ভোলার নতুন গ্যাসকূপে দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নতুন গ্যাপকূপ ভোলা নর্থ-৩ এর ডিএসটি (আগুন প্রজ্বালন) পরীক্ষা চলছে। রোববারের ছবি -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ভোলায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) তত্ত্বাবধানে আরও একটি গ্যাসকূপের খননকাজ শেষ হয়েছে। কূপটির নাম ভোলা নর্থ-৩। রোববার সকালে গ্যাসের মজুত পরীক্ষা করতে ড্রিল স্টেম টেস্টের (ডিএসটি) জন্য আগুন প্রজ্বালন করা হয়েছে। এটি ভোলার দশম গ্যাসকূপ।
প্রকৌশলীরা সকাল ৮টা ২০ মিনিটে এ কূপের ডিএসটি শুরু করেন। কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী আহসানুল আমিন।
এর আগে ৯ সেপ্টেম্বর কূপটির খনন কাজ শুরু হয়। ২২ অক্টোবর খনন কাজ শেষ হয়। ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন করা হয়। এবারই প্রথম ভোলা অঞ্চলে খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এর আগে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম জেলায় সাতটি কূপ খনন করে।
১৯৯৫ সালে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর প্রথম আগুন প্রজ্বালন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে খনন করা হয় আটটি কূপ। বর্তমান কূপটি নিয়ে মোট ১০টি কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। আরও চারটি কূপ খনন করবে চীনা কোম্পানি। এসব কূপের জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।
প্রকৌশলীরা জানান, ভোলা নর্থ-৩ কূপের গ্যাসের মজুত নির্ণয়ের জন্য ৩ হাজার ৫২৬ মিটার গভীর (এমডি) পর্যন্ত খনন করা হয়েছে। ডিএসটির আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে এ কূপ থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ডিএসটি শেষে গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপের তথ্য যাচাই করে চূড়ান্ত ফলাফল জানানো হবে বলে জানান প্রকল্প পরিচালক।
এর আগে জেলা সদর উপজেলায় ভেদুরিয়া এলাকায় ভোলা নর্থ-১, ভোলা-২, ইলিশা-১, ইলিশা-২, ইলিশা-৩ কূপ খনন সম্পন্ন হয়। জেলায় নতুন করে ১৯টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৫টি খননের জন্য গেল তত্ত্বাবধায়ক সরকার অনুমোদন দেয়। পাঁচ কূপ প্রকল্পের খননকাজ পরিচালনা করছে সিনোপ্যাক।
এ প্রকল্পের আওতায় ভোলা নর্থ-৩, ভোলা নর্থ-৪, শাহবাজপুর-৫ ও শাহবাজপুর-৭ মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ এবং শাহবাজপুর নর্থ ইস্ট-১ অনুসন্ধান কূপ অন্তর্ভুক্ত রয়েছে। ভোলা নর্থ-৩ কূপ খনন শেষে শাহবাজপুর নর্থ ইস্ট-১ কূপ খনন কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রকল্প পরিচালক। বাপেক্স সূত্র জানায়, ভোলার তিনটি আবিষ্কৃত গ্যাসক্ষেত্র শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশায় ভূগর্ভে প্রায় ২ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১ দশমিক ৪৩ টিসিএফ উত্তোলনযোগ্য বলে প্রাক্কলন করা হয়েছে। ভোলা অঞ্চলের বৃহত্তর পরিকল্পনায় ২০২৫-২০৩০ সাল মেয়াদে মোট ১০টি নতুন কূপ খননের উদ্যোগ রয়েছে। এসব কূপ থেকে প্রত্যাশিত হারে গ্যাস পাওয়া গেলে দৈনিক ২৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।
এদিকে ভোলায় নতুন কূপ খননে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করলেও তাদের অধিকাংশের অভিযোগ, জেলায় গ্যাসের মজুত থাকলেও এর সুফল পাচ্ছেন না তারা। ভোলায় আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল জানান, দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে আবাসিক ও গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহার করতে প্রয়োজন মাত্র ১ মিলিয়ন ঘনফুট গ্যাস।
