কারিগরি ও আর্থিক জটিলতা
বন্ধ স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপা
|
ফলো করুন |
|
|---|---|
কারিগরি ও আর্থিক জটিলতার কারণে ১০ দিন ধরে বন্ধ হয়ে আছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপার কাজ। প্রিন্টিং মেশিনের সফটওয়্যার সমস্যা, দীর্ঘদিন বকেয়া বিল পরিশোধ না করা এবং দক্ষ জনবল সংকটে ৫ নভেম্বর থেকে স্মার্ট এনআইডি কার্ড ছাপার কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সেবা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ৫ নভেম্বরের আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্মার্ট এনআইডি কার্ড ছেপে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। ২০২৪ সালের ১ জুন থেকে চুক্তি ছাড়াই ওই কার্ড ছেপে আসছে। ওই সময়ে সাধারণ মানুষের জন্য বিপুলসংখ্যক কার্ড ছাপা হতো না। শুধু অনুরোধে ঢেঁকি গেলা হিসাবে বিশেষ ব্যক্তিদের জন্য কার্ড প্রিন্ট করত ইসি। এখন সেটিও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে আজ অনুষ্ঠেয় কমিশনের ১৪তম সভায় এ বিষয়টি তোলা হচ্ছে। ওই সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে ভোট হবে- সেটিও নির্ধারণের কথা রয়েছে। এমনকি নভেম্বরের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের এ সভা অনুষ্ঠিত হবে। সভায় চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্টদের অংশ নেওয়ার কথা রয়েছে। ওই সভায় স্থানীয় সরকার নির্বাচন ও এনআইডি কার্ড পার্সোনালাইজেশন সংক্রান্ত দুটি বিষয় এজেন্ডা হিসাবে রয়েছে।
জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ যুগান্তরকে বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপার বিষয়ে কিছু সমস্যা উদ্ভূত হয়েছে। ওইসব বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা হবে।
কমিশন সিদ্ধান্ত দিলে সেই আলোকে পুনরায় স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ২১ জানুয়ারি অনুষ্ঠেয় প্রথম ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। এক্ষেত্রে প্রতিটি জেলার সদর উপজেলার ইউনিয়নগুলোকে তালিকায় রাখা হতে পারে।
স্মার্ট এনআইডি ছাপার বিষয়ে আরও জানা গেছে, দেশে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটার রয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটারের স্মার্ট এনআইডি পাওয়ার কথা। এজন্য বিপুল ব্যয়ে পরপর দুটি প্রকল্প বাস্তবায়নও করছে ইসি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ বছরে ৮ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার স্মার্ট এনআইডি প্রিন্ট হয়েছে। এর মধ্যে মাঠপর্যায়ে বিতরণ হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৭১ হাজার। ১ কোটি ৩৯ লাখ কার্ড এখনো বিতরণ হয়নি। এই হিসাবে এখন পর্যন্ত সাড়ে ৫ কোটি মানুষের স্মার্ট কার্ড এখনো প্রিন্ট হয়নি। যদিও একই ব্যক্তির একাধিক কার্ড নেওয়ার ঘটনাও রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) স্মার্ট এনআইডি প্রিন্ট করে আসছে। একই সঙ্গে কার্ড প্রিন্টিং মেশিনও এ প্রতিষ্ঠানের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হয়। ২০১৯ সালের ১৭ সেপ্টম্বর থেকে এখন পর্যন্ত ইসির কাছে এই প্রতিষ্ঠানটির বকেয়া ৩৪ কোটি ২৩ লাখ টাকা। দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়া, সফটওয়্যার জটিলতা ও মেশিনে ত্রুটি থাকায় ছাপার কাজ বন্ধ হয়ে গেছে। এরপরই নড়েচড়ে বসেছে কমিশন। প্রতিষ্ঠানটির পাওনা টাকা দেওয়ার বিষয়টি আজ অনুষ্ঠেয় কমিশন সভায় উঠছে। যদিও এ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড ছাপানোর বিষয়ে ৭৪ কোটি টাকার অডিট আপত্তি রয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, ইসি ২ কোটি ৩৬ লাখ নতুন স্মার্ট কার্ড সংগ্রহ করেছে। নতুন কার্ড প্রিন্ট করতে হলে মেশিন মেরামত প্রয়োজন হবে। বর্তমানে ইসির ১০টি প্রিন্টিং মেশিনের মধ্যে ৯টি সচল করা সম্ভব হবে। একটি পুরোপুরি অচল। এজন্য সফটওয়্যার আপডেটসহ অন্যান্য প্রস্তুতি নেওয়ারও প্রয়োজন হবে। তাহলে ৯টি মেশিনে গড়ে প্রতি ঘণ্টায় চার হাজার ২০০টি কার্ড ছাপা সম্ভব হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে ইসি সূত্র জানায়, আজ অনুষ্ঠেয় কমিশন সভায় কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে নির্বাচন হতে পারে, সেই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে দুই হাজারের বেশি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত আসতে পারে। এই ধাপে এক হাজারের বেশি ইউপি নির্ধারণ করা হচ্ছে। এছাড়া ইউপি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। চলতি মাসের শেষের দিকে এ বৈঠক হওয়ার বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

