Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

প্রশাসনের প্রভাবশালী ‘পুলিশ ম্যাডাম’

নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

শায়লা ফারজানা এবং দুই ভাই রেজাউল আলম ও বুলবুল মিয়া

Advertisement

প্রশাসনের সেই ‘পুলিশ ম্যাডাম’ অবশেষে গ্রেফতার হয়ে এখন রিমান্ডে। যিনি আওয়ামী লীগ আমলে এতটাই প্রভাবশালী ছিলেন যে, নির্বাচনে জিততে আওয়ামী লীগের বহু সংসদ-সদস্য (এমপি) প্রার্থী তার ডেরায় হাজির হতেন তদবির নিয়ে। কারণ, দোর্দণ্ডপ্রতাপের আধার ছিলেন এই শায়লা ফারজানা। একদিকে স্বামী মনিরুল ইসলাম ছিলেন পুলিশের উচ্চপদস্থ প্রভাবশালী কর্মকর্তা, অপরদিকে তাদের দুজনের বাড়ি আবার গোপালগঞ্জ। সরাসরি যোগাযোগ ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। ফলে পুলিশ ও সিভিল প্রশাসনে দুজনের আধিপত্য ছিল একচ্ছত্র। এছাড়া ২০১৮ সালে রাতের ভোটের প্রধান মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন ডিবিপ্রধান মনিরুল ইসলাম। রাতের ভোটের মাধ্যমে বহু সংসদ-সদস্যকে নির্বাচনে জিতে আসতে সহায়তা করেন শায়লা-মনিরুল গং।

সূত্র বলছে, এসব কারণে সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার গ্রেফতারের খবর প্রশাসনপাড়ায় আলোচনার ঝড় তুলেছে। সবাই এখন তার ক্ষমতার অপব্যবহারের নানা স্মৃতি স্মরণ করছেন। তারা বলছেন, এভাবে একদিন গ্রেফতার হয়ে এই ‘পুলিশ ম্যাডাম’কে জেলে জেতে হবে, তা কেউ কল্পনাও করেননি।

বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। পলাতক স্বামী স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের সঙ্গে সমন্বয় করে তিনি সরকার পরিবর্তনের নানা চক্রান্তে যুক্ত হয়েছিলেন। মূলত এ কারণে পুলিশ তাকে ২৮ নভেম্বর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে। একই সময় তার দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়াকেও গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রোববার শায়লা ফারজানাকে ৫ দিন এবং দুই ভাইকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চাকরিতে অবস্থানকালে সর্বশেষ শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি নিয়োগ, বদলি, পদোন্নতি, পদায়ন ও পোস্টিং তদবিরের মাধ্যমে কাঁড়ি কাঁড়ি টাকা হাতিয়ে নিয়েছেন। অতিরিক্ত সচিব হলেও ওই সময় তিনিই চালাতেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তার কথার বাইরে কিছুই হতো না।

শায়লা ফারজানার দপ্তরে সব সময় মাঠ প্রশাসনের দুর্নীতিগ্রস্ত ও দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের ভিড় লেগে থাকত। একশ্রেণির ঠিকদারদেরও সব সময় তার দপ্তরে ঘুরঘুর করতে দেখা গেছে। এছাড়া স্বামী মনিরুল ইসলামের মাধ্যমে তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ের নিয়োগ, বদলি, পদোন্নতি ও পদায়নের তদবির করতেন। তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে ‘পুলিশ ম্যাডম’ বলে ডাকা হতো। সব সময় গোপালগঞ্জের নাম বিক্রি করতেন। ইতোমধ্যে তাদের স্বামী-স্ত্রীর ৮৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে যুগান্তরকে বলেন, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরও শায়লা ফারজানা দাপটের সঙ্গে নিয়মিত অফিস করতেন। এমন পরিস্থিতিতে শায়লা ফারজানার কারসাজিতে পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এরপর ২০২৪ সালের ১৩ আগস্ট পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের শতাধিক কর্মকর্তা তাকে অফিস থেকে বের করে দেন। যদিও ওই সময় তার পক্ষে অবস্থান নেন সাবেক অতিরিক্ত সচিব মাসুদুল হাসান। তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে দেন। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে গত বছর ২০ ফেব্রুয়ারি শায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

যত অপকর্ম : মাঠ প্রশাসনের অতিরিক্ত সচিব থাকায় জেলা প্রশাসক (ডিসি)-সহ সব গুরুত্বপূর্ণ পদের ভাগ্য নির্ধারণ হতো তার মাধ্যমে। ‘মেঘ না চাইতে পানি’ পাওয়ার অবস্থা। ফলে তাকে তদবির বাণিজ্য করতে হয়নি। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা প্রাইজ পোস্টিংয়ের জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে হাজির হতেন তার দপ্তরে। এভাবে তিনি অনায়সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া মাঠ প্রশাসনে কর্মরত এসব কর্মকর্তা যখন সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করতেন, তখন তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উলটো প্রোটেকশন দিতেন।

প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের সাবেক যুগ্মসচিব ও কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন ওই সময় একজন নির্দোষ সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে গভীর রাতে মোবাইল কোর্ট বসিয়ে মাদকের মামলা দিয়ে জেলহাজতে পাঠান। এ ঘটনায় পরদিন দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সাংবাদিককে উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্তে দোষী হলেও কিছুই হয়নি ঘটনার সঙ্গে সম্পৃক্ত চার কর্মকর্তার। কারণ, তাদের প্রোটেকশন দিয়েছেন প্রভাবশালী শায়লা ফারজানা এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের একান্ত সচিব মো. নুরুল ইসলাম। চব্বিশের ৫ আগস্টের পর চলতি বছর ২৭ জুলাই পর্যন্ত শায়লা ফারজানার অনুসারী ও দলবাজ ৩২ জন সাবেক ডিসিকে চাকরির ২৫ বছর পূর্তিতে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তখন সুলতানা পারভীনকেও অবসরে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরগুনার সাবেক ডিসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাবিবুর রহমানের নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল হলে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ২২ ব্যাচের ওই কর্মকর্তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি পর্যন্ত গঠন করা হয়নি। অভিযোগ রয়েছে, শায়লা ফারজানার মধ্যস্থতায় পার পেয়ে গেছেন হাবিবুর রহমান। ২০২৩ সালের ২২ অক্টোবর হাবিবুর রহমানের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ করা হলে তা ধামাচাপা দেন শায়লা ফারজানা। বিনিময়ে তিনি হাবিবুর রহমানের কাছ থেকে মোটা অঙ্কের অর্থকড়ি হাতিয়ে নিয়েছেন।

প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, তাদের ব্যাচের অনেকের পদোন্নতিবঞ্চিত হওয়ার মূলে ছিলেন শায়লা ফারজানা। বিএনপি-জামায়াতপন্থি তকমা দিয়ে তিনি তার ব্যাচের অনেক কর্মকর্তার জীবন ধ্বংস করে দিয়েছেন। তারা বলেন, শেখ হাসিনার দুঃশাসনে শায়লা ফারজানা ছিলেন মূর্তিমান আতঙ্ক। একবার তিনি যার পেছনে লেগেছেন, তার আর পদোন্নতি হয়নি। তিনি এককভাবে পদোন্নতি নিয়ন্ত্রণ করতেন। তাকে তোয়াজ না করলে পদোন্নতি বঞ্ছনা ছিল অনিবার্য। এছাড়া তার কারসাজির কারণেই অনেক কর্মকর্তাকে বছরের পর বছর ওএসডি থাকতে হয়েছে।

সংশ্লিষ্টরা আরও জানান, ডিসি নিয়োগে একশ্রেণির ঠিকাদার ওই সময় কোটি টাকা বিনিয়োগ করতেন। কারণ, তারা মাঠপর্যায়ে ব্যবসা করেন এবং ডিসির কথা না শুনলে বড় ধরনের বিপাকে পড়তে হয়। এজন্য আগেই পছন্দের কর্মকর্তাকে ডিসি হিসাবে নিয়োগে বিনিয়োগ করতেন। আর ক্ষমতার ঘুঁটি শায়লা ফারজানা হওয়ায় ঠিকাদাররা অধিকাংশ সময় তার দপ্তরে ভিড় করতেন। এছাড়া গুরুত্বপূর্ণ উপজেলায় ইউএনও নিয়োগ, এডিসিদের মধ্যে কে এডিসি (রেভিনিউ) হবেন, তা নির্ধারণ করে দিতেন শায়লা ফারজানান। খোদ জনপ্রশাসন সচিবও শায়লা ফারজানার তদবির উপেক্ষা করতেন না। কারণ, তার স্বামী পুলিশের বড় কর্তা-এ কারণে তার ভয়ে সবাই তটস্থ থাকতেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগ শায়লা ফাজানার ভয়ে তটস্থ থাকতেন। কর্মকর্তারা এপিডির কাছে না গিয়ে বদলি ও পদায়নের জন্য তদবির করতেন শায়লা ফারজানার কাছে। প্রতিটি পোস্টিংয়ে শায়লা ফারজানা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এছাড়া নন-ক্যাডার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি এবং পদায়নেও বিপুল পরিমাণ অর্থকড়ি হাতিয়ে নিয়েছেন।

অযাচিত হস্তক্ষেপ : পুলিশ ক্যাডারের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানান, পুলিশের পদোন্নতি ও পদায়নেও শায়লা ফারজানা বিস্তর প্রভাব খাটাতেন। বিভিন্ন ব্যাচের ক্যাডার কর্মকর্তাদের পদায়ন-পোস্টিংয়ে শায়লা ফারজানার তালিকা প্রাধান্য পেত। তার স্বামী মনিরুল ইসলামের ব্যাচের কর্মকর্তাদের তিনি কাজে লাগাতেন। পুলিশে এসআই নিয়োগে তিনি ৩০ লাখ টাকা করে নিতেন। গুরুত্বপূর্ণ মহানগরী, জেলা ও থানায় বদলিতে নিতেন ২০ থেকে ৩০ লাখ টাকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংলাপে বিশিষ্টজনরা শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (শেষ) শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

কাজ করছে একটি দক্ষ বিশেষ টিম আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

প্রশাসনের প্রভাবশালী ‘পুলিশ ম্যাডাম’ নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম