Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ডিএফসি তালিকায় বাংলাদেশ

মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

Advertisement

বিদেশি ঋণ ও বিনিয়োগ পেতে নতুন একটি দরজা খুলেছে বাংলাদেশের সামনে। যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করায় এখন সংস্থাটির কাছ থেকে সরাসরি ঋণ, প্রকল্প সহায়তা ও বেসরকারি খাতে ইকুইটি বিনিয়োগের আবেদন করতে পারবে বাংলাদেশ। পাশাপাশি অন্য উৎস থেকে নেওয়া ঋণের পরিশোধের গ্যারান্টি ও রাজনৈতিক ঝুঁকিসহ বিভিন্ন ধরনের বিমা সুরক্ষাও পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এর ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের নতুন উৎস পাওয়ার পাশাপাশি বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হতে পারে। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও টেলিযোগাযোগসহ সাতটি অগ্রাধিকার খাতে অর্থায়নের সুযোগ রয়েছে। তবে যোগ্যতা অর্জন করলেই অর্থ পাওয়া নিশ্চিত নয়। প্রতিটি প্রকল্পকে ডিএফসির নির্ধারিত শর্ত ও মূল্যায়ন প্রক্রিয়া অতিক্রম করতে হবে।

এদিকে বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শ্রমবান্ধব নীতি গ্রহণ ও শ্রম আইন প্রণয়নের ধারাবাহিকতায় এ যোগ্যতা অর্জিত হয়েছে। তার মতে, এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) বাংলাদেশকে তাদের অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক অধিকার, সংগঠন করার স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ এ যোগ্যতা অর্জন করতে পারেনি।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে অর্থায়নের নতুন উৎস পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। সরাসরি বড় অঙ্কের ঋণ বা বিনিয়োগ না পাওয়া গেলেও এর গ্যারান্টি ও বিমা সুরক্ষা ব্যবহার করে অন্য উৎস থেকে বড় ঋণ বা বিনিয়োগ সংগ্রহ সহজ হতে পারে। এতে ঋণদাতাদের কাছে বাংলাদেশের ঝুঁকি কম বলে বিবেচিত হবে। পাশাপাশি ঋণের মেয়াদ বাড়ানো ও সুদ কমানোর বিষয়ে দর-কষাকষির সুযোগ তৈরি হবে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখনো কঠিন ও ব্যয়বহুল বলে বিবেচিত হয়। এ কারণে বিদেশি বিনিয়োগকারীরা প্রায়ই নিরুৎসাহিত হন। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি কমানোর বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ এসব উদ্বেগের কিছুটা সমাধান করতে পারে। বিশেষ করে জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোয় মার্কিন বিনিয়োগ আনার সম্ভাবনা তৈরি হবে।

ডিএফসি কী এবং কেন অর্থায়ন করে : ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি পুঁজি সংগ্রহ এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে কাজ করে সংস্থাটি। ২০২৫ সালে কার্যক্রম সম্প্রসারণের ক্ষমতা দেওয়া হয়।

ডিএফসির বিনিয়োগের অন্যতম উদ্দেশ্য হলো মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, মার্কিন করদাতাদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করা এবং প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখা। বর্তমানে ১৯২টি দেশ সংস্থাটির অর্থায়নের যোগ্য। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ।

ছয় ধরনের অর্থায়ন সুবিধা : ডিএফসি থেকে ছয় ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়। এগুলো হলো-সর্বোচ্চ ২৫ বছর মেয়াদি সরাসরি ঋণ। ব্যবসাপ্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন। বেসরকারি খাতের মূলধন ঘাটতি পূরণে সরাসরি ঋণ ও ইকুইটি বিনিয়োগ। মুদ্রা বিনিময়ের অস্থিরতা, সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিনিয়োগে ক্ষতির ঝুঁকি মোকাবিলায় বিমা সুরক্ষা এবং সর্বশেষ ঋণ পরিশোধের গ্যারান্টি।

এগুলোর মধ্যে ঋণের গ্যারান্টি ও বিমা সুরক্ষা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, বিদেশি ঋণদাতা ও বিনিয়োগকারীরা কোনো দেশে অর্থায়নের আগে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ঝুঁকি বিবেচনা করেন। ডিএফসির সুরক্ষা থাকলে এসব ঝুঁকির প্রভাব কমতে পারে। এতে আন্তর্জাতিক ঋণদাতা ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার পাশাপাশি বড় প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হতে পারে।

সাতটি খাতে বিনিয়োগের সুযোগ : ডিএফসি মোটাদাগে সাতটি খাতে বিনিয়োগ করে থাকে। এগুলো হলো গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবা। বাংলাদেশ চাইলে এসব খাতের প্রকল্প বাস্তবায়নে সংস্থাটির অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।

বাংলাদেশের জন্য জ্বালানি ও অবকাঠামো খাত বিশেষ গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন, পরিবহণ অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং টেলিযোগাযোগে বড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। এসব খাতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়লে নতুন পুঁজি ও প্রযুক্তি আসার সম্ভাবনা তৈরি হবে।

ডিএফসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন দেশে ৪০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে সংস্থাটি। এ ছাড়া অর্থায়নের ঘাটতি মোকাবিলায় ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে।

অর্থায়ন পেতে পাঁচ শর্ত : ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় যুক্ত হওয়া প্রথম ধাপ। কোনো প্রকল্প বা ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থায়ন পেতে হলে পাঁচটি প্রধান শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো-প্রকল্প বা ব্যবসাপ্রতিষ্ঠানটি ডিএফসির কার্যক্রম পরিচালনার আওতাভুক্ত দেশে অবস্থিত হতে হবে। বর্তমানে ১৯২টি দেশ এ তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা এ তালিকায় রয়েছে।

প্রকল্পকে ডিএফসির পরিবেশ ও সামাজিক মানদণ্ড মেনে চলতে হবে। পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থরক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্পটি স্বাগতিক দেশের জন্য ইতিবাচক প্রভাব তৈরি করছে কি না, তা বিবেচনা করা হবে।

প্রকল্পটি ডিএফসির উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অথবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অর্থায়ন করে সংস্থাটি। এ ক্ষেত্রে দরিদ্রতম দেশ ও সংঘাতপ্রবণ অঞ্চলগুলোও বিবেচনায় থাকে।

সংশ্লিষ্ট বিনিয়োগকারী বা ব্যবসাপ্রতিষ্ঠানের ওই শিল্প খাতে সাফল্যের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প পরিচালনার জন্য ব্যবস্থাপনা দলের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। একই বা কাছাকাছি ধরনের ব্যবসায় সাম্প্রতিক সময়ে সফলতার প্রমাণিত রেকর্ড এবং আর্থিক বিবরণীর মাধ্যমে তা দেখাতে হবে।

যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও গুরুত্বপূর্ণ : ডিএফসির অর্থায়ন কেবল উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির স্বার্থও জড়িত। সংস্থাটির বিনিয়োগের অন্যতম লক্ষ্য হলো অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখা।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, এ যোগ্যতা অর্জনের ফলে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি মূলধন সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে লাভজনক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হবে। এখন এ সুযোগকে বাস্তব বিনিয়োগে রূপান্তর করাই সরকারের সামনে বড় কাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

টোকিওতে তারেক রহমানের সঙ্গে তারো আসোর বৈঠক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

বৃহত্তর মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

বৃহত্তর মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

ফুল নিয়েও অসৎ বাণিজ্য!

ফুল নিয়েও অসৎ বাণিজ্য!

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

বৃহত্তম বাণিজ্য জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

আরসিইপিতে সদস্যপদ নিয়ে আলোচনা বৃহত্তম বাণিজ্য জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

আরও পড়ুন

ডিএফসি তালিকায় বাংলাদেশ মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

যুগান্তরকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ

এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম