, অথবা এ বিষয়ে নোটিশ চাইতে পারেন।

এরপর আইনমন্ত্রী বলেন, বিষয়টি আমারও নজরে এসেছে। তবে কারাগার থেকে আদালত পর্যন্ত আসামিকে নিয়ে যাওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও বিষয়টি নজরে আসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়ার প্রয়োজন, সেভাবে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, আদালত অঙ্গনে তার নিশ্চয়তা আমরা দিচ্ছি। মন্ত্রী বলেন, ন্যায়বিচার যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। একই সঙ্গে সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ১৬ বছরের গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন ও পলিটিক্যাল পারসিকিউশনের এসব মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য সংসদ-সদস্যদের সহযোগিতা চাই। তদন্ত কর্মকর্তারা যখন জেলায় জেলায় যাবেন, তখন ওই অঙ্গনে, ওই জেলায় এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাভারের গো-প্রজনন ও দুগ্ধ খামার তিন বছর বয়সে চাকরি অবসরেও তারা বহাল

তিন বছর বয়সে চাকরি অবসরেও তারা বহাল

গাজী কালু মাজারে আসেন সব ধর্মের ভক্ত বারোবাজারে উড়িয়েছিলেন ইসলামের পতাকা

বারোবাজারে উড়িয়েছিলেন ইসলামের পতাকা

কক্সবাজারে ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বিশ্ববাজারে সার্বভৌম বন্ড তিন মাসের মধ্যে

বিশ্ববাজারে সার্বভৌম বন্ড তিন মাসের মধ্যে

জাতীয় সংসদ অধিবেশন হাতকড়া ছাড়া জিয়াউল আহসান আদালতে, সংসদে ক্ষোভ

হাতকড়া ছাড়া জিয়াউল আহসান আদালতে, সংসদে ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম