|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তির অগ্রগতির যাত্রায় বিদ্যুৎ এক চমৎকার আবিষ্কার, যা বদলে দিয়েছে পুরো বিশ্বকে। ছোট থেকে বড় কাজ সবই বিদ্যুৎনির্ভর। কিন্তু সেই বিদ্যুৎ ব্যবস্থার নতুন সংস্করণ প্রিপেইড মিটার পরিণত হয়েছে সাধারণ মানুষের গলার কাঁটায়।
বর্তমানে প্রিপেইড মিটার নেওয়া প্রায় বাধ্যতামূলক। কিন্তু নতুন সংস্করণ জীবনকে সহজ না করে করেছে আরও জটিল। হঠাৎ মিটারে টাকা শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায় বাড়ির বিদ্যুৎ, করতে হয় রিচার্জ। এখানেই শেষ নয়। রিচার্জের পর বসাতে হয় টোকেন নম্বর। জনগণকে দিতে হয় মিটারের জন্য ভাড়া, সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট, বাসাবাড়ির জন্য ২ কিলোওয়াটে ৮৪ টাকা, অথচ বিদ্যুৎ উৎপাদনের পর বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য নির্ধারণের সময়ই সব ট্যাক্স যোগ করে দাম নির্ধারণ করা হয়। আবার টাকা শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ চলার বিনিময়ে নতুন রিচার্জে অর্থ কেটে নেওয়া হয়। কেউ মাসের শুরুতে ১০০০ টাকা রিচার্জ করলে তার প্রথমেই কাটা যায় প্রায় ১৭২ টাকা। সাধারণ মানুষের জীবনকে স্বস্তি দিতে প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ বাতিল করাসহ এই মিটার সরিয়ে পুরোনো পোস্টপেইড মিটার পুনর্বহল করা এখন জনগণের দাবি।
সাফিয়া ইসলাম দিশা, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
