Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

Advertisement

দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাধারণ অ্যান্টিবায়োটিকে অনেক ব্যাক্টেরিয়া (জীবাণু) আর মরছে না। ফলে রোগীদের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে সংক্রমণ ঘটানো অধিকাংশ জীবাণুই একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। এতে গুরুতর রোগীদের চিকিৎসায় কার্যকর ওষুধের সংকট দেখা দিচ্ছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। বুধবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নজরদারি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন তৈরিতে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের আটটি বিভাগ থেকে সংগ্রহ করা ৯৯ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৫ হাজার ৫২০টি নমুনায় (৮৬ শতাংশ) জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, দেশের মোট সংক্রমণের ৫৫ শতাংশ ঘটছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কারণে। অর্থাৎ সংক্রমণ ঘটানো প্রতি ১০০টি জীবাণুর মধ্যে ৫৫টিই একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। চিকিৎসাবিজ্ঞানে এসব জীবাণুকে বলা হয় মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর। আইসিইউতে এ পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শনাক্ত জীবাণুর ৯৩ শতাংশই এমডিআর। অর্থাৎ আইসিইউতে প্রতি ১০০টি জীবাণুর মধ্যে ৯৩টিই একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী।

প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে : গবেষণায় দেখা গেছে, সংক্রমণ ঘটানো জীবাণুর ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই এবং কে. নিউমোনিয়া। এসব জীবাণু ইউরিন, রক্ত ও শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটাতে পারে। ১৪টি অ্যান্টিবায়োটিক পরীক্ষার মধ্যে ১ হাজার ১১৮টি জীবাণু ও ওষুধের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৭৯৫টি ক্ষেত্রে জীবাণুর সংবেদনশীলতা ছিল ৬০ শতাংশ বা তার কম। সব ধরনের নমুনা মিলিয়ে ৫২ শতাংশ ফলাফল ছিল রেড জোনে। রেড জোন বলতে এমন অবস্থা বোঝায়, যেখানে সংশ্লিষ্ট অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা খুব কম বা ঝুঁকিপূর্ণ।

সংক্রমণের ধরন অনুযায়ী পরিস্থিতিও উদ্বেগজনক। প্রস্রাবের নমুনায় রেড জোনের হার ৪৬ শতাংশ। মলের নমুনায় ৬৭ শতাংশ, রক্তে ৭২ শতাংশ, শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩ শতাংশ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ। তবে আইসিইউতে এ হার ৯০ শতাংশ। আইসিইউ রোগীদের রক্তের নমুনায় তা বেড়ে ৯৩ শতাংশে পৌঁছেছে।

শক্তিশালী অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা : গবেষণায় দেখা গেছে, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকেরও কার্যকারিতা অনেক জীবাণুর বিরুদ্ধে কমে গেছে। টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফির বিরুদ্ধে ওষুধটির কার্যকারিতা মাত্র ২২ শতাংশ। আমাশয়ের জীবাণু শিগেলার বিরুদ্ধে তা মাত্র ৯ শতাংশ।

তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কমছে। ই.কোলাই এবং কে. নিউমোনিয়ার বিরুদ্ধে এসব ওষুধের কার্যকারিতা ২৬ থেকে ৫৫ শতাংশ। আইসিইউতে এ হার আরও কমে ১০ শতাংশের নিচে নেমেছে। কার্বাপেনেম গ্রুপের শক্তিশালী অ্যান্টিবায়োটিক ইমিপেনেম ও মেরোপেনেমের কার্যকারিতাও আশঙ্কাজনকভাবে কমেছে। আইসিইউতে গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এসব ওষুধের কার্যকারিতা মাত্র ৪ থেকে ৩৩ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, কলিস্টিন অ্যান্টিবায়োটিক এখনো অনেক প্রতিরোধী জীবাণুর বিরুদ্ধে কার্যকর। গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এর কার্যকারিতা ৮৮ থেকে ৯৭ শতাংশ। অ্যাসিনেটোব্যাকটারের বিরুদ্ধে কলিস্টিনের কার্যকারিতা ৯৪ শতাংশ। অথচ ওষুধকে শেষ ভরসার অ্যান্টিবায়োটিক হিসাবে বিবেচনা করা হয়। অ্যাসিনেটোব্যাকটার জীবাণুর ক্ষেত্রে পরীক্ষিত ১৩টি অ্যান্টিবায়োটিকের মধ্যে ১২টির বিরুদ্ধেই প্রতিরোধী অবস্থা পাওয়া গেছে। তবে কিছু ক্ষেত্রে আশার খবরও রয়েছে। টাইফয়েডের জীবাণুর বিরুদ্ধে সেফট্রিয়াক্সোন ৯৭ শতাংশ কার্যকর। প্রস্রাবের ই.কোলাইয়ের বিরুদ্ধে ফসফোমাইসিন ৯৬ শতাংশ এবং নাইট্রোফুরানটয়েন ৮১ শতাংশ কার্যকর। কলেরার জীবাণুর বিরুদ্ধে টেট্রাসাইক্লিনের কার্যকারিতা ৯৬ শতাংশ।

অ্যান্টিবায়োটিক ব্যবহারে বড় ধরনের অসংগতি : জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়লেও অ্যান্টিবায়োটিক ব্যবহারে প্রয়োজনীয় পরিবর্তন আসেনি। গবেষণায় ১৯ হাজার ৩৮৬টি অ্যান্টিবায়োটিক ব্যবহারের রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে ৭৫ শতাংশই ছিল ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক (যেগুলোর বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ঝুঁকি বেশি)। বিপরীতে সাধারণ সংক্রমণের চিকিৎসায় ব্যবহারের জন্য নির্ধারিত অ্যাকসেস গ্রুপের ওষুধের (জীবাণুর ওষুধ প্রতিরোধী ক্ষমতা তৈরি হওয়ার ঝুঁকি সবচেয়ে কম) ব্যবহার ছিল মাত্র ১৬ শতাংশ। হাসপাতালের আইসিইউতে মেরোপেনেমের ব্যবহার ছিল ৩১ শতাংশ। সাধারণ ওয়ার্ডে সেফট্রিয়াক্সোনের ব্যবহার ছিল ৩৯ শতাংশ। অথচ অনেক জীবাণুর বিরুদ্ধে এসব ওষুধের কার্যকারিতা কমে গেছে।

এখনই ব্যবস্থা নেওয়ার তাগিদ : প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক ব্যবহারে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। চিকিৎসকরা যাতে প্রয়োজন অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে পারেন, সেজন্য পরীক্ষাগারের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে আইসিইউতে কালচার পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। অপ্রয়োজনীয় ও শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে। সাধারণ সংক্রমণে উপযুক্ত অ্যাকসেস গ্রুপের ওষুধ ব্যবহারে গুরুত্ব দিতে হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণব্যবস্থাও জোরদার করতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম