Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই

Advertisement

গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, তার এমন শাস্তি হওয়া উচিত যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত হয়ে যান’। ১১৫ জনকে হত্যার দায়ে জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলে। ট্রাইব্যুনাল-১-এর এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি বিচার কাজে অংশ নেন।

বুধবার বেলা সোয়া ১১টার পর যুক্তিতর্ক শুরু হয়। দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বিভিন্ন বক্তব্য ও জবানবন্দির প্রাসঙ্গিক অংশ তুলে ধরেন তিনি। যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট) এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারে দেওয়া যায় কিংবা বলপূর্বক গুম করা যায়।

আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করেছেন। তারা ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছেন। তারা দিনের পর দিন এসব অপরাধ করেছেন। তখন মানুষের জানমাল তাদের হাতে জিম্মি ছিল। তারা ইচ্ছা করলেই কাউকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

পরে ব্রিফিংয়ে ‘পারসোনা নন গ্রাটা’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, তিনি জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন।

এই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীর বক্তব্যে এসেছে, জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। এ বিষয়টি হয়তো পরবর্তী তদন্তে উঠে আসবে। সাক্ষীদের জবানবন্দির বরাতে আমিনুল ইসলাম আরও বলেন, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনো ১১ জন বা তারও বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নিয়ে বিভিন্ন ঘটনা সাজিয়ে হত্যা করা হতো। কাউকে বালিশ ঠেকিয়ে গুলি করা হতো, আবার কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।

সাজার বিষয়টি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেই বিষয়টি বোঝাতেই প্রতীকী ও আক্ষরিক অর্থে জিয়াউল আহসানকে দুনিয়া থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ করা উচিত বলেছেন তিনি। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন তারা।

আজ বৃহস্পতিবারও রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। তা শেষ হলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম