তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস
যুগান্তর প্রতিবেদন ও পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
উত্তরের জনপদ পঞ্চগড়ে দিনদিন শীতের তীব্রতা বেড়েই চলেছে। তেঁতুলিয়া উপজেলায় কুয়াশার মাঝেই রোববার সকালে সাইকেল চালিয়ে গন্তব্যে ছুটে চলেছে এক শিক্ষার্থী -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাতভর কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাবু উত্তরের জনপদ পঞ্চগড়। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। তীব্র শীতে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ে জনজীবনে বেশ দুর্ভোগ নেমে আসে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুযায়ী, রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সিলসিয়াস। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয় ১৩ দশমিক ১ ডিগ্রিতে। আর রোববার এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয় ১১ দশমিক ১ ডিগ্রি।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের তাপে শীত কিছুটা কম অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই জেঁকে বসছে শীত। রাত যতই গভীর হতে থাকে উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঠান্ডা তীব্রতর হতে থাকে। রাত ও ভোরে শীতের অনুভূতি অসহনীয় হয়ে ওঠে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ভৌগোলিক অবস্থানগত কারণে প্রতিবছরই পঞ্চগড়ে মাত্রাতিরিক্ত শীত অনুভূত হয়। তবে শীত মোকাবিলায় প্রস্তুতি নেই খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। হাতে কাজ কম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার সামলানোটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। তাই শীতের তীব্রতা বাড়া নিয়ে শংকায় রয়েছেন তারা। পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, শীত নিয়ে দুস্থ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবছরের মতো এবারও আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে পঞ্চগড়ের পাঁচ উপজেলার জন্য প্রায় ৯ হাজার পিস কম্বল বরাদ্দ পেয়েছি। পঞ্চগড়ে শীতের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত শীতবস্ত্র চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠিয়েছি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। আগামী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের আভাস রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার ও তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
