অপ্রতিম হত্যার বিচার শুরু
দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, ১৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে ভার্চুয়ালি অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। বিচারক মো. ইয়াসির আরাফাত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং ওই দিন আসামিদের সশরীরে আদালতে উপস্থিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১৪ ডিসেম্বর প্রথম সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামি হলো-মোজাফফর হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক অপর দুই আসামির বিচারিক কার্যক্রম কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে (সেশন কোর্ট) চলবে। রোববার সংশ্লিষ্ট বিচারক অনুপস্থিত থাকায় তাদের শুনানি অনুষ্ঠিত হয়নি। তারা হলো-সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) ও মো. সিয়াম (১৯)। ট্রাইব্যুনালের পিপি মো. বদিউল আলম সুজন জানান, অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক দুজন গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় রোববার তাদের সশরীরে এজলাসে হাজির করা সম্ভব হয়নি। ফলে ভার্চুয়াল মাধ্যমে তাদের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। মামলার বাদী ও অপ্রতিমের বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ার আদালতের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ’স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ-সদস্য তিন মাসের মধ্যে বিচারকাজ শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেভাবেই বিচারিক কার্যক্রম চলবে বলে প্রত্যাশা করি।’
পুলিশ জানায়, কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল অপ্রতিম। গত ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন দিয়ে ছবি তোলার উদ্দেশ্যে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় জিডি করেন। পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
গত ২০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ওই চারজনকে অভিযুক্ত করা হয়। শিশুআইন অনুযায়ী ফাহাদ ও কামরুলকে অপ্রাপ্ত বয়স্ক হিসাবে উল্লেখ করা হয়েছে।
আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকেই অপ্রতিমকে সানন্দা এলাকার নির্জন পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ফোন ছিনিয়ে নিতে গেলে অপ্রতিম বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি এবং কোদালের হাতল দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করে। সিয়াম এ হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল। পরে তুহিনের বাসার খাটের তোশকের নিচ থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করে পুলিশ।
