সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (শেষ)
শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ
আগামী ২০ বছরের ঝুঁকি নিয়ে ইউনেস্কোর উদ্বেগ * সম্মিলিত পরিবেশগত প্রভাব নিরূপণের তাগিদ * পরিবেশের ক্ষতি হয় এমন শিল্পায়ন নিয়ে সরকার সতর্ক-প্রতিমন্ত্রী
সুন্দরবনের কটকায় চিত্রা হরিণের পাল। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই ম্যানগ্রোভ বন এখন নানামুখী ঝুঁকিতে -সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনের চারপাশে বাড়ছে শিল্পায়ন। সম্প্রসারিত হচ্ছে অবকাঠামো ও পরিবহণ নেটওয়ার্ক। এগিয়ে চলছে নগরায়ণও। কিন্তু আগামী ২০ বছরে এসব উন্নয়ন কর্মকাণ্ডের সম্মিলিত প্রভাব কতটা বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটির জন্য, তার সুনির্দিষ্ট চিত্র এখনো অজানা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও বিশ্ব ঐতিহ্যের অসাধারণ বৈশ্বিক মূল্য কতটা ঝুঁকিতে পড়তে পারে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি।
সুন্দরবন সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানালেও শুধু পরিকল্পনা ও আশ্বাসে সন্তুষ্ট নয় আন্তর্জাতিক এই সংস্থা। শিল্পায়ন ও অবকাঠামো সম্প্রসারণের সম্মিলিত পরিবেশগত প্রভাব নিরূপণ এবং তেল ও রাসায়নিক দূষণ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের জরুরি পরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দিয়েছে তারা। পাশাপাশি দীর্ঘমেয়াদি বন ব্যবস্থাপনা কার্যকর করার গুরুত্বও তুলে ধরেছে। উন্নয়ন কর্মকাণ্ডের প্রত্যক্ষ, পরোক্ষ ও সম্মিলিত প্রভাব বিবেচনায় নিয়ে সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনেস্কো।
২০২৬ সালের ১৯-২৯ জুলাই দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে সুন্দরবনের সংরক্ষণ পরিস্থিতি পর্যালোচনা করে এসব পর্যবেক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়। এতে সুন্দরবনের অসাধারণ বৈশ্বিক ঐতিহ্যগত মূল্য (আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু-ওইউভি) অক্ষুণ্ন রাখতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতি রক্ষা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি যুগান্তরকে বলেন, পরিবেশের ক্ষতি করে এমন শিল্পায়ন গড়ে তোলার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। সুন্দরবনের আশপাশে পরিবেশবান্ধব উদ্যোগ ও কার্যক্রম পরিচালনায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশবান্ধব শিল্পায়ন হলে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে ম্যানগ্রোভ বনের ওপর মানুষের নির্ভরতা ও চাপ কমবে। শিল্পায়ন যেন পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে হয়, সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।
২০ বছরের উন্নয়নের প্রভাব অজানা : ইউনেস্কোর পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগামী দুই দশকে শিল্পায়ন, অবকাঠামো নির্মাণ, পরিবহণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও নগরায়ণের ফলে সুন্দরবনের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। এসব উন্নয়ন কর্মকাণ্ডের সম্ভাব্য প্রভাব নিরূপণে কৌশলগত-পরিবেশগত মূল্যায়ন (এসইএ) করা হলেও বিভিন্ন উন্নয়ন পরিস্থিতিতে সুন্দরবনের বৈশ্বিক ঐতিহ্যগত মূল্য কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মাত্রা এখনো অজানা। কমিটি বলেছে, সুন্দরবনের ওপর শুধু একটি প্রকল্পের প্রভাব বিবেচনা করলেই চলবে না। বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের সম্মিলিত প্রভাবও মূল্যায়ন করতে হবে। এক্ষেত্রে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা (এসইএমপি) কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে তারা।
রামপালের দ্বিতীয় ইউনিটে সৌরবিদ্যুতের প্রস্তাব : সুন্দরবনের পরিবেশগত ঝুঁকির আলোচনায় রামপালের মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রও এসেছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বা ব্লক-বি’র পরিবর্তে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিশ্ব ঐতিহ্য কমিটি। এ বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার বিষয়টিও ইতিবাচক হিসাবে দেখেছে তারা। তবে প্রস্তাবিত প্রকল্পের কারিগরি তথ্য ইউনেস্কোকে জানানোর পাশাপাশি বাস্তবায়নের সময় সম্ভাব্য পরিবেশগত প্রভাব যথাযথভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছে কমিটি।
দূষণ মোকাবিলায় স্থানীয় প্রস্তুতি চায় ইউনেস্কো : সুন্দরবনে তেল ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়লে তা মোকাবিলায় জাতীয় পর্যায়ের জরুরি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতির তথ্য গ্রহণ করেছে ইউনেস্কো। তবে জাতীয় পরিকল্পনার পাশাপাশি স্থানীয় পর্যায়ের পৃথক জরুরি মোকাবিলা পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে। সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল, তেল পরিবহণ এবং অন্যান্য কার্যক্রমের কারণে দুর্ঘটনাজনিত দূষণের ঝুঁকি রয়েছে। এ ধরনের দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, প্রয়োজনীয় সরঞ্জাম, জনবল এবং সমন্বিত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা জরুরি।
পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ : সুন্দরবনের জন্য ২০২৫-২০৩৫ মেয়াদের সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমপি) খসড়া তৈরি হয়েছে বলে বাংলাদেশ জানিয়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠী ও বননির্ভর জীবিকায় যুক্ত মানুষের সঙ্গে পরামর্শের বিষয়টিও রয়েছে। বিশ্ব ঐতিহ্য কমিটি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিকল্পনাটি চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে।
অগ্রগতি প্রতিবেদন চায় ইউনেস্কো : সুন্দরবনের সংরক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন চেয়েছে ইউনেস্কো। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। এরপর ২০৩২ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে সুন্দরবনের সংরক্ষণ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিতে হবে।

