Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

Icon

বাসস

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ৬২ বছরে পদার্পণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন বাবার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তার পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন।

স্কুলে যাওয়ার বয়স হলে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শুধু সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়।

স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসাবে বেছে নেন। তিনি এমন এক উত্তাল রাজনৈতিক সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন, যখন তার মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন।

স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে। ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান।

দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনি প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসাবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে।

পরবর্তী সময়ে তিনি এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয়। তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়। তবে এসব ঘটনা তার মনোবল ভেঙে দিতে এবং রাজনীতি থেকে তাকে বিচ্যুত করতে পারেনি।

তিনি স্বপ্ন দেখেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার সব প্রতিবন্ধকতা চিরতরে দূর হবে। দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তার প্রত্যাবর্তন ঘটে। রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তার ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন।

১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তার পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী। তার বাবা ও মা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করেছেন। মহৎ প্রত্যাশা ও আদর্শে সমৃদ্ধ তারেক রহমান এমন একটি ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবেন।

তারেক রহমানের সাধারণ জীবনযাপন তার বিনয়, সরলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ বা দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না করা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা সাধনের মাধ্যমে তিনি দায়িত্বশীল নেতৃত্বের ইতিবাচক বার্তা দিচ্ছেন।

গত ৯ মাসে তারেক রহমানের সরকার বিভিন্ন খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং অগ্রগতি অর্জন করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থামছে না রেলে কালোবাজারি কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

আইএএনএস’র প্রতিবেদন হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম