বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ
এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ
এম শাহজাহান
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যবসা-বাণিজ্যের দীর্ঘসূত্রতা কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা সহজীকরণ, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং নতুন শিল্প খাতের বিকাশে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বর্তমানে যেসব সরকারি সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগে, তা কমিয়ে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যুগান্তরকে বলেন, এলডিসি উত্তরণে জাতীয় রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। তিন বছর বাড়তি সময় চাওয়ার উদ্দেশ্য উত্তরণ পিছিয়ে দেওয়া নয়। বরং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অর্থনীতিকে আরও স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক করা। তিনি বলেন, সরকারের পরিকল্পনায় জ্বালানি নিরাপত্তা, ব্যাংক খাতের সংস্কার ব্যবসা পরিচালনা সহজ করা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর বিষয়টিও রয়েছে।
জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ যুগান্তরকে বলেন, এলডিসি উত্তরণে বাড়তি যে সময় পাওয়া গেছে সেটি বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীর বড় সাফল্য। ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাদের এ দাবি পূরণ হওয়ায় অর্থনীতিতে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, সে সময় অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে বর্তমান সরকার। এলডিসি উত্তরণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতেই হবে।
এদিকে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্যমন্ত্রী বলেছেন, ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পাওয়ার প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করা হচ্ছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে এসব সেবা দ্রুত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে ব্যবসায়ীদের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে হয়রান হওয়া, প্রশাসনিক জটিলতা ও ব্যবসার খরচ কমবে। বিশ্বব্যাংকের জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, দক্ষতা উন্নয়ন ও এফটিএ সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপের পাশাপাশি এর সহযোগী প্রতিষ্ঠান আইএফসিও কাজ করতে আগ্রহী।
পোশাকনির্ভরতা কমিয়ে নতুন শিল্পে নজর : রপ্তানি বহুমুখীকরণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। এ নির্ভরতা কমাতে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, প্রক্রিয়াজাত খাদ্য এবং স্বর্ণালঙ্কার শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ রয়েছে। স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার পরিকল্পনাও রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগোচ্ছে। আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
এলডিসি উত্তরণে ৩৫ লাখ ডলারের প্রকল্প : এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় তিন বছর মেয়াদি কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ প্রকল্পে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখ ডলার তহবিল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ২৫ লাখ ডলার সাতটি অগ্রাধিকার খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মার্কেট ইন্টেলিজেন্স ব্যবস্থা গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বাজার সম্প্রসারণ, পরিবেশ-সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড এবং কার্বন মার্কেট নীতিমালা প্রণয়ন অন্যতম। আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের দক্ষতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
ফিজি ও অস্ট্রেলিয়ার বাজারেও নতুন সম্ভাবনা : এদিকে নতুন বাজার অনুসন্ধানেও উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা রয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দেশটির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির বৈঠকে এ বিষয়ে আলোচনাও হয়। প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক যান ফিজিতে। পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা মেটাতে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। ফলে কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে।
ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের শ্রম স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া অঞ্চলে রপ্তানি বাজার সম্প্রসারণে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’। ১৭ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে ২০ দেশের ৯ শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় অংশ নিয়েছে। তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজছেন বাংলাদেশের উদ্যোক্তারা।
