সাভারের গো-প্রজনন ও দুগ্ধ খামার
তিন বছর বয়সে চাকরি অবসরেও তারা বহাল
মতিউর রহমান ভান্ডারী, সাভার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খেলার মাঠে দৌড়ঝাঁপের বয়স তখনো শেষ হয়নি-কারও বয়স মাত্র ৩ বছর ৫ মাস, কারও ৯ বা ১২ বছর। অথচ খামারের নথিপত্রে সেই শিশু বয়সেই তারা সরকারি শ্রমিক হিসাবে নিয়োগ পেয়েছেন! চাকরিবিধি অনুযায়ী নিয়োগের সময় সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে এবং বয়স ৬০ বছর পূর্ণ হলে বাধ্যতামূলক অবসরে যাবেন। অথচ এর এক থেকে চার বছর পরও বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ২০ শ্রমিক। বয়সের এই অবিশ্বাস্য গরমিল আর চাকরির মেয়াদ শেষেও বেতন-ভাতাসহ কর্মরত থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক তদারকি ও সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, খামারটিতে মাস্টাররোলে নিয়োগ পাওয়া ৭৮ শ্রমিকের মধ্যে এখনো কর্মরত রয়েছেন ২০ জন। নিয়োগের সময় নির্ধারিত সর্বনিম্ন বয়স ধরলে তাদের প্রত্যেকের চাকরির মেয়াদ এক থেকে চার বছর আগে শেষ হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয়জনের নিয়োগকালীন বয়স ১৮ বছরের নিচে ছিল। মূলত নিয়োগের সময় বয়স কম দেখিয়ে দীর্ঘদিন চাকরির সুবিধা ভোগ করার উদ্দেশ্যে এসব তথ্য গোপন করা হয়েছে।
খামারের পাম্পচালক মো. সোহরাব হোসেন চাকরিতে যোগ দেন ১৯৮১ সালের ১৭ জুলাই। নথি অনুযায়ী তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর ছয় মাস। চাকরির নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২০২৩ সালে তার অবসরে যাওয়ার কথা থাকলেও এখনো তিনি কর্মরত। এ বিষয়ে সোহরাব হোসেন বলেন, আমি অল্প বয়সেই চাকরি নিয়েছি। ওই আমলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই আমাকে চাকরি দিয়েছেন। এরপর আমার ভোটার আইডি করা হয়। এতে যে বয়স লেখা, তা চাকরিতে নিয়োগের সময়কার বয়সের হিসাবের তুলনায় অনেক কম।
২০২৩ সালে অবসরে যাওয়ার কথা থাকলেও কীভাবে চাকরি বহাল-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে ফার্মের কর্মকর্তারা আমাকে কিছু বলেননি। আমরা নিয়মিত চাকরিতে আসছি, বেতন পাচ্ছি।’
খামারের জেনারেটরচালক আব্দুল বারেক ১৮ বছর বয়সে চাকরি নেন। তিনি ১৯৮০ সালের ১৬ আগস্ট যোগদান করায় ২২ সালের ১৬ আগস্ট ৬০ বছর পূর্ণ হয়েছে। সেই হিসাবে তার ৪ বছর আগে অবসরে যাওয়ার কথা। অথচ এখনো তিনি একই পদে কর্মরত। এ বিষয়ে আব্দুল বারেক বলেন, ‘প্রতিষ্ঠান আমাকে ছাড়তে চায় না, তাই আমি চাকরি ছাড়িনি।’
তথ্য অনুযায়ী খামারের কম্পিউটার অপারেটর আনোয়ারা বেগম ১৯৮১ সালে চাকরিতে যোগ দেওয়ার সময় বয়স ছিল ১২ বছর চার মাস। চাকরির বয়সসীমার হিসাব অনুযায়ী, ২০২৩ সালে তার অবসরে যাওয়ার কথা থাকলেও এখনো তিনি স্বপদে বহাল রয়েছেন।
সবচেয়ে বিস্ময়কর তথ্য পাওয়া গেছে খামারের চৌকিদার-কাম-ক্লিনার মো. তারা মিয়ার ক্ষেত্রে। ১৯৮১ সালে চাকরিতে যোগদান করেন তিনি। নথি অনুযায়ী যদিও নিয়োগের সময় তার বয়স ছিল মাত্র তিন বছর পাঁচ মাস! তবে বিধি অনুযায়ী তার অবসরে যাওয়ার কথা ছিল ২০২৩ সালে। তবে এখনো তিনি চাকরিতে বহাল রয়েছেন।
শুধু সোহরাব, আনোয়ারা বা তারা মিয়া নন, খামারের আরও কয়েকজন শ্রমিকের নিয়োগকালীন বয়সের হিসাবে একই ধরনের অসংগতি রয়েছে। প্রাপ্ততথ্য অনুযায়ী, বাবুল মিয়ার চাকরিতে যোগদানের সময় বয়স ছিল ৯ বছর ১১ মাস। পারভীন আক্তারের বয়স ছিল ১২ বছর চার মাস। অন্যদিকে আলাউদ্দিন মৃধার বয়স ছিল ১৫ বছর ৯ মাস। সব মিলিয়ে অন্তত ছয়জনের চাকরিতে যোগদানের সময় বয়সের হিসাব ১৮ বছরের নিচে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী মাস্টাররোলে শ্রমিক নিয়োগের সময় প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। নীতিমালার ৬ নম্বর ধারায় শ্রমিকের বয়স ৬০ বছর পূর্ণ হলে তিনি বাধ্যতামূলক অবসরে যাবেন।
খামারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি প্রতিষ্ঠানে চাকরির মেয়াদ নির্ধারণে জন্ম তারিখ গুরুত্বপূর্ণ। এসব বিষয় অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগেই দৃষ্টিতে আসা উচিত ছিল।
এদিকে চাকরির মেয়াদ অতিক্রমের অভিযোগের সঙ্গে জড়িয়ে রয়েছে সরকারি অর্থ ব্যয়ের বিষয়টিও। নির্ধারিত বয়সসীমা অতিক্রমের পর বৈধ অনুমোদন ছাড়া শ্রমিকদের বহাল রাখা হলে তাদের বিপরীতে পরিশোধ করা মজুরির আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন ওঠে।
এসব বিষয়ে সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, মাস্টাররোলের শ্রমিকদের নিয়োগসংক্রান্ত তথ্য অচিরেই যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে নিয়োগসংক্রান্ত বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
