Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

কাজ করছে একটি দক্ষ বিশেষ টিম

আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

আলমগীর মিয়া

আলমগীর মিয়া

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

Advertisement

পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে স্পিকার ছিলেন আব্দুল হাকিম। তাকে অপসারণের পর ডেপুটি স্পিকার শাহেদ আলীর সভাপতিত্বে ১৯৫৮ সালের ২৩ সেপ্টেম্বর অধিবেশন বসে। এ নিয়ে পরিষদে তীব্র উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় কাগজপত্র, পেপারওয়েট, চেয়ার, আসবাব ও মাইক্রোফোনের স্ট্যান্ড ছোড়াছুড়ি হয়। একপর্যায়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছিল।

শুধু এ ঘটনাই নয়, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শতাধিক স্পর্শকাতর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এসব ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্যও পেয়েছে সংস্থা। বিশেষ করে যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৬৯ সালে ঢাবিতে ছাত্রসংঘের নেতা আব্দুল মালেক হত্যা, ১৯৭৪ সালে ঢাবির মুহসীন হলে ৭ জনকে হত্যা, সিরাজ সিকদার হত্যা, বুয়েটে আবরার হত্যা, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগিবৈঠা তাণ্ডবে জামায়াত-বিএনপির ৬ জনকে হত্যা ও পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যাসহ প্রায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। এছাড়া মেজর (অব.) আব্দুল জলিল ও মেজর নুরুজ্জামানের প্রসঙ্গও তদন্তের আওতায় আনা হয়েছে। এছাড়া স্বাধীন বাংলাদেশে প্রতিপক্ষকে দমনে রক্ষীবাহিনী গঠন থেকে শুরু করে দলটির সব ধরনের অপরাধ তদন্তের আওতায় আনার কাজ শুরু হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগের প্রণয়ন করা ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী দলটি নিষিদ্ধসহ সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

শেখ মুজিবুর রহমানের শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে দমন করতে রক্ষীবাহিনীকে ব্যবহার করা হয়েছিল। এই দমন-পীড়নে প্রায় ৩০ হাজার রাজনৈতিক কর্মী ও মানুষ নিহত হন। তোফায়েল আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এবং আওয়ামী লীগের যুব সংগঠনের শীর্ষ নেতা হওয়ায় তাকে রক্ষীবাহিনীর বিষয়ে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গবেষক মহিউদ্দিন আহমদ তার বিভিন্ন বই ও নিবন্ধে উল্লেখ করেছেন, রক্ষীবাহিনীর হাতে বহু মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২ নম্বর ধারা সংশোধন করে ‘অরগানাইজেশন’ বা ‘সংগঠন’ শব্দটি যুক্ত করে ২০১৩ সালে। এখন এই আইনেই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে এগোচ্ছে সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কাজে নিয়োজিত এক কর্মকর্তা শনিবার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ১৯৪৯ সালে, আর ছাত্রলীগ ১৯৪৮ সালে প্রতিষ্ঠা হয়েছিল। তদন্ত সংস্থার একটি টিম পুরোনো এই রাজনৈতিক দলের দীর্ঘদিনের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে। ডকুমেন্টস সংগ্রহ করতে অনেক দপ্তরে চিঠি দিতে হচ্ছে। ডকুমেন্টস পেতে সময়সাপেক্ষ ব্যাপার। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে তাদের দ্বারা যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে সবই তদন্তের আওতায় আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, সংগঠন হিসাবে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দলটির রাজনৈতিক ভবিষ্যৎ আদালত ও আইনের বিধান অনুসারে নির্ধারিত হবে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শনিবার যুগান্তরকে বলেন, অপরাধ সংঘটনে দল হিসাবে আওয়ামী লীগের বিচারে তদন্ত সংস্থা কাজ করছে। সময় হলেই প্রতিবেদন দাখিল করা হবে। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে দল নিষিদ্ধ ও তাদের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে।

দল হিসাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, এই তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ধরনের মামলা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। তাই একটু সময় লাগছে। প্রসিকিউটর আরও বলেন, সারা দেশে যে সহিংসতা চলছে, তারা সেটা দেখছেন। ট্রাইব্যুনালের একটি মামলায় আওয়ামী লীগের কয়েকজনের বিচারের ব্যাপারে একটি অভিযোগ গঠিত হয়েছিল। সেই অভিযোগে বলা ছিল, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন কিনা, সেটার বিচার হবে। রায়ে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ায় সেই অভিযোগে আসামিদের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল।

আব্দুল মালেক হত্যা : ১৯৬৯ সালে পাকিস্তান সরকারের প্রস্তাবিত নতুন শিক্ষানীতি নিয়ে ছাত্র রাজনীতিতে তীব্র মতবিরোধ তৈরি হয়। ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একটি মুক্ত আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সহসভাপতি (ভিপি) তোফায়েল আহমেদ। মুক্ত আলোচনায় প্রথমে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের (মতিয়া) সভাপতি সামসুদ্দোহা। তিনি ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার ওপর অভিমত রাখছিলেন। ইসলামী ছাত্রসংঘের একদল কর্মী এর বিরোধিতা করে ‘ধর্মনিরপেক্ষ শিক্ষা চাই না’ ইত্যাদি স্লোগান দেন। একপর্যায়ে ঢাকা শহর ইসলামী ছাত্রসংঘের সভাপতি আব্দুল মালেককে পিটিয়ে হত্যা করে আওয়ামী ও বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে আবেদন করেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। আবেদনটি তদন্ত সংস্থায় আসার পর একটি টিম তদন্ত কার্যক্রম শুরু করে। চলতি বছরের ৮ এপ্রিল সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করে জাতীয় সংসদ। অন্যদিকে ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ থেকে জানা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ার’র নামে অন্তত ১ হাজার ৯২৬ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হওয়ার এ হিসাব বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কাছেও রয়েছে। এছাড়া জাতিসংঘের প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও ২৫ হাজার ছাত্র-জনতাকে আহত করার নির্দেশদাতা হিসাবে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংলাপে বিশিষ্টজনরা শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (শেষ) শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

কাজ করছে একটি দক্ষ বিশেষ টিম আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

প্রশাসনের প্রভাবশালী ‘পুলিশ ম্যাডাম’ নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম