থামছে না রেলে কালোবাজারি
কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেও থামানো যাচ্ছে না রেলের টিকিট কালোবাজারি। এনআইডি ও ওটিপি বাধ্যতামূলক করার পরও কমেনি সিন্ডিকেটের দৌরাত্ম্য। কাগজে-কলমে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই। ফলে একজনের নামের টিকিটে ভ্রমণ করছেন অন্যজন। সংশ্লিষ্টরা বলছেন, এই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে পারলেই কালোবাজারি শূন্যে নেমে আসবে।
কিন্তু রেলওয়েতে রয়েছে ৬৭ শতাংশ টিটিই সংকট। টিকিট যাচাইয়ের পস মেশিনও নামমাত্র। এছাড়া আন্তঃনগর ট্রেন থামে এমন ২১৬টি স্টেশনের কোনোটিতেই প্রবেশ ও বাহির পথে শতভাগ নিরাপত্তা নেই। নজরদারির এই দুর্বলতায় ভেস্তে যাচ্ছে রেলের সব পরিকল্পনা।
রেল কর্তৃপক্ষের দাবি, ম্যানুয়াল কিংবা অনলাইন-টিকিট বিক্রির প্রক্রিয়ায় কোনো অনিয়ম নেই। নির্ধারিত মূল্যের চেয়ে কম বা বেশি দামে রেল টিকিট বিক্রি করতে পারে না। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারেন। কিন্তু ভ্রমণের সময় এনআইডি যাচাইয়ে কড়াকড়ি না থাকায় অন্যের নামের টিকিটে ভ্রমণ বন্ধ করা যাচ্ছে না।
লোকবল ও প্রযুক্তির স্বল্পতা থাকায় সব ধরনের পরিকল্পনাই ভেস্তে যাচ্ছে। সম্প্রতি সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেলের টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের শনাক্ত করা ও সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়ে কাজ চলছে। অনলাইনে টিকিট কেনার পর অন্যের কাছে হস্তান্তর ঠেকানো কঠিন। তদন্ত করেও টিকিট বিক্রির প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি। ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে সাধারণ যাত্রীদেরও সচেতন হতে হবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রতিদিন ৩৩৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, যার মধ্যে ১১৬টি আন্তঃনগর ট্রেন। এসব ট্রেনে প্রতিদিন প্রায় আড়াই থেকে পৌনে ৩ লাখ (বছরে প্রায় ৯ থেকে ১০ কোটি) যাত্রী যাতায়াত করেন। ১১৬টি আন্তঃনগর ট্রেনে আসন বা টিকিট রয়েছে প্রায় ৬৩ হাজার, যার সবকটিই অনলাইনে বিক্রি হয়।
অথচ এই ৬৩ হাজার টিকিটের বিপরীতে রেলে নিবন্ধিত যাত্রী রয়েছেন প্রায় ৮৫ লাখ। একজন যাত্রী সর্বোচ্চ চারটি করে টিকিট কাটতে পারায় মাত্র ১৫ হাজার ৭৫০ জন মানুষই সব টিকিট কিনে নিতে পারেন। রেলওয়ে অপারেশন দপ্তর ও টিকিট বিক্রির বেসরকারি অংশীদার ‘সহজ’-এর তথ্যমতে, প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারীই একসঙ্গে তিন থেকে চারটি করে টিকিট কাটেন।
নিয়ম অনুযায়ী, এনআইডি বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন এবং মোবাইল ফোনে আসা ওটিপি কোড যাচাই ছাড়া টিকিট কাটা যায় না। যাত্রার ১০ দিন আগে টিকিট ছাড়া হয় এবং সহযাত্রীদের নাম ও এনআইডি বা জন্মনিবন্ধন নম্বরও টিকিটে মুদ্রিত থাকে। তবুও স্টেশন এবং আশপাশের দোকানপাটসহ অনলাইনে চড়া দামে টিকিট মিলছে। বট ব্যবহার করে টিকিট ব্লক করার অভিযোগে রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রায় ১২ হাজার সন্দেহভাজন নিবন্ধন বাতিল করলেও এখনো ৮৫ লাখ অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে।
এ প্রসঙ্গে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল হোসেন যুগান্তরকে বলেন, আন্তঃনগর ট্রেনের বরাদ্দের ৬৩ থেকে ৬৪ হাজার টিকিটের বিপরীতে প্রায় ৮৫ লাখ মানুষ লড়াই করে। সীমিত আসনের কারণে চাহিদার অতি সামান্যই আমরা পূরণ করতে পারি।
টিকিট বিক্রিতে রেল কিংবা বেসরকারি অংশীদারের অনিয়ম করার সুযোগ নেই। তবে কোনো যাত্রী চারটি টিকিট কেটে নিজে ভ্রমণ না করে উচ্চমূল্যে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন-এমন অভিযোগ অসংখ্য। এছাড়া অবৈধ ওয়েবসাইট ও বটচক্রের মাধ্যমে কৃত্রিমভাবে টিকিট ব্লক করে চড়া দামে বিক্রির অভিযোগও রয়েছে।
রেলওয়ের পরিবহণ ও বাণিজ্যিক দপ্তর সূত্র জানায়, ওটিপি বাধ্যতামূলক হওয়ায় কোনো না কোনো নিবন্ধিত যাত্রীর নামেই টিকিট ইস্যু হয়। কিন্তু ইস্যুকৃত টিকিটের তথ্যের সঙ্গে ভ্রমণকারীর পরিচয় মিলিয়ে দেখতে রেল পুরোপুরি ব্যর্থ। রেলে পস (পয়েন্ট অব সেল) মেশিন রয়েছে নামমাত্র। সেই সঙ্গে ৬৭ শতাংশ টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) সংকট রয়েছে। দেশের ৫২৬টি রেলস্টেশনের মধ্যে ২১৬টিতে আন্তঃনগর ট্রেন থামে, যার কোনোটিতেই শতভাগ প্রবেশ ও বহির্গমন নিরাপত্তা নেই। ফলে বিনাটিকিটের যাত্রী বা একজনের টিকিটে অন্যজন অনায়াসে যাতায়াত করতে পারছেন।
রেলওয়ের প্রকৌশল ও পরিকল্পনা দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টিকিট কালোবাজারি নিয়ে একরকম চোর-পুলিশ খেলা চলছে। স্টেশনে প্রবেশ ও বাহির পথে পস মেশিন দিয়ে টিকিট যাচাই নিশ্চিত করা গেলে নকল বা অন্যের টিকিটে ভ্রমণ অসম্ভব হয়ে পড়বে। তখন কালোবাজারিদের কাছ থেকে কেউ আর টিকিট কিনবে না।
পরিবহণ ও অপারেশন দপ্তরের দুই কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় মাত্র ৫ থেকে ১০ শতাংশ টিকিট দেওয়া সম্ভব হচ্ছে। স্টেশন গেট ও ট্রেনের ভেতরে শতভাগ চেকিং নিশ্চিত করা গেলে কালোবাজারির অপবাদ আর থাকবে না।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী যুগান্তরকে বলেন, টিকিট যার, ভ্রমণ তার-এই নীতি শতভাগ কার্যকর করতে পারলেই কালোবাজারির অপবাদ ঘুচবে। কিন্তু রেলের ঊর্ধ্বতন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তা কার্যকর করতে চান না। ভারতে পাড়া-মহল্লার অসংখ্য এজেন্টের মাধ্যমে টিকিট বিক্রি হলেও ভ্রমণের সময় যার নামে টিকিট, তিনি ছাড়া অন্য কেউ উঠতে পারেন না। ব্যত্যয় ঘটলেই জেল-জরিমানা নিশ্চিত করা হয়। অথচ বাংলাদেশে এনআইডি ও ওটিপি বাধ্যতামূলক করেও যাত্রীর পরিচয় যাচাই না করায় কালোবাজারি থামছে না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম সামছুল হক যুগান্তরকে বলেন, রেল প্রকল্প বাস্তবায়নে এগিয়ে থাকলেও লোকসান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেবা ও নিরাপত্তা নিয়ে হাজারো অভিযোগ রয়েছে। আসলে টিকিট কালোবাজারি কোনো বড় সমস্যাই নয়। ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি শতভাগ নিশ্চিত করলে কালোবাজারি শব্দটাই থাকবে না।
রেলের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা মেনে নিয়ে অপারেশনের একটি বড় অংশ পেশাদার ও দক্ষ বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিতে হবে। বিশ্বের অনেক দেশেই অবকাঠামো সরকারের হাতে থাকে, আর সেবা ও পরিচালনার দায়িত্ব পালন করে বেসরকারি খাত।

