Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বাস থেকে অর্থ আদায়

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

Icon

আকতার ফারুক শাহিন, বরিশাল

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুই কিলোমিটারের ব্যবধানে দুবার চাঁদা দিয়ে বরিশাল পার হয় যাত্রীবাহী বাস। টার্মিনাল টোল আখ্যা দিয়ে ওই চাঁদা তোলে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন দুই বাস টার্মিনালের ইজারাদার। অথচ তাদের ইজারা দেওয়া হয়েছে কেবলই টার্মিনাল। যেসব বাস টার্মিনাল ব্যবহার করবে, কেবল তাদের থেকেই আদায় করা যাবে নির্ধারিত অঙ্কের টোল। কিন্তু তারপরও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ধরে বরিশালের ওপর দিয়ে চলা সব ধরনের যাত্রীবাহী বাস থেকে চলছে নির্দিষ্ট অঙ্কের চাঁদা আদায়। প্রতিদিন এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।

বরিশাল নগরীতে রয়েছে দুটি বাস টার্মিনাল। ফি বছর এসব টার্মিনাল ইজারা দিয়ে মোটা অঙ্কের রাজস্ব আয় করে সিটি করপোরেশন। চলতি বছরও টার্মিনাল দুটি ইজারা দিয়েছে বিসিসি। ৬৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। রুপাতলীতে থাকা অভ্যন্তরীণ রুটের টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে ২৬ লাখ টাকায়। শর্ত অনুযায়ী, টার্মিনাল ব্যবহার করার ক্ষেত্রে বাসপ্রতি নেওয়া যাবে সর্বোচ্চ ৫০ টাকা। তবে মহাসড়ক ধরে চলাচলকারী কোনো বাস থেকে নেওয়া যাবে না টোল।

কেবল নগর ভবনের ইজারার শর্ত নয়, উচ্চ আদালতের একটি নির্দেশনাও রয়েছে এই ব্যাপারে। দায়ের হওয়া একটি রিট পিটিশনের ভিত্তিতে ওই নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। নির্দেশনায় টার্মিনালের বাইরে সড়ক-মহাসড়ক থেকে কোনোরকম টোল আদায় করা যাবে না মর্মে নির্দেশনা দেওয়া হয় সব পৌরসভা ও সিটি করপোরেশনকে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে এ ব্যাপারে নির্দেশনা জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী দেশের সব জায়গায় সড়ক-মহাসড়কে টোল আদায় বন্ধ হলেও ব্যতিক্রম বরিশাল। এখানে ঠিকই চলছে টোলের নামে মহাসড়কে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায়।

কুয়াকাটা-কক্সবাজার রুটে নিয়মিত বাস চালানো ড্রাইভার আব্দুল হক বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রাম-ঢাকা হয়ে বরিশাল পর্যন্ত আসতে মহাসড়কের কোথাও দিতে হয় না টার্মিনাল টোল। কিন্তু বরিশাল নগরী সংলগ্ন মাত্র ২ কিলোমিটার জায়গা পাড় হতে দুই পয়েন্টে ৫০ ও ৬০ করে দিতে হয় মোট ১১০ টাকা। প্রতিবার যাওয়া-আসা মিলিয়ে ২২০ টাকা দিতে হয় এভাবে। রুপাতলী মহাসড়কে সিটি করপোরেশনের লোগো লাগানো পোশাক পড়ে দাঁড়িয়ে থেকে ওই টাকা তোলে লাঠি হাতে থাকা লোকজন।’ কুয়াকাটা-রৌমারী রুটের বাসচালক নিজামউদ্দিন বলেন, ‘বরিশাল ছাড়া আর কোথাও মহাসড়কে গাড়ি আটকে এভাবে দিতে হয় না টাকা।’

বরিশাল মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘এটা তো নতুন নয়। যুগ যুগ এভাবে মহাসড়কে বাস থামিয়ে টাকা তোলা হচ্ছে। উচ্চ আদালতের রায় আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কীভাবে এই টাকা তোলা হচ্ছে, যারা তুলছেন তারাই ভালো বলতে পারবেন।’

নথুল্লাবাদ টার্মিনালের ইজারাদার হাবিবুল্লাহ এবং রুপাতলী বাস টার্মিনালের ইজারাদার ইয়াসিন আরাফাত মিন্টু বলেন, ‘যেসব বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে থামিয়ে যাত্রী ওঠানামা করে এবং যাদের এ দুই টার্মিনালে কাউন্টার আছে কেবল তাদের কাছ থেকেই টার্মিনাল টোল আদায় করা হয়। সরাসরি যাতায়াত করা বাস থেকে কোনো টাকা নিই না আমরা।’

দুই ইজারাদার এভাবে বললেও সরেজমিন মেলে ভিন্নচিত্র। সব ধরনের বাস থেকে টাকা আদায়ের প্রমাণ মেলে দুই টার্মিনালসংলগ্ন মহাসড়কে। এমনকি শিক্ষা সফর বা পিকনিকের উদ্দেশ্যে কুয়াকাটাগামী বাসও রেহাই পায় না এই চাঁদাবাজি থেকে। পরিচয় না প্রকাশের শর্তে দুই বাস টার্মিনালের একাধিক পরিবহণ শ্রমিক যুগান্তরকে বলেন, ‘যে দুই পয়েন্টে এই টাকা ওঠানো হয়, তার আশপাশে বহু সিসি ক্যামেরা আছে। সেসব ক্যামেরার ফুটেজ চেক করলেই অভিযোগের সত্যতা মিলবে।’

মহাসড়কে বাস থামিয়ে চাঁদা তোলার ব্যাপারে প্রথমে সিটি করপোরেশনসহ বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে চিঠি দেয় বরিশাল বিভাগীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। কাজ না হওয়ায় পরে চিঠি দেওয়া হয় ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতিকে। চিঠি পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মালিক সমিতি চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয় বরিশালের পুলিশকে। কিন্তু তারপরও চলছে মহাসড়কে বাস থামিয়ে বেপরোয়া এই চাঁদাবাজি।

বরিশাল সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, ‘কেবল টার্মিনাল ব্যবহার করা যাত্রীবাহী বাস থেকে টোল আদায় করা যাবে। মহাসড়কে বাস থামিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, ‘আমরা টার্মিনাল ইজারা দিয়েছি, মহাসড়ক নয়। মহাসড়কে কে কী করল তাতে কিছু আসে যায় না। ইজারাদার তো মহাসড়কে নামতেই পারবে না। সে টার্মিনালের ভেতরে থেকে টোল আদায় করবে।’ মহাসড়কে বাস থামিয়ে বিসিসির নামে অর্থ আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে, তাহলে তা বেআইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সালেহ মুহাম্মদ রায়হান বলেন, ‘বিষয়টি আমার নলেজে এসেছে। ট্রাফিক বিভাগের উপকমিশনারকে বলা হয়েছে তদন্ত করে রিপোর্ট দিতে। অভিযোগের সত্যতা মিললে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে বাস আটকে টাকা তোলার কোনো সুযোগ নেই।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম