রাষ্ট্রদ্রোহ মামলা
রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর
আহমেদ মুসা, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা। বেশকিছু সুনির্দিষ্ট বিষয় সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি মুখ খুলছেন না। মোবাইল ফোন থেকে পাঠানো আওয়ামী লীগকে পুনর্বাসনসংক্রান্ত খুদে বার্তার বিষয়টি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এসপি জাহাঙ্গীর আলম। রোববার চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে আদালত থেকেই জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় সিএমপির এসআরইউ কার্যালয়ে। সেখানে ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। কর্মকর্তরা তার কাছে জানতে চান ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’-এসব টেক্সট কাদের কাছে পাঠানো হয়েছিল, কেন পাঠানো হয়েছিল। তবে জাহাঙ্গীর আলম এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদিও তদন্ত সংস্থা জানতে পেরেছে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন। মামলার এজাহারেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এজাহারে যা আছে : এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে করা মামলার এজাহারের কপি যুগান্তরের হাতে এসেছে। এতে বলা হয়েছে, তার (জাহাঙ্গীর আলম) মোবাইল ফোন থেকে পাঠানো বিভিন্ন খুদে বার্তা বা এসএমএস-এ আওয়ামী লীগ পুনর্বাসনচেষ্টার পুরো চিত্র ফুটে উঠেছে। ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে জাহাঙ্গীরের ব্যক্তিগত মোবাইল নম্বর এবং তার ব্যবহৃত ‘ডেড্রিমার’ নামক অ্যাপ অ্যাকাউন্ট থেকে জনৈক ব্যক্তির উদ্দেশে সংবেদনশীল বার্তা পাঠান। ওই বার্তায় লেখা হয়, ‘ডিয়ার স্যার, বেস্ট উইশেস ফর ইউ। ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি রিস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর। স্টেই ফাইন স্যার। রিগার্ডস স্যার।’
এরপর রাত ৯টা ৫৭ মিনিটে পাঠানো দ্বিতীয় বার্তায় উল্লেখ করা হয়, ‘আসসালামু আলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’ বার্তায় জাহাঙ্গীর আলম আরও লেখেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকলেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য ও ডিজিটাল আলামত পাওয়া যাচ্ছে।
তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রামের গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত (পলাতক) আওয়ামী লীগ নেতা বা তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে সহায়তা করেছেন।
বৃহস্পতিবার প্রথম এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে আওয়ামী লীগসংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ওই অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়েছিল। ফরেনসিক প্রতিবেদনে ঘটনার সত্যতা পায় সংস্থাটি। এরপর শনিবার রাতে আরআরএফ শাখার সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলা করেন। এরপর ওই রাতেই নাসিরাবাদ হাউজিং সোসাইটির চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা। রোববার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি রিমান্ডে রয়েছেন।
জানা যায়, জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশবাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। তবে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। যদিও তার স্ত্রী রোববার আদালত চত্বরে দাবি করেন, তার স্বামী কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। লেখাপড়া শেষ করেই চাকরিতে যোগ দেন। তার স্বামী একটি কৃষক পরিবার ও গরিবের সন্তান। তার স্বামীর মোবাইল ফোন হ্যাক করেই ফাঁদে ফেলা হয়েছে।
তবে তদন্তকারী সংস্থা তার সেই দাবি মানতে নারাজ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, এসপি জাহাঙ্গীর আলমকে রোববার সন্ধ্যা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই এ নিয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
