Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা

কাগজে-কলমে চালু, বাস্তবে নেই

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজে-কলমে চালু, বাস্তবে নেই

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ভেতরের কক্ষ। ঘটনার এক সপ্তাহ পরও কার্যক্রম শুরু করার উপায় নেই পুলিশের। মঙ্গলবার তোলা -যুগান্তর

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের পর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার দুই তলাবিশিষ্ট ভবন, পুলিশের গাড়ি, পোশাকসহ সবকিছু পুড়ে যায়। এরপর থেকে কাগজে-কলমে চালু থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম চলছে না টুঙ্গিপাড়া থানায়। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে থানা কমপ্লেক্স। ১৭ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকেই বন্ধ রয়েছে থানার কার্যক্রম। থানার সরকারি মোবাইল ফোন নম্বরগুলোও বন্ধ। আর সাধারণ মানুষ থানায় কোনো অভিযোগ নিয়ে আসছেন কি না, তাও জানেন না পুলিশ সদস্যরা।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, থানার দৈনন্দিন কার্যক্রমের বিষয় পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। এরই অংশ হিসাবে দাপ্তরিকভাবে তিন দিন ধরে থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন এএসআই সবুজ হোসেন। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্ব পালন করেছেন এসআই মাহমুদুর রহমান। এরপর থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্ব পালন করেন এসআই নাজমুল হোসেন।

কিন্তু বাস্তবে দেখা যায় এর বিপরীত চিত্র। টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন থানার আশপাশে সিভিল ড্রেসে ঘোরাফেরা করছেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু কাগজে-কলমেই তারা ডিউটি অফিসার ও টহল পুলিশের দায়িত্ব পালন করছেন। কিন্তু বাস্তবে শুয়ে-বসে থাকা আর একটু হাঁটাহাঁটি করা ছাড়া কোনো কাজ নেই। কারণ, আগুনে দুই তলা ভবন, গাড়িসহ পুলিশের পোশাকও পুড়ে গেছে। তাই তারা কোথায় বসে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করবেন? আর গাড়ি ও পোশাক ছাড়া কীভাবে টহল পুলিশের কাজ করবেন। সাধারণ জনগণ কেউ অভিযোগ নিয়ে আসে কি না, তাও জানেন না তারা।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ বলেন, বর্তমানে ২ জন পরিদর্শক, ৪ জন এসআই, ৪ জন এএসআই ও ১০ জন কনস্টেবল রয়েছেন থানায়। তাদের দিয়েই থানার ভেতরের কিছু কার্যক্রম কোনোরকমে চালিয়ে নেওয়া হচ্ছে। সব ভস্মীভূত হয়েছে। প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই। থানার কার্যক্রম চালু করতে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। প্রয়োজনীয় সামগ্রী পেলেই থানার কাজ শুরু করতে পারব।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানায় হামলা করে দলের নেতাকর্মীরা। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার দুই তলা ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, পোশাক, ৯টি গাড়ি ও পুলিশ সদস্যদের ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। হামলাকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিস আগুন নেভাতে যেতে পারেনি। এ কারণে আগুনে থানার সব পুড়ে ছারখার হয়ে গেছে। তারপর থেকে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার বিকালে গিয়ে টুঙ্গিপাড়া থানার প্রবেশের প্রধান ফটক বন্ধ দেখা যায়। পুলিশ মেসের পাশের ছোট গেট দিয়ে থানায় প্রবেশ করতেই চোখে পড়ে অফিসার ইনচার্জের সরকারি বাসভবন। সেখানে জানালার গ্লাসগুলো ভাঙা। ওসির ভবন পার হতেই দেখা যায় গাড়ি ও মোটরসাইকেলগুলোয় যেখানে আগুন দেওয়া হয়েছিল, সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১টি প্রিজন ভ্যান, ৪টি পুলিশ ভ্যান, অতিরিক্ত পুলিশ সুপারের ১টি গাড়ি ও ২টি টহল গাড়ি এবং ১৫টি মোটরসাইকেল রয়েছে; যা পুড়ে গিয়ে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। দুই তলা থানা ভবনের তিন পরিদর্শক, ডিউটি অফিসার, এসআই-এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার, কন্ট্রোল রুমসহ আসবাবপত্র, নথি, কম্পিউটার, এসি, ফ্যান, পুলিশের পোশাক ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। থানা ভবন থেকে বের হচ্ছে পোড়া গন্ধ। সর্বত্রই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন। জানা যায়, টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবার হামলার আতঙ্কে অতিরিক্ত পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান-ইজিবাইকে করে থানা ছেড়ে চলে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক টুঙ্গিপাড়া থানার একজন কর্মকর্তা জানান, ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেয়। পরে ১৩ নভেম্বর গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর থেকে টুঙ্গিপাড়ায় আসে ব্যাটালিয়ন ও আরআরএফ-এর ২০০ পুলিশ। তারা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। থানায় আগুন দেওয়ার পর তারা তাদের আগের কর্মস্থলে চলে গেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম