যুগান্তরকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে * সন্ত্রাসীরা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে
আহমদ মুসা রঞ্জু, খুলনা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেপরোয়া রূপ নিয়েছে। গত নয় মাসে নগরীতে ৩৭ জন খুন হয়েছেন। উচ্চপর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী-কেউই চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। গত এক মাসে নগরীর অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাঁদা দিতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বয়ং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। চরম ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। কিন্তু এর মধ্যেই নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
খুলনায় এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধ বৃদ্ধির কারণ, এর থেকে উত্তরণের উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে একান্তে কথা বলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দেন বিভিন্ন প্রশ্নের উত্তর। তিনি জানান, এখানকার সন্ত্রাসীরা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সন্ত্রাসীদের দমনে বিভিন্ন বাহিনীর সমন্বিত পদক্ষেপ অর্থাৎ যৌথ অভিযান প্রয়োজন। অন্যথায় খুলনা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
যুগান্তর : খুলনার বর্তমান পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন?
মঞ্জু : খুলনার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সন্ত্রাসী কর্মকাণ্ড বেপরোয়া রূপ নিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। চাঁদা দিতে না পারলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। কয়েকটি ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা অন্য ব্যবসায়ীদের কাছে আতঙ্কের বার্তা পৌঁছে দিচ্ছে। ফলে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদা দিতে না পেরে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে খুলনা শহর বসবাসের যোগ্যতা হারাবে।
যুগান্তর : কেন হঠাৎ খুলনায় এত খুনাখুনি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেল? এর পেছনের কারণ কী?
মঞ্জু : ৯-১০টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে মাদককে কেন্দ্র করে মূলত এই খুনাখুনি হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, খুলনায় শতকোটি টাকার মাদকের বাজার রয়েছে। আওয়ামী লীগ দীর্ঘদিন এসব সন্ত্রাসী গোষ্ঠীকে লালনপালন করেছে। ফ্যাসিস্ট দলটির পতনের পর মাদকের এই বিশাল বাজারের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে সংঘাত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চাঁদাবাজি। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের টার্গেট করছে এবং সহিংসতার মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। কয়েকটি ঘটনা ঘটিয়ে তারা অন্যদের ভয় দেখাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
যুগান্তর : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দায় কতটুকু? আট মাসেও কেন পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না?
মঞ্জু : ১৭ বছরের অপশাসনের জঞ্জাল একমুহূর্তে সরানো সম্ভব নয়। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। মানুষকে সচেতন করা হচ্ছে। পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। তবে সন্ত্রাস দমনে বেগম খালেদা জিয়া একটি রোল মডেল। ২০০১ সালে আপনারা দেখেছেন, কীভাবে যৌথ বাহিনীর মাধ্যমে দেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। আমরা আশা করছি, এই শহর থেকেও সন্ত্রাস নির্মূল হবে।
খুলনার অর্থনৈতিক অবস্থার সঙ্গেও অপরাধপ্রবণতার সম্পর্ক রয়েছে। একসময় এ অঞ্চলে অসংখ্য কলকারখানা চালু ছিল। সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো সচল করার উদ্যোগ নিয়েছে। এতে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি গতিশীল হবে। মানুষের আয়-রোজগারের সুযোগ তৈরি হলে অপরাধপ্রবণতাও অনেকটা কমে আসবে।
যুগান্তর : অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা রাজনৈতিক দলের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। এমনকি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন?
মঞ্জু : সন্ত্রাসীরা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে একপর্যায়ে বেপরোয়া হয়ে উঠেছিল। তবে পুলিশ সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। তারা কাজ করছে, আসামিরাও গ্রেফতার হচ্ছে। এখানকার সন্ত্রাসীদের সঙ্গে রাজনৈতিক কোনো নেতার দায় রয়েছে বলে আমি মনে করি না। এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তবে কারও বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ থাকলে সেটি প্রশাসনের অজানা থাকার কথা নয়। আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে শতভাগ স্বচ্ছ। কারও বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। আমার দলের অনেক নেতাকর্মী মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। এ কারণে এখন পর্যন্ত বিএনপির ১০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। যারা গ্রেফতার হচ্ছে, তাদের রাজনৈতিক পরিচয় নেই। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাই এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
যুগান্তর : তাহলে কি রাজনৈতিক প্রভাবের বাইরে থেকেই অপরাধীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে?
মঞ্জু : আমি বলছি, সন্ত্রাসীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার কাছে আসেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রশাসনের উচিত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া। অপরাধী যে পরিচয়েরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের রক্ষাকবচ না হয়।
যুগান্তর : নগরীর ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক হামলা ও চাঁদাবাজির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত। অনেকে প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কী উদ্যোগ প্রয়োজন?
মঞ্জু : ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এভাবে চাঁদাবাজি ও হামলা চলতে থাকলে শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না, পুরো নগরীর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সন্ত্রাসীরা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে অন্যদের ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু পুলিশি তৎপরতা দিয়ে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। আইনশৃঙ্খলায় নিয়োজিত সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে।
যুগান্তর : অল্প সময়ের মধ্যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
মঞ্জু : পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য বাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠন করতে হবে। তাদের মাধ্যমে পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে। সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল উৎস বন্ধ করতে না পারলে পরিস্থিতির স্থায়ী উন্নতি হবে না।
যুগান্তর : খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা কথা বলেছেন। সেখানে কী আলোচনা হয়েছে এবং কী আশ্বাস পেয়েছেন?
মঞ্জু : প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমরা তার কাছে খুলনার বর্তমান পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং নগরবাসীর নিরাপত্তাহীনতার বিষয়গুলো তুলে ধরেছি। প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, খুলনাকে শান্ত করতে এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে। আশা করছি, দ্রুত কার্যকর পদক্ষেপ দেখা যাবে।
যুগান্তর : সম্প্রতি নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আপনি কি মনে করেন, এর সঙ্গে সন্ত্রাসীগোষ্ঠী জড়িত?
মঞ্জু : এর সঙ্গে সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে। তবে আমার মনে হয়, ১৯ নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি রয়েছে, সেটি সামনে রেখে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার রহস্য প্রশাসন অচিরেই উদ্ঘাটন করতে পারবে বলে আশা করছি।
যুগান্তর : নগরবাসী এখন আশ্বাসের পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায়। তাদের উদ্দেশে কী বলবেন?
মঞ্জু : আমরা চাই খুলনা শান্তিপূর্ণ ও নিরাপদ নগরী হিসাবে গড়ে উঠুক। ব্যবসায়ী, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন নিরাপদে বসবাস ও কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি। সরকার এ বিষয়ে আন্তরিক। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
