|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামের পূর্বপাশে প্রশস্ত খালের উপরের সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার পাশাপাশি মধ্যম ভারের যান চলাচল বন্ধের মুখে দাঁড়িয়েছে। এই সেতুতে প্রায় ৫০ গ্রামের মানুষ চলাচল করে। যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। এ সেতুটি নির্মিত হয় পাকিস্তান আমলে। দারিয়া গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আজিজুল হক জানান, ১৯৬৭-৬৮ অর্থবছরে ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মরহুম সলিমুদ্দিন সেতুটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকে সংস্কার ও মেরামত না করার কারণে সেতুটির বিভিন্ন স্থান থেকে সিমেন্ট ও বালি উঠে রড বের হয়েছে এবং একাধিক স্থানে ফাটল ধরেছে। এটি এমন এক রাস্তার উপর নির্মিত একমাত্র সেতু, যা ব্যবহার করে কয়েক গ্রামের মানুষ ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সেতুটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলেও এখনো মেলেনি কোনো সুরাহা। জনসাধারণের যোগাযোগ রক্ষা, স্বাভাবিক জীবনযাপন এবং আতঙ্ক নিরসনে অনতিবিলম্বে নতুন একটি সেতু নির্মাণ করতে হবে।
মো. রাশেদুল ইসলাম, শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
