Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ঘূর্ণিঝড় আকভানে উত্তাল সাগর

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে জনজীবন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে জনজীবন

Advertisement

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ‘আকভান’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও প্রবল বেগে বৃষ্টি ঝরতে থাকে। নভেম্বরের শেষভাগে হঠাৎ এমন বৃষ্টিতে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। ভোগান্তিতে পড়েন কর্মব্যস্ত মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও পাঁচ বিভাগে থাকতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকে আকাশ মেঘলা। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে আবহাওয়ায় সৃষ্টি হয়েছে শীতের আমেজ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে স্বাভাবিক কর্মব্যস্ততাতেও কিছুটা প্রভাব পড়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ‘আকভান’-এর প্রভাবে শুরু হওয়া বৃষ্টি আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৯ থেকে ১৮৮ মিলিমিটার অতিভারী বৃষ্টি হতে পারে।

বরিশাল : আকভানের প্রভাবে বরিশালে ভোররাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। সকাল গড়িয়ে দুপুর, এরপর বিকালেও থামেনি বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে নগরীসহ আশপাশের এলাকা। বৃষ্টির কারণে সকাল থেকেই নগরীর রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হননি।

বরিশাল আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত বরিশালে ২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভোলা ও মনপুরা : ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপকূলেও। রাতভর ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বুধবার রাত ১০টা থেকে ভোর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রবলবেগে বৃষ্টি পড়তে থাকে। দ্বীপ উপকূল মনপুরায় প্রবলবেগে বর্ষণ শুরু হওয়ায় প্রবল শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া দপ্তরের কোনো ধরনের সর্তকতা জারি না থাকায় মনপুরা থেকে সব নৌরুটে যাত্রী ও মালবাহী লঞ্চ, সি-ট্রাক, ট্রলারসহ মালবাহী ট্রলার যথা নিয়মে চলছে জানান ঘাটের দায়িত্বরত সুপারভাইজাররা। এদিকে বৈরী পরিবেশের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় লঞ্চ যাত্রী ও শ্রমজীবীদের। ২০ টাকার রিকশা ভাড়া দিতে হয়েছে ৫০ থেকে ১০০ টাকা।

সাতক্ষীরা : ‘আকভান’-এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এর আগে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলীয় জনপদে বৃষ্টি ও বাতাসের সঙ্গে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের চলাচল ও যানবাহন তুলনামূলক কম ছিল।

মোংলা ও শরণখোলা (বাগেরহাট) : সমুদ্র উত্তাল হয়ে ওঠায় মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। একই সঙ্গে মেঘলা আবহাওয়ায় চাতালে মাছ শুকানোর কাজও প্রায় বন্ধ। এতে করে বিপাকে পড়েছেন সুন্দরবন সংলগ্ন দুবলার চরের শুঁটকি ব্যবসায়ী ও সমুদ্রগামী জেলেরা। এমন পরিস্থিতিতে প্রায় ১০ হাজার জেলের জীবিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া সম্ভব হচ্ছে না। মাছ ধরা বন্ধ থাকায় যেমন আয় হচ্ছে না, তেমনি রোদ না থাকায় মাছ শুকানোর কাজও এগোচ্ছে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থামছে না রেলে কালোবাজারি কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

আইএএনএস’র প্রতিবেদন হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম