গাজী কালু মাজারে আসেন সব ধর্মের ভক্ত
বারোবাজারে উড়িয়েছিলেন ইসলামের পতাকা
তৌহিদ জামান, যশোর
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের বারোবাজারে ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজার -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যশোর শহর থেকে ১৯ কিমি. দূরে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে রয়েছে ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজার। এই বারোবাজার থেকেই সর্বপ্রথম তারা ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন গোটা দক্ষিণ বাংলায়। এ মাজারে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন অসংখ্য ভক্ত-অনুরাগী। বেশির ভাগই তাদের মনোকামনা পূরণে ‘মানত’ করেন। সেই মনোকামনা পূরণে মাজারের বটগাছসহ অন্যান্য গাছের ডালে বেঁধে রাখেন পলিথিনের টুকরো, লাল-নীল-সাদা সুতা। ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের মতে-ত্রয়োদশ শতাব্দীতে এ অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখেন জাফর খাঁ গাজী। তার ছেলের নাম বরখান গাজী। তিনি সাধারণত বরখান গাজী বা বড় গাজী বা গাজী সাহেব নামে পরিচিত। তিনি সুন্দরবন অঞ্চলের রাজা মুকুট রায়কে পরাজিত করে তার মেয়ে চম্পাবতীকে বিয়ে করেন।
বারোবাজার বারো আউলিয়ার স্মৃতি বহনকারী একটি জনপদ। তুর্ক-আফগান আমলে এ স্থান মুসলিম সভ্যতার কেন্দ্রস্থল হিসাবে বিবেচিত ছিল। ঐতিহাসিকদের মতে, বিরাট নগরের রাজা ছিলেন সিকান্দার শাহ। আর রানি ছিলেন অজুপা সুন্দরী। রাজা-রানির প্রথম ছেলে জুলহাস শিকার করতে গিয়ে নিরুদ্দেশ হন। গাজী ছিলেন তাদের দ্বিতীয় ছেলে এবং কালু ছিলেন তাদের পালিত ছেলে। রাজা-রানি প্রাপ্তবয়স্ক গাজীকে রাজ্যভার দিতে চাইলে তিনি রাজ্যভার না নিয়ে, পালিত ভাই কালুকে নিয়ে পালিয়ে সুন্দরবনে এসে উপস্থিত হন। তারা ফকিরবেশে বহুদেশ ঘুরে ব্রাহ্মণ নগরের মুকুট রায়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। তাকে পরাজিত করে ছাপাইনগর শ্রীরাম রাজার দেশে আগমন করেন। এই ছাপাইনগর হলো আধুনিক বারোবাজারের একাংশ।
এ সম্পর্কে আরেকটি মতে বলা হয়েছে-মুসলিমবিদ্বেষী মুকুট রায়ের সেনাপতি ছিলেন রাজা প্রভাকরপুত্র আরেক মুসলিমবিদ্বেষী দক্ষিণ রায়। তার এই বিদ্বেষের কথা জানতে পেরে ‘বৈরাটনগরের প্রবল পরাক্রান্ত সেকান্দার শাহের পুত্র বড় খাঁ গাজী বহু সৈন্য-সামন্ত নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন। খনিয়া ময়দানে দুপক্ষের ভয়াবহ যুদ্ধ হয়। কথিত আছে, গৌড় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ গাজীকে এই যুদ্ধে সৈন্য দিয়ে সহায়তা করেন। দক্ষিণ রায় বীরবিক্রমে যুদ্ধ পরিচালনা করেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত টিকতে পারেননি। একপর্যায়ে গাজী সদলবলে রাজদরবার অভ্যন্তরে প্রবেশ করলে মুকুট রায় আত্মসমর্পণ করেন। পরাজয়ের গ্লানি সইতে না পেরে পরিবারের বেশির ভাগ সদস্য সেখানে থাকা কূপে লাফিয়ে আত্মহত্যা করেন। শুধু তার ছোটছেলে কামদেব এবং একমাত্র কন্যা সুভদ্রা ওরফে চম্পাবতী সেনাদের হাতে আটক এবং পরে ধর্মান্তরিত হন। এরপর গাজীর সঙ্গে চম্পাবতীর বিয়ে এবং কামদেব ইসলাম প্রচারে ভূমিকা রাখেন। ঐতিহাসিক এএফএম আবদুল জলিলের মতে, গাজী পৈতৃক ভূমি থেকে পলায়নপর বহুজনপদ ভ্রমণ করে ছাপাইনগরের শ্রীরাম রাজার দেশে অসাধারণ আধ্যাত্মিক শক্তির প্রভাবে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন।
গাজী কালু চম্পাবতী সম্পর্কে যে বিবরণ পাওয়া যায়, তা সবই ঐতিহাসিক উপাখ্যান এবং গাজীর গীত, উপন্যাস, পুঁথি, সাহিত্য কিংবদন্তি জনশ্রুতি বা স্থানীয় প্রবাদসর্বস্ব। সে কারণে গাজীর ঐতিহাসিক সত্যতা সম্পর্কে মতামত প্রকাশ করা দুরূহ ব্যাপার। তবে, সিলেট থেকে সুন্দরবন হয়ে গাজী নামে যে আধ্যাত্মিক সাধক বারোবাজার বা ছাপাইনগরে এসে হাজির হন তিনি বহু হিন্দু ও বৌদ্ধকে ইসলাম ধর্মে দীক্ষা দেন। যশোর জেলায় তার আগমনকাল নিশ্চিত করে বলা না গেলেও এতটুকু বলা যায়, গাজী কালু চম্পাবতী কিংবদন্তি বা বাস্তবতায় তারা বারোবাজার থেকেই সর্বপ্রথম ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন গোটা দক্ষিণ বাংলায়। তাদের স্মৃতি বুকে ধারণ করে নীরব নিথর হয়ে আছে আজকের বারোবাজার।
সুন্দরবনের ইতিহাস বইয়ে এএফএম আবদুল জলিল উল্লেখ করেছেন, যশোর অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের পর তিনি আসামের দিকে যান। কথিত আছে, সিলেটের হবিগঞ্জে তিনি দেহত্যাগ করেন। সিলেটে তার একটি মাজার রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ‘সা গাজীর বিলগ্রামের অন্তর্বর্তী গাজীপুরে তার দরগা আছে। তিনি ‘সা গাজীর’ সহায়তায় ত্রিপুরা রাজাকে পরাজিত করে তরফ দখল করেন।
গবেষক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার মতে, সাতক্ষীরার লাবসা গ্রামে একটি জীর্ণ মাজার-ইমারতকে জনশ্রুতিমূলে ‘মায়ি চম্পা’ বা চম্পাবতীর মাজার বলে চিহ্নিত করা হয়। আবার ভারতের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত ঘোলা গ্রামে চম্পাবতীর একটি ‘নজর গাহ’ বা আস্তানা আছে বলে উল্লেখ করেছেন ইতিহাসবিদ ড. গিরিশিচন্দ্র দাস।
এছাড়া, যশোরের ঝিকরগাছার লাউজানি মাদ্রাসার পাশে একটি ডিবি ছিল, যেটি গাজীর দরগাহ নামে কিংবদন্তি রয়েছে। অনেকেই গাজীর নামে তাদের মানত করত। ‘নীতিবহির্ভূত কাজ’ হয় বলে সেসময় ডিবিটি উচ্ছেদ করা হয় বলে জানা গেছে।
বারোবাজারের ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ নিয়মিত যান। অনেকেই জানিয়েছেন, ‘আল্লাহর ওলি’ গাজী কালু চম্পাবতীর ওসিলায় তাদের বাসনা পূরণ হয়েছে। এসব বিষয়ে তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও প্রতিদিন মাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষজন আসেন। মানুষের আশা পূরণ হয় কি না-এমন প্রশ্নে মাজারের খাদেম আবুল কাশেম বলেন, এসব কথা বলতে পারব না। তবে, যদি কেউ উপকার নাই পাবে, তাহলে কেন তারা আসে।
গাজী কালু চম্পাবতীর মাজারে বছরে দুবার ওরস হয়। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার। এবার ভাদ্র মাসে বৃষ্টি থাকায় লোকসমাগম হাজার তিরিশেক হয়েছিল। অন্যান্য সময় ভক্ত-আশেকানের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়।
