চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী
৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ছাত্রীদের জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে -পিএমও ভিডিওর স্ক্রিনশট
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের তিন লাখ মেধাবী ছাত্রীকে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) বাইসাইকেল দেবে সরকার। শিক্ষায় উৎসাহ বাড়ানো, যাতায়াত সহজ করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মান যাচাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কয়েকটি মডেলের সাইকেল চালিয়ে দেখেছেন। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে সাইকেলের মান, গুণগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা যাচাই করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। সব মিলিয়ে ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল যুগান্তরকে বলেন, ‘তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে বেশ কিছু কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষের ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা সম্ভব হবে বলে আশা করছি।’
সংশ্লিষ্টরা বলছেন, অনেক শিক্ষার্থীকে দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। যাতায়াতের অসুবিধা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বিশেষ করে মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ব্যাহত হয়। এ অবস্থায় মেধাবী ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার উদ্যোগ যাতায়াত সহজ করার পাশাপাশি পড়াশোনায় আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নারীশিক্ষার অগ্রগতি ও ঝরে পড়া রোধেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
