অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল
দাবি উঠেছে পুনর্নির্মাণ ও সংরক্ষণের
জাফর আহমেদ, টাঙ্গাইল
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একটি ১৬ চালের টিনের ঘর। তবে চারপাশে নেই কোনো বেড়া। অথচ এর সঙ্গে জড়িয়ে আছে উপমহাদেশের রাজনীতি, কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস।
যে দরবারে বসে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাধারণ মানুষের কথা শুনতেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন, আন্দোলনের দিকনির্দেশনা দিতেন-সেই ঐতিহাসিক দরবার হল আজও দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের সন্তোষে। কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে এর ঐতিহাসিক গুরুত্ব। দ্রুত সময়ের মধ্যে যথাযথ সংরক্ষণের উদ্যোগ জরুরি।
সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন শাহজামান দিঘির পাশে অবস্থিত এই দরবার হল শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক।
অথচ জাতীয় ইতিহাসের এমন মূল্যবান নিদর্শনকে ঘিরে নেই প্রত্যাশিত গবেষণা, তথ্যভিত্তিক প্রদর্শনী কিংবা পর্যাপ্ত সংরক্ষণ। জাতীয় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি পুনর্নির্মাণ ও সংরক্ষণের দাবিতে নতুন করে সোচ্চার হয়েছেন ইতিহাসবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ভাসানী অনুসারীরা।
ঐতিহাসিক সূত্র মতে, মওলানা ভাসানী ১৯৭০ সালে প্রথমে ছনের ছাউনিতে দরবার হলটি নির্মাণ করেন। কৃষক রাজনীতি এবং জাতীয় প্রশ্নে বহু গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তের সাক্ষী এই দরবার হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে মওলানা ভাসানীর বক্তব্য শুনতেন। অনেকের কাছে এটি ছিল ‘গণমানুষের সংসদ’।
পরবর্তীতে এটি টিনের ষোলচালা কাঠামোয় রূপ নেয়। এখানেই দেশের নানা রাজনৈতিক সংকট, কৃষক আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হতো। প্রায় এক হাজার মানুষের সমাবেশ করার সক্ষমতাসম্পন্ন এ দরবার হল একসময় দেশের রাজনৈতিক নেতাদের মিলনস্থল হিসাবে পরিচিত ছিল।
ইতিহাসবিদদের মতে, মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন, শোষণবিরোধী আন্দোলন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে দরবার হলটির নিবিড় সম্পর্ক রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে স্থাপনাটিকে সংরক্ষণ ও গবেষণাকেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্থানীয় সচেতন মহল মনে করেন, দরবার হলটি পুনর্নির্মাণের পাশাপাশি এখানে একটি আধুনিক সংগ্রহশালা, তথ্যকেন্দ্র ও গবেষণা আর্কাইভ গড়ে তোলা হলে দেশ-বিদেশের গবেষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপকৃত হবেন। একই সঙ্গে এটি ঐতিহাসিক পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেও বিকশিত হতে পারে। স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, মওলানা ভাসানীর ওফাত বার্ষিকী কিংবা জন্মবার্ষিকী এলে স্থাপনাটি ঘিরে নানা আয়োজন করা হয়। এছাড়া বছরের বেশির ভাগ সময় অবহেলিত থাকে দরবার হলটি। দেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষার জন্য হলেও দরবার হলটি আধুনিকায়ন করা জরুরি।
চান মিয়া নামের ভাসানীর এক অনুসারী বলেন, প্রায় এক হাজার মানুষের সমাবেশের উপযোগী এই দরবার হলে বিভিন্ন সময় রাজনৈতিক নেতাকর্মী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ সমবেত হতেন। দরবার হলের ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়ে যায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে। সেই ঐতিহাসিক দরবার হল এখন অবহেলিত।
তিনি আরও বলেন, ভাসানীকে নিয়ে আলোচনা, স্মরণসভা কিংবা ওফাতবার্ষিকীর আনুষ্ঠানিকতা যথেষ্ট নয়। তার আদর্শ ও সংগ্রামের ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সংরক্ষণ করতে হবে তার স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোও।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি হাসরত খান ভাসানী বলেন, বাংলাদেশের ইতিহাসের সাক্ষী দরবার হলটি দাদা মারা যাওয়ার পর তেমন আর সংস্কার করা হয়নি। দাদার প্রতিষ্ঠিত স্কুল-কলেজের সহযোগিতায় আমি পারিবারিকভাবে চালের টিনগুলো পরিবর্তন করেছি। টাইলসের কাজ করেছি। ইতিহাস ধরে রাখতে দরবার হলটি পুনর্নির্মাণ করা জরুরি।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, প্রতি বছরই মাজার, দরবারসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হচ্ছে। মওলানা ভাসানী হুজুরের দরবার হলসহ যে সব স্থাপনা আছে, সেগুলো আরও কীভাবে উন্নত করা যায় আগামীতে বাজেটে তা উল্লেখ করা হবে।
