Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

কক্সবাজারে ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স

বিশ্ববাজারে সার্বভৌম বন্ড তিন মাসের মধ্যে

এম শাহজাহান

এম শাহজাহান

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্ববাজারে সার্বভৌম বন্ড তিন মাসের মধ্যে

Advertisement

পুরোনো ঋণের কিস্তি ও সুদের চাপ বাড়ছে। সামনে অপেক্ষা করছে আরও বড় পরিশোধের দায়। ২০২৯-৩০ অর্থবছরে শুধু বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধেই ব্যয় করতে হবে প্রায় ৫৫০ কোটি ডলার। অন্যদিকে রাজস্ব আয় কম, আর্থিক খাত দুর্বলতার মাঝেও উন্নয়ন ব্যয়ের চাহিদা বাড়ছে। এমন বাস্তবতায় ঋণনির্ভর অর্থায়নের প্রচলিত পথ থেকে বেরিয়ে নতুন কৌশল নিতে যাচ্ছে সরকার। ঋণের পরিমাণ বাড়ানোর চেয়ে এখন ঋণের গুণগত মান, সঠিক ব্যবহার ও পরিশোধের সক্ষমতা নিশ্চিত করায় গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজারে ইউরোবন্ড, সামুরাই, পান্ডা ও সুকুক বন্ড ছাড়ার প্রস্তুতি চলছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনাও রয়েছে।

রোববার পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত দুদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের এই অর্থনৈতিক কৌশল তুলে ধরা হয়। পরে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণের পরিমাণ নয়, বরং সেই অর্থ কীভাবে কাজে লাগানো হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। ঋণের অর্থ উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে কি না, তা নিশ্চিত করতে হবে।

অর্থ সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এডিবির কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাংসহ বিশ্বব্যাংক, আইএমএফ ও বিভিন্ন দেশের অর্থনীতিবিদ এবং ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের উদ্যোগ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে। নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এই বন্ড ছাড়া হতে পারে। তবে বন্ডের আকার, সুদের হার ও অন্যান্য শর্ত পরে চূড়ান্ত করা হবে।

অর্থমন্ত্রী বলেন, শুধু বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীদের ঋণের ওপর নির্ভর করে ভবিষ্যতের অর্থায়ন চাহিদা পূরণ সম্ভব নয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ডলারের প্রয়োজন রয়েছে। স্থানীয় বাজার থেকে টাকা সংগ্রহ করলেও বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজারে যেতে হবে। এ কারণে ডলার বন্ড ছাড়ার পাশাপাশি হংকংয়ে বাংলাদেশভিত্তিক ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জাপানের সামুরাই বন্ড, চীনের পান্ডা বন্ড এবং স্থানীয় বাজারে সুকুক বন্ড ছাড়ার পরিকল্পনাও রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে সময়, সুদের হার ও ঋণ পরিশোধের ঝুঁকি বিবেচনায় নেওয়া হবে।

এ প্রসঙ্গে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন, ঋণনির্ভর অর্থনীতি দীর্ঘমেয়াদে শক্তিশালী হতে পারে না। অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। শুধু বিদেশি ঋণ বা আন্তর্জাতিক পুঁজিবাজারের ওপর নির্ভর করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। সরকারি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান এবং আয় করতে সক্ষম প্রকল্পের বন্ড বা শেয়ার পুঁজিবাজারে ছাড়ার পরামর্শ দেন তিনি। এতে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের পাশাপাশি ব্যাংক ঋণের ওপর চাপ কমবে। তবে এজন্য পুঁজিবাজারে আস্থা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

টাকা ছাপিয়ে ঘাটতি পূরণের পথ বন্ধ : অর্থমন্ত্রী জানান, সরকার টাকা ছাপিয়ে বাজেট ঘাটতি পূরণের আত্মঘাতী পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের ৩০ জুন মাত্র ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও উন্নতি হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০২৬ সালের জুনে তা ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৩৯ থেকে ৪০ শতাংশ। যা আন্তর্জাতিক মানদণ্ডে এখনই উদ্বেগজনক নয়। তবে বাংলাদেশের বড় দুর্বলতা রাজস্ব আহরণে।

ঋণের কিস্তি-সুদেই যাবে ৫৫০ কোটি ডলার : অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে। আগামী ২০২৯-৩০ অর্থবছরে এই ব্যয় প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে বার্ষিক ঋণ পরিশোধের ব্যয় আরও প্রায় এক বিলিয়ন ডলার বাড়বে। আগের সময়ে নেওয়া বড় অবকাঠামো প্রকল্পগুলোর ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়া, সুদের হার বৃদ্ধি এবং তুলনামূলক কম সময়ে কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা এর প্রধান কারণ। এর সঙ্গে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পরিবর্তিত হলে স্থানীয় মুদ্রায় ঋণ পরিশোধের ব্যয়ও বাড়বে। ফলে উন্নয়ন ব্যয়, সামাজিক সুরক্ষা ও নতুন বিনিয়োগের জন্য সরকারের হাতে থাকা অর্থের ওপর চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, বাংলাদেশের ঋণ পরিস্থিতি মূল্যায়নে শুধু জিডিপির তুলনায় ঋণের পরিমাণ দেখলে হবে না, রপ্তানি আয়ের বিপরীতে ঋণের বোঝা ও পরিশোধের সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। সাম্প্রতিক সময়ে নেওয়া বিদেশি ঋণের সুদের হার তুলনামূলক বেশি এবং পরিশোধের মেয়াদ ও ছাড়কাল কম। ফলে আগামী কয়েক বছরে ঋণ পরিশোধের ব্যয় দ্রুত বাড়তে পারে। এ চাপ কমাতে রপ্তানি বহুমুখীকরণ, দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি ও রাজস্ব আহরণসহ উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণের নির্ভরতা কমিয়ে সহজ শর্তের ঋণ সংগ্রহে গুরুত্ব দিতে হবে।

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা : অর্থ বিভাগের প্রেস ব্রিফিং নোটে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ জুন দেশের সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩৬ শতাংশ। ২০২২ সালের জুনে এ ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র দুই বছরে সরকারি ঋণ বেড়েছে প্রায় পাঁচ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

ঋণ ব্যবস্থাপনায় পাঁচ চ্যালেঞ্জ : অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেন, বৈশ্বিক সুদের হার, বিনিময় হারের অস্থিরতা এবং ঋণদাতাদের অর্থায়ন নীতির পরিবর্তনের কারণে সরকারি ঋণ ব্যবস্থাপনা জটিল হয়ে উঠেছে। এলডিসি উত্তরণের সঙ্গে সহজ শর্তের ঋণ পাওয়ার সুযোগও সীমিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। তিনি জানান, ঋণ ব্যবস্থাপনায় পাঁচটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- কার্যকর ঋণ কৌশল ও পরিকল্পনা প্রণয়ন, ঋণের তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন প্রকাশে স্বচ্ছতা, ঋণের টেকসই বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সরকারি সিকিউরিটিজ বাজারের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বার্ষিক ঋণ পরিকল্পনা ও ত্রৈমাসিক ঋণ বুলেটিন প্রকাশসহ মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল, দায় ব্যবস্থাপনা কার্যক্রম এবং সমন্বিত ঋণ ব্যবস্থাপনা অফিস (ডিএমও) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, সরকারি সিকিউরিটিজের বাজারে শুধু ব্যাংকের ওপর নির্ভর করলে চলবে না। বিমা কোম্পানি, পেনশন ফান্ড ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের যুক্ত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে।

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য : এডিবির সঙ্গে যৌথভাবে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের জন্য বাস্তবসম্মত ও টেকসই ঋণ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের জন্যও পর্যাপ্ত অর্থের জোগান নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে এসেছে সম্মেলনে। এজন্য ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে আইএমএফের সঙ্গে নতুন সমঝোতা : আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না। তবে আগের সরকারের সময়ে সম্মত হওয়া শর্তগুলো বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাভারের গো-প্রজনন ও দুগ্ধ খামার তিন বছর বয়সে চাকরি অবসরেও তারা বহাল

তিন বছর বয়সে চাকরি অবসরেও তারা বহাল

গাজী কালু মাজারে আসেন সব ধর্মের ভক্ত বারোবাজারে উড়িয়েছিলেন ইসলামের পতাকা

বারোবাজারে উড়িয়েছিলেন ইসলামের পতাকা

কক্সবাজারে ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বিশ্ববাজারে সার্বভৌম বন্ড তিন মাসের মধ্যে

বিশ্ববাজারে সার্বভৌম বন্ড তিন মাসের মধ্যে

জাতীয় সংসদ অধিবেশন হাতকড়া ছাড়া জিয়াউল আহসান আদালতে, সংসদে ক্ষোভ

হাতকড়া ছাড়া জিয়াউল আহসান আদালতে, সংসদে ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম