আ.লীগের নাশকতায় ৫ ট্রেনই বন্ধ
গোপালগঞ্জে কবে ট্রেন চলবে জানে না কর্তৃপক্ষ
উপড়ে ফেলা হয়েছে লাইনের ফিশপ্লেট ও স্লিপার * যাতায়াতে দুর্ভোগের অন্ত নেই জনসাধারণের
|
ফলো করুন |
|
|---|---|
বিক্ষোভকারীদের হামলা, ট্রেনে অগ্নিসংযোগ, স্টেশন ভাঙচুর ও রেললাইন উপড়ে ফেলার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জেরে গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের সব ধরনের ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকাল বন্ধ রয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া ও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে কোনো ট্রেন চলবে না বলে দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। চলাচল স্বাভাবিক হওয়ার সুনির্দিষ্ট দিনক্ষণ জানে না রেলওয়ে কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বুধবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম যুগান্তরকে বলেন, ট্রেনযাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাসহ রেলওয়ে সম্পদ রক্ষা না করে আমরা ট্রেন চালাতে পারি না। অগ্নিসংযোগ, স্টেশন ভাঙচুর ও রেললাইন উপড়ে ফেলার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হয়েছে। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে যাত্রী চলাচল অসম্ভব। এজন্যই আমরা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালানো যাবে না।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, গোপালগঞ্জ হয়ে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করে, যা গত ১৫ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এর মধ্যে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গিয়ে রাত সাড়ে ১০টার মধ্যে গোপালগঞ্জে ফিরে আসে। ‘অভিযাত্রী কমিউটার ট্রেন’ ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করে। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত চলাচল করে। এছাড়া ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করে। ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করে।
চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা : দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গোপালগঞ্জ ও এর আশপাশের রুটে নিয়মিত যাতায়াতকারী হাজার হাজার যাত্রী। বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি দীর্ঘ যানজটের ভোগান্তি তো আছেই।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রেলে লোকবল ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর (জিআরপি ও আরএনবি) স্বল্পতা রয়েছে। তাছাড়া গোপালগঞ্জে যেভাবে সহিংসতা হচ্ছে, এমন পরিস্থিতিতে কোনোক্রমেই ট্রেন পরিচালনা করা সম্ভব নয়।
রেলওয়ের ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা : কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে রেললাইনের ফিশপ্লেট ও স্লিপার উপড়ে ফেলায় লাইনগুলো ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সিগন্যাল ব্যবস্থা ও স্টেশনগুলোর ব্যাপক ক্ষতি হওয়ায় তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করাও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (আরএস) প্রকৌশলী ফকির মো. মহিউদ্দীন যুগান্তরকে বলেন, গোপালগঞ্জে রেললাইনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা মেরামত করা খুবই কঠিন। রেলে ইঞ্জিন কোচের স্বল্পতা রয়েছে। এমন অবস্থায় যাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চালাব না।
আতঙ্কে মাঠপর্যায়ের কর্মীরা : রেলওয়ের একাধিক চালক (লোকোমাস্টার) ও স্টেশন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যেভাবে চলন্ত ট্রেনে আগুন দেওয়া ও স্টেশনগুলোতে হামলা চালানো হচ্ছে, তাতে দায়িত্ব পালন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ট্রেন চালানো হলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
এদিকে রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ হয়ে ট্রেন সেবা চালু করতে রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানীয় লোকজনের কেউ কেউ যোগাযোগ করছেন। তাছাড়া আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। ওইসব কর্মসূচি থেকে আবারও নাশকতা হতে পারে। এ বিষয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিকের ভাষ্য, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি। এ সেবা চালু হতে সময় লাগবে।

