Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

খুলনায় চাঁদার চাপ, গুলি আতঙ্ক

দুই দিনে ৮ স্থানে গুলি ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই দিনে ৮ স্থানে গুলি ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২

Advertisement

খুলনা নগরীতে একের পর এক চাঁদাবাজি, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সর্বত্র উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার এক দিনেই নগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবারও চাঁদা না পেয়ে এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টায় নগরীর আট থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীও রয়েছে। খুলনায় গেল ১১ মাসে ৪০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময়ে ৩৮টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ভুক্তভোগী মিল্টন ‘সিএসএস আভা সেন্টারে’ জেনারেল ম্যানেজার (জিএম) হিসাবে কর্মরত আছেন। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে একই দিন ভোরে নগরীর টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ঘের ও ঠিকাদারি ব্যবসা করতেন। দেয়ানা উত্তরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে হালিম নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বলেন, আমরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলস লিমিটেডের মেইনগেটের সামনেও গুলির ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেখানে গুলি ছুড়ে পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানেও গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আড়ংঘাটা থানার ওসি আলিমুর রহমান জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ আলামত উদ্ধার করা হয়েছে।

বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে পালংকি নামে একটি রেস্টুরেন্টে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ দিন আগে প্রতিষ্ঠানটির মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার আশঙ্কায় রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার দুপুরে পুলিশের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি খোলা হলেও বিকালে পুলিশের উপস্থিতিতেই রাস্তার বিপরীত পাশ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ গ্রেনেড বাবুর বি কোম্পানীর সদস্য নবপল্লী এলাকার সন্ত্রাসী মো. সাকিব আল হাসান ও মো. আশিক হাওলাদার নামে দুইজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে গুলি ও গেটে কোপানোর ঘটনা ঘটে। একই দিন লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এ ছাড়া বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সড়কের মো. আবু সাইদ বাসার বাইরে ঘুমিয়ে ছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি বাড়ির নিচে অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে সাইদ ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে দুর্বৃত্তরা তার সঙ্গে ঘরে প্রবেশ করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

একের পর এক গুলির ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় কেএমপির আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে।

কেএমপি সূত্র জানায়, বিশেষ অভিযানে মাদক মামলায় চারজন, গ্রেফতারি পরোয়ানায় আটজন, পূর্বের মামলায় চারজন, সামারি ট্রায়ালে তিনজন এবং খুলনা মহানগর অধ্যাদেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কেএমপির উপ-পুলিশ কমিশনার মো. রেজাউর রহমান জানান, গুলির ঘটনাগুলোর তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম