জাতীয় সংসদ অধিবেশন
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই দায়িত্বশীল ব্যক্তিরা কোনো সিদ্ধান্তমূলক বক্তব্য দিলে অধস্তন কর্মকর্তাদের ওপর তার প্রভাব পড়তে পারে। এতে সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ তৈরি হয়। রোববার জাতীয় সংসদে নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে এসব কথা বলেন নুসরাত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আগের দিন সংসদে কোনো চূড়ান্ত বক্তব্য দেইনি। প্রাথমিক তদন্তে বোমার কোনো আলামত পাওয়া যায়নি এবং শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণার কথা জানিয়েছিলাম। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে। সোমবার তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। রোববার জাতীয় সংসদে এসব আলোচনা হয়।
নিজের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা তুলে ধরে নুসরাত তাবাসসুম বলেন, এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুবার আহত হয়েছি। প্রথমবার আমি যখন দেখেছি যে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আর দ্বিতীয়বার যখন আমি দেখেছি এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মীরা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখার বা দেখানোর চেষ্টা করেছেন।
নুসরাত তাবাসসুম বলনে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে সারা বাড়িতে একযোগে আগুন জ্বলে উঠেছে। বাড়ি থেকে নারীরা-বাচ্চারা দৌড়ে বের হয়ে আসছে। ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। তখনো বাড়ির দেওয়ালের বৈদ্যুতিক বাতিটি জ্বলছিল। নুসরাত তাবাসসুম বলেন, এই চাক্ষুস প্রমাণ থাকা সত্ত্বেও যখন সংসদে বলা হয় বাড়িটি পরিত্যক্ত বা শর্টসার্কিটের ঘটনা, তখন আমার মনে হয় তদন্ত চলাকালীন এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে।
নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য উল্লেখ করে নুসরাত বলেন, সহকর্মীদের কাছ থেকে সামান্য সংবেদনশীলতা ও সহমর্মিতা আশা করেছিলাম। তিনি প্রশ্ন করেন, একটি ঘটনার পর সন্ত্রাসীরা উল্লাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে দায় স্বীকার করার পরও তাদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা কতটা যুক্তিযুক্ত?
নুসরাত তাবাসসুম আরও বলেন, একই ধরনের ঘটনা গোপালগঞ্জে ঘটছে। বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের উল্লাস দেখা যাচ্ছে। প্রকাশ্যে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রাণ নিয়ে পালানোর হুমকি দেওয়া হচ্ছে। জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন, তারাই এখন লক্ষ্য। নিজের ও পরিবারের পাশাপাশি জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের নিরাপত্তা দাবি করেন নুসরাত। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার কবে এবং কীভাবে পাবেন, তা-ও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তিনি বলেন-সেদিন আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাইনি। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা বলা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুনে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য। সেখানে গরুও ছিল বলে শুনেছি। বাড়ি থেকে কোনো মানুষ বের হননি, এমন কথা বলিনি। পরে ভিডিওতে একজন নারীকে শিশুকে কোলে নিয়ে বের হতে দেখেছি। এসব বিষয় তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে।
নুসরাত তাবাসসুম রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়েও আইনানুগ প্রক্রিয়া চলছে। তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়। সংসদীয় ভাষায় আলোচনা করতেই সংসদ-সদস্যরা এখানে আসেন। এ সময় ‘প্রভাবিত’ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো সংসদ-সদস্যের ওপর আক্রমণ কিংবা জানমালের ওপর যে কোনো ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনা কঠোরভাবে দেখা হবে।
পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ নুসরাত তাবাসসুমকে তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তদন্ত প্রভাবিত হতে পারে’ এটি কোনো অসংসদীয় বক্তব্য নয়। একজন আক্রান্ত ব্যক্তির এমন আশঙ্কা থাকতেই পারে।
তদন্তে আরও ৭ কার্যদিবস সময় চাইল কমিটি : দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন রোববার জমা দেওয়ার কথা ছিল। এ কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘আজ (রোববার) কুষ্টিয়া সার্কিট হাউজে তদন্ত কমিটির সব সদস্য বৈঠক করেছি। বৈঠকে সবার সর্বসম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও ৭ কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ সময় বাড়ানোর কারণ হিসাবে তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন হাতে পেতে কিছুটা সময় লাগছে। ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দৌলতপুর থানায় মামলা করেন সংসদ-সদস্য নুসরাত। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
