Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সংলাপে বিশিষ্টজনরা

শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

Advertisement

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শুধু শিক্ষাক্রম কিংবা পাঠ্যবই পরিবর্তনই যথেষ্ট নয়, প্রয়োজন মানসম্পন্ন শিক্ষক, নৈতিকতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা কমানো, কোচিংনির্ভরতা হ্রাস, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বিশ্বের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। শিক্ষাব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক প্রভাব বন্ধের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।

রোববার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপে বক্তারা এসব কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে সংলাপে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রমুখ অংশ নেন।

সংলাপে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশের শিক্ষার অন্যতম বড় সংকট মানসম্পন্ন শিক্ষকের অভাব। শিক্ষাক্রম যত উন্নতই হোক না কেন, যোগ্য শিক্ষক না থাকলে তা বাস্তবায়ন সম্ভব নয়। ১০ থেকে ১২ বছর পড়াশোনা করার পরও অনেক শিক্ষার্থী ইংরেজিতে একটি বাক্য লিখতে পারে না। এটি শিক্ষাব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন। তিনি বলেন, শিক্ষাক্রমের চেয়ে অনেক বেশি প্রয়োজন উন্নত মানের শিক্ষক। একজন ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের মধ্যে দলাদলি, কলহ ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার প্রবণতা দেখা যায়। পড়াশোনা ও শিক্ষার্থীদের উন্নয়নের পরিবর্তে অনেক শিক্ষক রাজনীতিতে বেশি মনোযোগী। শিক্ষকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। মাহবুব উল্লাহ বলেন, শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে শিক্ষাকে অত্যাচারে পরিণত করা যাবে না। বরং শিক্ষাকে আনন্দদায়ক করতে হবে। প্রকৃত ভালো শিক্ষক সেই ব্যক্তি, যিনি শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করে তোলেন এবং তাদের মনে প্রশ্ন জাগিয়ে দেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠন ও সভাপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতি ও দলীয়করণের প্রভাব দেখা যাচ্ছে। শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের সুযোগ বন্ধ করতে হবে। শিক্ষক এবং অবকাঠামো নির্মাণ-দুই ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বন্ধে শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজ যে শিশু প্রথম শ্রেণিতে পড়ছে, ১২ থেকে ১৬ বছর পর সে কোন ধরনের পৃথিবীর মুখোমুখি হবে, তা বিবেচনায় রেখেই শিক্ষাক্রম সাজাতে হবে। প্রযুক্তির পরিবর্তন এবং নতুন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ করা জরুরি। তিনি বলেন, নৈতিক শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। একজন শিক্ষার্থী কতক্ষণ শ্রেণিকক্ষে থাকবে, ক্লাসের সময় কতটুকু হবে এবং কীভাবে পাঠদান করা হবে-এসব বিষয়ও শিক্ষাক্রম প্রণয়নের সময় বিবেচনায় নিতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেন, ২০২৮ সালের মধ্যে দেশে পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সময়স্বল্পতার কারণে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে প্রত্যাশিত সব পরিবর্তন আনা সম্ভব হয়নি। আগামী শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের পরিমার্জন আরও বিস্তৃত করা হবে।

যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, বাংলাদেশের পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি ও অসংগতির দীর্ঘ ইতিহাস রয়েছে। স্বাধীনতার পর তাড়াহুড়ো করে পাঠ্যবইয়ে পরিবর্তন আনতে গিয়ে জিন্নাহ ও কায়েদে আজমের জায়গায় শেখ মুজিবুর রহমানের নাম বসিয়ে দেওয়া হয়েছিল। এতে ইতিহাসের নানা অসংগতি তৈরি হয়। পরবর্তী সময়েও পাঠ্যবইয়ে ভুল ও বিভ্রান্তিকর ইতিহাস স্থান পেয়েছে। তিনি বলেন, অতীতে পাঠ্যবইয়ে বখতিয়ার খিলজির বাংলা বিজয় এবং সেন শাসনামল সম্পর্কে ভুল ও একপেশে তথ্য তুলে ধরা হয়েছে। ইতিহাস রচনায় তথ্যের সত্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পাঠ্যবইয়ে শিশুদের বয়স ও উপযোগিতা বিবেচনা করে বিষয়বস্তু নির্বাচন করা জরুরি।

ইসলামি ব্যক্তিত্ব এবং সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ব্যবহারিক ও কারিগরি শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে। শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। দক্ষতা ও উন্নয়নমূলক শিক্ষা বাস্তবায়ন জরুরি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংলাপে বিশিষ্টজনরা শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (শেষ) শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

কাজ করছে একটি দক্ষ বিশেষ টিম আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

প্রশাসনের প্রভাবশালী ‘পুলিশ ম্যাডাম’ নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম