জাতীয় সংসদ অধিবেশন
আমির হামজার প্রশ্নের সময় এমপিদের হইচই
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের কয়েকজন সংসদ-সদস্যের টিপ্পনী ও মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সংসদ-সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি সংসদ-সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করে এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান। জবাবে স্পিকার বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ করা উচিত নয়। কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে। রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর স্পিকার এসব কথা বলেন।
এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে তারকাচিহ্নিত ৫৪৩নং প্রশ্ন উত্থাপন করেন জামায়াতের সংসদ-সদস্য আমির হামজা। ডেপুটি স্পিকার তার নাম ঘোষণার পর সরকারদলীয় সংসদ-সদস্যদের হইচই করতে দেখা যায়। মাইক ছাড়াও কয়েকজন মন্তব্য করেন। পরে আমির হামজার প্রশ্নের উত্তর দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর আরেকটি সম্পূরক প্রশ্ন করেন আমির হামজা।
পরে সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি শাহজাহান চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের বিষয়ে উত্তর দেন। স্পিকারকে উদ্দেশ করে শাহজাহান চৌধুরী বলেন, আপনি আমাদের এই হাউজের ৩৫০ জন সংসদ-সদস্যের গার্ডিয়ান। আমাদের সবার সম্মান রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি আপনিই দেখবেন এবং গার্ডিয়ান হিসাবে আমাদের নির্দেশনা দেবেন। তিনি বলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ওয়ায়েজিন আমির হামজা সাহেব। প্রশ্নোত্তরপর্বে তার নাম উল্লেখ করে প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ-সদস্য যেভাবে তার সম্পর্কে মন্তব্য করেছেন এবং হাউজে যেভাবে শব্দ করেছেন, তা একজন সংসদ-সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।
