Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

আইএএনএস’র প্রতিবেদন

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

Advertisement

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি ঘিরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক সংঘাত, নিরাপত্তা পরিস্থিতি ও দ্বিপক্ষীয় অমীমাংসিত বিষয়গুলো ঢাকা ও দিল্লি সম্পর্কের ওপর বাড়তি চাপ তৈরি করছে। খবর ভারতের সংবাদপত্র দ্য স্টেটসম্যানের।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আন্দোলন করে মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন তৈরি পোশাক শ্রমিকরা। এর মধ্যে রাজপথে রাজনৈতিক দলের সহিংসতা, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এর মধ্যে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন সামনে রেখে আওয়ামী লীগের সমর্থকরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে চলমান পরিস্থিতি সামাল দিতে চাপে পড়েছে বিএনপি সরকার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এক বছর আগে শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেন। বিক্ষোভকারীদের ওপর তার সরকারের দমন-পীড়নের অভিযোগের সঙ্গে এ রায় সম্পর্কিত। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে ফেরার কথা বলে আসছেন তিনি। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে বাংলাদেশে ফিরতে চান বলে তিনি বিভিন্ন সময় জানিয়েছেন। তার পাশাপাশি আওয়ামী লীগের অন্য নেতারাও আদালতে আত্মসমর্পণের প্রস্তুতির কথা বলছেন। অপরদিকে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে ঢাকা। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার কথা বলা হচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে।

আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং পরবর্তী পরিস্থিতির ওপর দলটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ, হাসিনার দেশে ফেরার আগে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সরকারও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনটির বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছে।

তবে আওয়ামী লীগের সমর্থকদের দাবি-শেখ হাসিনা আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে চান। নির্বাসনে থেকে তিনি সহিংসতা উসকে দিচ্ছেন-এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছেন।

হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনীতি পুরোপুরি স্থিতিশীলতা পায়নি। অন্তর্র্বর্তী সরকারের সময় বহু আন্দোলন হয়েছে। তবে ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণায় পরিস্থিতি নতুন করে অনিশ্চিত হয়ে উঠেছে। বিষয়টি এখন আর নিছক রাজনৈতিক জল্পনা নয়। বরং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি সম্ভাব্য ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সামলাতে হবে ভারতকেও। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক সমীকরণ, পানির ন্যায্য হিস্যা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ সবকিছুই এখন দুই দেশের কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করছে।

সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ ঢাকা ও দিল্লির সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। রাজনৈতিক পরিস্থিতি, গঙ্গার পানির ন্যায্য হিস্যা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ নির্ধারণে দুই দেশের কূটনৈতিক উদ্যোগ ও আলোচনাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থামছে না রেলে কালোবাজারি কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

আইএএনএস’র প্রতিবেদন হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম