Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ককটেল বিস্ফোরণ মামলা

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ দুই শ্যালক রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ দুই শ্যালক রিমান্ডে

Advertisement

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় মনিরুলের শ্যালক মো. রেজাউল আলম শাহিন (৫৩) ও বুলবুল মিয়ার (৪৬) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা রোববার আসামিদের আদালতে হাজির করে প্রথমে কারাগারে রাখার আবেদন করেন। পরে তিনি প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

শুনানিতে ফারজানা ইয়াসমিন রাখী বলেন, শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। আসামিদের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে, সে ধরনের কোনো আলামত বা উপাদান তাদের কাছ থেকে পাওয়া যায়নি। রিমান্ড আবেদনেও তাদের কাছ থেকে কোনো আলামত উদ্ধারের কথা উল্লেখ নেই। তাদের কোনো রাজনৈতিক ডকুমেন্টও নেই। একজন নারী রাত ১টার দিকে বিমানবন্দর এলাকায় গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাবেন, এটা কীভাবে সম্ভব? এ মামলায় তাদের গ্রেফতার দেখানোরও যৌক্তিকতা নেই। তাই রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে বলেন, আসামিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন। আসামিরা অর্থের জোগানদাতা ও মদদদাতা হিসাবে কাজ করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড প্রয়োজন।

পুলিশের আবেদনে বলা হয়, ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কের আউটগেটের বাম পাশে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে আসা ৩০ থেকে ৩৫ জনের একটি দল এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, লোহার স্পি­ন্টার এবং স্কচটেপের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে বিমানবন্দর থানায় মামলা হয়। গত ২৮ নভেম্বর রাতে শায়লা ফারজানা ও রেজাউল আলম শাহিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে এবং বুলবুল মিয়াকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, শায়লা ফারজানা ও তার স্বামী পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করেছেন বলে তথ্য রয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা লোকজন একত্রিত করাসহ অর্থের জোগান দিতেন বলেও দাবি পুলিশের। বিমানবন্দরে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

পুলিশ জানায়, রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে মিরপুর মডেল ও আশুলিয়া থানায় দুটি হত্যা মামলাও রয়েছে।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংলাপে বিশিষ্টজনরা শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

শুধু শিক্ষাক্রম নয়, চাই মানসম্পন্ন শিক্ষক

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (শেষ) শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

শিল্পায়নের চাপে ম্যানগ্রোভ

কাজ করছে একটি দক্ষ বিশেষ টিম আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

আ.লীগের বিচারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা

প্রশাসনের প্রভাবশালী ‘পুলিশ ম্যাডাম’ নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

নির্বাচনে জিততে এমপি প্রার্থীরাও হাজির হতেন ফারজানার ডেরায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম